শার্শায় চার কৃষককে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ
পত্রদূত ডেস্ক: যশোরের শার্শায় শহিদুল ইসলাম তোতা নামে এক সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে চার কৃষককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত ১৪ নভেম্বর সকালে উপজেলার কন্দর্পপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কন্দর্পপুর গ্রামের মকছেদ আলীর ছেলে গোলাম হোসেন বুদো (৪৫), মৃত আবদুল মজিদের ছেলে জামিরুল ইসলাম (৪৫) ও তার ছোট ভাই আমিরুল ইসলাম (৪০) এবং গাতিপাড়া গ্রামের বেতনা পাড়ার আবু সিদ্দিকীর ছেলে মহসিন (৩২)। আহতদের মধ্যে গোলাম হোসেন বুদোর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁরা সবাই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শহিদুল ইসলাম তোতার ভয়ে আহতরা হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারেননি। তাঁরা গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। পরে রোববার দুপুরে বিষয়টি জানতে পেরে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামিনুল হক গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিছুর রহমানের মাধ্যমে আহত গোলাম হোসেন বুদোকে তাঁর বাড়ি থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
স্থানীয়দের অভিযোগ, শহিদুল ইসলাম তোতা আগে পুলিশের চাকরি করতেন। গত জুলাই আন্দোলনের সময় খাগড়াছড়ি পুলিশ ক্যাম্প থেকে পালিয়ে আসেন তিনি। কন্দর্পপুর গ্রামের রেজাউল সরদার সোনার ছেলে তোতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি, মারধর, বাড়িঘর ভাঙচুর ও জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। চাঁদা না পেলে তিনি সাধারণ মানুষকে নির্যাতন করেন বলেও অভিযোগ স্থানীয়দের। এসব ঘটনায় শার্শা থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে জামিনে মুক্তি পেয়ে আবারও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে শার্শা থানায় একাধিক মামলা রয়েছে বলেও স্থানীয়রা জানান।
আহত গোলাম হোসেন বুদো অভিযোগ করেন, শহিদুল ইসলাম তোতা তাঁর কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৪ নভেম্বর সকালে মাঠ থেকে বাড়ি ফেরার পথে তাঁকে মারধর ও হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে রোববার দুপুরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্ত শহিদুল ইসলাম তোতার বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামিনুল হক জানান, খবর পেয়ে রোববার দুপুরে আহত গোলাম হোসেন বুদোকে বাড়ি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








