৩দিনব্যাপী জেন্ডার ও নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ শুরু
সংবাদদাতা: টেকসই উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় তরুণদের ভূমিকা জোরদার করার লক্ষ্যে সাতক্ষীরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। রবিবার (১৭ মে) সকাল নয়টায় ‘সাতক্ষীরা ইয়ূথ হাব’-এ এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ‘যুব-নেতৃত্বাধীন লিঙ্গ-ন্যায়সঙ্গত (জেন্ডার-জাস্ট) নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক শাসন এবং শান্তিপূর্ণ সামাজিক অংশগ্রহণ’ শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সিডো’। এতে সহযোগিতা করছে ‘অ্যাকশনএইড বাংলাদেশ’।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের সমন্বয়কারী মো. তহিদুজ্জামান। এবারের প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন, সাতক্ষীরা পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়নের মোট ২৫ জন যুব সদস্য অংশ নিয়েছেন।
৩ দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অ্যাক্টিভিস্টা সদস্য সাকিব হোসেন, মোহায়মিন ও ফিরোজা খাতুন। তাঁদের সহায়তায় রয়েছেন কো-ফ্যাসিলিটেটর শাহনাজ পারভীন।












