২২ বছরে দৈনিক আলোর পরশ, প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলনমেলা
সংবাদদাতা: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনের ধারাবাহিকতায় ২১ বছর পেরিয়ে ২২তম বছরে পদার্পণ করেছে সাতক্ষীরার পাঠকপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক আলোর পরশ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
সাতক্ষীরা শহরের পাকাপুল মোড় এলাকায় পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দৈনিক আলোর পরশের নির্বাহী সম্পাদক অধ্যাপক ওবায়দুল্লাহর সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।
প্রধান বক্তা ছিলেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবদুল বারী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মেহেদী হাসান, দৈনিক হৃদয় বার্তার সম্পাদক মোশাররফ হোসেন, দৈনিক সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দৈনিক যুগের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আবদুল আলিম, দৈনিক সাতক্ষীরা খবরের সম্পাদক আবুবক্কার সিদ্দিক, দৈনিক আলোর পরশের বার্তা সম্পাদক মুহা. জিল্লুর রহমান এবং এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজীব।
এ ছাড়া উপস্থিত ছিলেন পত্রদূতের বার্তা সম্পাদক শহিদুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাতের স্টাফ রিপোর্টার আবু ইদ্রিস, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি কামরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আলোচনা সভায় প্রধান অতিথি আবু জাহিদ ডাবলু বলেন, সংবাদপত্র শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজের দর্পণ। মানুষের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরারও অন্যতম শক্তিশালী মাধ্যম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে দৈনিক আলোর পরশ দীর্ঘ ২১ বছর ধরে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।প্রধান বক্তা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম বলেন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থের প্রতি দায়বদ্ধতা এবং সমাজের অসংগতি তুলে ধরার মধ্য দিয়ে একটি সংবাদপত্র মানুষের হৃদয়ে জায়গা করে নেয়।
দৈনিক আলোর পরশ ভবিষ্যতেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে সাংবাদিকতার ইতিবাচক ধারা অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, পাঠকের প্রত্যাশা পূরণ এবং সংবাদমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট রাখতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। আলোচনা সভা শেষে অতিথি ও সংবাদকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় অতিথি ও শুভানুধ্যায়ীরা পত্রিকাটির দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন।









