অনুরক্তি
সাবরিনা নিপু
পশ্চিমের আকাশে ছড়িয়ে পড়েছে কালো মেঘ
অনেকটা ওপরে অস্তগামী সূর্যালোকে
সেজে উঠেছে মেঘের আঁচল
ঠিক সে সময় টি টেবিলে রাখা ফোনটা
আর্তনাদ করে উঠলো…
অর্পিতা ফোনটা হাতে নিয়ে দেখলো ধ্রুবর ফোন। হ্যালো বলতেই
ধ্রুব বললো
তুমি একটা আস্ত গল্প
তোমাকে দেখলেই ছবি আঁকতে ইচ্ছে হয়। কবিতা লিখতে ইচ্ছে করে।
শুনে অর্পিতা মৃদু হাসলো
হাসছো কেন? ঘুম ভাঙতেই ফোনটা হাতে নিতেই তোমার প্রোফাইল পিকচারটা এলো সামনে। অসাধারণ দেখাচ্ছে তোমাকে।
কি যে বলো তার ঠিক নেই। আমার ছোটবেলা খুব সাধারণ। কিশোরী বেলাও অন্য আর দশটা মেয়ের মতোই সাধারণ। নিজেকে ঘণ্টার পর ঘন্টা আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মতো সুন্দরীও আমি নই। আমার প্রতিবিম্বের ভেতর কোনো আহামরি চটক নেই। খুব অনুজ্জ্বল একটা বাস্তবের মেয়ে আমি। কেনযে এই সাধারণ মানুষের মাঝে তুমি অসাধারণত্ব খুঁজে বেড়াও বুঝিনা।
– তুমি যে আসলে কি তা তুমি নিজেও জানোনা। তোমার এই সাধারণ রূপ নিয়েই আমি অন্তত একটি গল্প লিখবো যা আমি রেখে দেবো নিজের কাছে।
– তাই বুঝি?
– হুম! ঠিক তাই।
– আচ্ছা গল্পটা ঠিক কেমন হবে বলোতো? বাস্তব না অবাস্তব?
– তাতো ঠিক জানিনা। তবে দুটোই হতে পারে। আবার নাও হতে পারে।
– বাস্তবতা বেশ কঠিন। তারচেয়ে তুমি কাল্পনিক গল্প লিখো।
– কল্পনার চেয়ে বাস্তবের তুমি অনেক বেশি সুন্দর। মনে হয় প্রকৃতির নিষ্প্রভ লাবণ্য লুকিয়ে আছে তোমার মাঝে।
– আচ্ছা!
– জানি তুমি বিশ্বাস করবেনা তবু বলছি সাদা কালো শুধু এই দুটো রঙ হলেই তোমাকে আঁকা যায় অনায়াসে।
– শুধুই সাদা কালো? সেটা কিরকম?
– যদি প্রথমে কালো রংটাকেই ধরি তাহলে কি বলা যায় একে বলতে পারো?
– কালো মানেতো অন্ধকার!
– রাইট! আর এই কালো বা অন্ধকার বলতে আমরা বুঝি কিছু একটার না থাকা।
– অন্ধকার হলো আলোর অনুপস্থিতি, সিম্পল।
– এখন বলো দুঃখ কি?
– আনন্দের অনুপস্থিতি!
– আর সাদাকে কিভাবে বর্ণনা করবো বলতে পারবে?
– সাদা সাত রঙের মিশ্রণ। তবে একে ভিন্ন অর্থে যদি বলি সাদা এমন একটা রংহীনতা যা অপেক্ষা করছে রঙের আবির্ভাবের।
– বাহ! সুন্দর বলেছো। দেখো কালোর কিন্তু কোনো দায় নেই। কালোর কাছ থেকে কেউ কিছু প্রত্যাশা করেনা।
– তার মানে বলতে চাইছো সাদা কালো স্বপ্নগুলোর প্রত্যাশা কম আর রঙিন স্বপ্নের প্রত্যাশা বেশি?
– ইদানিং তুমিও কেমন ইন্টেলেকচুয়ালদের মতো উত্তর দিতে শিখে গেছো অর্পিতা!
– থাক ইন্টেলেকচুয়াল বলে গালাগাল করার কোনো প্রয়োজন নেই ধ্রুব। তোমার মতো প্রতিভার পাশে থেকে থেকে বুদ্ধি কিছুটা খুলেছে বলতে পারো।
– আচ্ছা! তাহলে ঝটপট এককথায় কিছু প্রশ্নের উত্তর দাওতো দেখি।
– আবার কি প্রশ্ন? ঠিক আছে ট্রাই করছি!
– শুরু করছি তাহলে, প্রিয় শহর?
– ঢাকা
– প্রিয় ফুল?
– দোলনচাঁপা
– প্রিয় বই ?
– শেষ বিকেলের মেয়ে
– প্রিয় রং?
– আকাশী
– প্রিয় জন ?
– ধ্রুব। এই না না না….
– ফাইনালি স্বীকার করলে তাহলে
– ইস! মোটেও না
– ওটা স্লিপ অফ টাং
– আচ্ছা তোমার স্লিপ অফ টাংকে আমি আমার বুক পকেটে বন্দী করে রেখে দিলাম। আর আমার উচ্ছ্বাস থেকে গেল তোমার ইনবক্সে। যেদিন দেখা হবে সেদিন বের করে আনবো স্মৃতি সমেত।
– স্মৃতি শুধু তোমার একার নয়, আমারও ভাগ আছে তাতে ধ্রুব।
– আমি কি অস্বীকার করেছি?
– আমি অস্বীকার করার কথা বলিনি শুধু বলেছি তোমার স্মৃতিতে আমারও ভাগ আছে।
– আলবাত আছে। এখন যাই । অফিসে যাবার সময় হলো। আজ তেমন ঠান্ডা নেই। ওয়েদার ভালো। তোমার সন্ধ্যা হয়ে গেছে নিশ্চই?
– হ্যাঁ অনেকক্ষন! আকাশে কালির পোঁচটা আরেকটু জমাট বেঁধেছে। শিরশির হাওয়া বইছে। কিছুক্ষণের ভেতর বৃষ্টি শুরু হবে। রাখছি বাই। ধ্রুবর কাছ থেকে বাই শোনার আগেই ফোনটা কেটে দিলো অর্পিতা। ধ্রুবর মুখ থেকে বাই শব্দটা শুনলে ইদানিং কেন যেন মন খারাপ লাগে। জানালার বাইরে তখন বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হয়ে গেছে।









