শার্শায় সবজির সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি
মো. সোহাগ হোসেন, বাগআঁচড়া (শার্শা): শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের শার্শায় কাঁচাবাজারে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। বেশির ভাগ সবজি এখন কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে ২০ থেকে ৩০ টাকা এবং শিম মানভেদে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে নতুন দেশি পাকা টমেটোর দাম এখনো তুলনামূলক বেশি। এদিকে মাছ, মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও গরুর মাংসের বাজারে স্বস্তি ফেরেনি।
শনিবার (১৪ নভেম্বর) শার্শা উপজেলার বাগআঁচড়া কাঁচাবাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় গত কয়েক সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কমেছে।
বর্তমানে পটোল, মিষ্টিকুমড়া, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা ৩০ থেকে ৪০ টাকা, উচ্ছে ৮০ টাকা, শসা ৫০ টাকা এবং জাতভেদে বেগুন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে ১৫ টাকা, মুলা ২০ টাকা, ওলকপি ৪০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা এবং কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। লম্বা লাউ বিক্রি হচ্ছে প্রতিটি ১৫ থেকে ২০ টাকায়।
তবে টমেটোর দাম এখনো চড়া। নতুন দেশি পাকা টমেটো ৮০ থেকে ১০০ টাকা এবং আমদানীকৃত টমেটো ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু, পেঁয়াজ, রসুন ও আদার দাম গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। বর্তমানে আলু ২০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ৮০ টাকা এবং আদা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাগআঁচড়া বাজারের সবজি বিক্রেতা কামরুজ্জামান সেন্টু বলেন, টমেটো ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। আগামী দিনগুলোতে সরবরাহ আরও বাড়লে দাম কমে আসবে বলে আশা করছেন তিনি।
এদিকে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম কেজিপ্রতি ৭৫০ টাকা।
মাছের বাজারে তেলাপিয়া ১২০ টাকা, সিলভার কার্প ১৩০ থেকে ১৫০ টাকা, রুই ১৪০ থেকে ২০০ টাকা, মৃগেল ১৪০ থেকে ১৮০ টাকা এবং পাঙাশ ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সব মিলিয়ে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে গরুর মাংসের দাম বেশি থাকায় তা কিনতে গিয়ে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।








