অনলাইন জুয়ার বকেয়া টাকার জন্য মোটরসাইকেল ছিনতাই
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে অনলাইন জুয়ার বকেয়া টাকা পরিশোধ না করায় আব্দুল হাকিম নামে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কাছারী ব্রিজ এলাকা থেকে ছেলে নাহিদের নিকট হতে ঐ মটর সাইকেল ছিনতাই করা হয় বলে অভিযোগ তার। এঘটনায় রোববার দুপুরে আব্দুল হাকিম শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। প্রধান অভিযুক্ত মিলন শেখ একই এলাকার খোকন শেখের ছেলে।
আব্দুল হাকিমের ভাষ্য মিলনসহ তার এলাকায় অনলাইন জুয়া (ওয়ানএক্সবেট) এর কয়েকজন মাষ্টার এজেন্ট রয়েছে। মিলনের ফাঁদে পড়ে ছেলে নাহিদ অনলাইন জুয়ায় আসক্ত হওয়ার জেরে প্রায় ২৪ লাখ টাকা দেনা পরিশোধ করেছেন। তিনি অভিযোগ করেন সমুদয় পাওনা পরিশোধ করার পরও মাষ্টার এজেন্ট মিলন আরও ৬০ হাজার টাকার জন্য কয়েকদিন ধরে চাপ দিচ্ছিল। একপর্যায়ে শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কাছারি ব্রিজ এলাকায় পৌছালে ১২/১৪ জন সঙ্গীকে নিয়ে মিলন নাহিদেও নিকট থেকে তার ব্যবহৃত মোটর সাইকেল ছিনিয়ে নেয়। নানাভাবে টালবাহানার পরও রোববার দুপুর পর্যন্ত মোটর সাইকেল ফিরিয়ে না দেয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত মিলনের দাবি অনলাইন জুয়ার বকেয়া না, বরং ধান বিক্রির টাকা পাওনা তার। অনাদায়ী থাকা টাকা দিতে না পেরে রোববার নাহিদ নিজে তার বাবার মটর সাইকেল রেখে চলে যায়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।












