আন্তর্জাতিক সহনশীলতা দিবস: শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতি
সাকিবুর রহমান বাবলা
মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং ভিন্নমত, বিশ্বাস ও সংস্কৃতির প্রতি সম্মান গড়ে তোলাই আন্তর্জাতিক সহনশীলতা দিবসের মূল উদ্দেশ্য। ১৯৯৫ সালকে জাতিসংঘ আন্তর্জাতিক সহনশীলতা বর্ষ ঘোষণা করে। ওই বছরের ১৬ নভেম্বর ইউনেস্কোর সদস্যরাষ্ট্রগুলো ‘সহনশীলতার নীতিমালা-সংক্রান্ত ঘোষণা’ গ্রহণ করে। এর ধারাবাহিকতায় ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৫১/৯৫ নম্বর প্রস্তাব গ্রহণের মাধ্যমে প্রতিবছর ১৬ নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালনের আহ্বান জানায়।
ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী, সহনশীলতা মানে কাউকে প্রশ্রয় দেওয়া, নতিস্বীকার করা কিংবা উদাসীন থাকা নয়। বরং পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি, মানুষের মতপ্রকাশের ধরন ও জীবনযাপনের বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, স্বীকৃতি ও যথাযথ মূল্যায়নের ইতিবাচক মানসিকতাই সহনশীলতা। এর ভিত্তি হলো অন্যের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান। নিজের বিশ্বাস ও আদর্শে অটল থেকেও অন্যের মতামত ও অধিকারকে মর্যাদা দেওয়াই প্রকৃত সহনশীলতা।
ব্যক্তি ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রে সহনশীলতার গুরুত্ব অপরিসীম। ভিন্নমত ও সমালোচনা মনোযোগ দিয়ে শোনা, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক মতপার্থক্য মেনে নেওয়া এবং পারিবারিক বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা এর গুরুত্বপূর্ণ দিক। এসব চর্চা পারস্পরিক বোঝাপড়া, সামাজিক সম্প্রীতি, শিশুদের মানবিক বিকাশ ও নিরাপদ সমাজ গঠনে সহায়তা করে। একইভাবে কর্মক্ষেত্র, প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানে ধৈর্য, নিরপেক্ষতা, পেশাদারত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহনশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বর্তমান বিশ্বে যুদ্ধ, নিপীড়ন ও সংঘাতের কারণে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণামূলক বক্তব্য, গুজব, বিদ্বেষ ও সাইবার হয়রানি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ বাড়াচ্ছে। এসব প্রবণতা বাস্তব জীবনেও বৈষম্য ও সংঘাতের পরিবেশ তৈরি করছে। তাই বিশ্বশান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্য সহনশীলতার চর্চা অত্যন্ত জরুরি।
সহনশীলতা প্রসারে ইউনেস্কো আইন প্রয়োগ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তথ্যের অবাধ প্রবাহ, গণমাধ্যমের স্বাধীনতা এবং স্থানীয় পর্যায়ে সংলাপ ও অহিংস বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেয়। এ লক্ষ্যকে উৎসাহিত করতে ১৯৯৫ সালে ইউনেস্কো ‘মদনজিৎ সিং সহনশীলতা ও অহিংসা প্রসার পুরস্কার’ প্রবর্তন করে। ভারতীয় কূটনীতিক, শিল্পী ও লেখক মদনজিৎ সিংয়ের অনুদানে প্রতিষ্ঠিত এ পুরস্কার প্রতি দুই বছর অন্তর সহনশীলতা ও অহিংসা প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হয়।
বাংলাদেশের মতো বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক সমাজে সহনশীলতার চর্চা বিশেষ তাৎপর্যপূর্ণ। সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও সামাজিক শান্তি বজায় রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং ভিন্নতার প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে শিক্ষার ভূমিকা অপরিসীম।
বিশ্বের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক মূল্যায়নে নর্ডিক দেশগুলোতে ভিন্নমত, জীবনধারা ও সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান এবং সামাজিক অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্ব পেয়ে থাকে। কানাডা ও নিউজিল্যান্ডও বহুসাংস্কৃতিক সমাজ ও অভিবাসীদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে আলোচিত। এসব অভিজ্ঞতা থেকে বোঝা যায়, বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া এবং সবার সমান অধিকার নিশ্চিত করা শান্তিপূর্ণ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ শর্ত।
তবে সহনশীলতা মানে অন্যায়, বৈষম্য কিংবা অনিয়ম মেনে নেওয়া নয়। অন্যের কথা ধৈর্য ধরে শোনা, ভুল সংশোধনের সুযোগ দেওয়া এবং ছোটখাটো ভুল বোঝাবুঝি ক্ষমা করা ইতিবাচক আচরণ। কিন্তু অপমান, হয়রানি, প্রতারণা, দুর্নীতি কিংবা বেআইনি কর্মকাণ্ড নীরবে মেনে নেওয়া সহনশীলতা হতে পারে না। পারস্পরিক সম্মান বজায় রেখেই অন্যায়ের প্রতিবাদ, প্রয়োজনীয় সীমারেখা নির্ধারণ এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সহনশীলতা কেবল ব্যক্তিগত সদ্গুণ নয়; এটি মানবসভ্যতার শান্তিপূর্ণ সহাবস্থান, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। মতের অমিল থাকতেই পারে, কিন্তু সেই অমিল যেন বিদ্বেষ, বিভেদ কিংবা সংঘাতের কারণ না হয়। নিজের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অন্যের অধিকার ও মর্যাদা রক্ষার মানসিকতাই প্রকৃত সহনশীলতা। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সহনশীলতার চর্চা বাড়িয়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিকতাভিত্তিক বিশ্ব গড়ে তোলাই হোক আন্তর্জাতিক সহনশীলতা দিবসের অঙ্গীকার।








