‘আইনজীবীদের কোনো জাত নেই, আমাদের পরিচয় আমরা আইনজীবী’
Oplus_131072
নিজস্ব প্রতিনিধি: পেশাগত সততা বজায় রাখা এবং দলীয় দাসত্বমুক্ত থেকে বিচারপ্রার্থীদের সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরার জ্যেষ্ঠ আইনজীবীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে নবীন আইনজীবীদের বরণ ও মতবিনিময় সভায় তাঁরা এ আহ্বান জানান। সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলমের উদ্যোগে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জ্যেষ্ঠ আইনজীবীরা নবীনদের উদ্দেশে বলেন, আইন পেশা যেমন সম্মানজনক, তেমনি চ্যালেঞ্জিং। নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রম ছাড়া এই পেশায় সফল হওয়া সম্ভব নয়। বিশেষ করে মক্কেলের প্রতি দায়বদ্ধতা ও পেশাগত নৈতিকতা বিসর্জন না দেওয়ার পরামর্শ দেন তাঁরা।
প্রধান উদ্যোক্তা অ্যাডভোকেট এম শাহ আলম তাঁর দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “কোনো পেশাজীবী সংগঠন যখন দলীয় দাসত্বে জড়িয়ে পড়ে, তখন তা স্বকীয়তা হারায়। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশার মান সমুন্নত রাখতে হবে। মনে রাখতে হবে, মরার যেমন কোনো জাত নেই, আইনজীবীদেরও তেমন কোনো জাত নেই। দিন শেষে আমরা সবাই এক ও অভিন্ন।” তিনি নবীনদের শর্টকাট পথ পরিহার করে ধৈর্যের সঙ্গে পেশাগত দক্ষতা অর্জনের পরামর্শ দেন।
নবাগত আইনজীবীদের পক্ষে অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন বলেন, “নতুন হিসেবে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। জ্যেষ্ঠদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের পথচলায় আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গনি, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, অ্যাডভোকেট সাহেদুজ্জামান সাহেদ, অ্যাডভোকেট সাইদ্দুজ্জামান জিকো, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
সভায় নবীন আইনজীবীদের ফুল ও কোর্ট পিন দিয়ে বরণ করে নেওয়া হয়। জ্যেষ্ঠ ও নবীনদের এই মিলনমেলায় আইনজীবী সমিতির কক্ষে এক প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।






