শনিবার, ৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়, ৬ দিনের শোক কর্মসূচি শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়, ৬ দিনের শোক কর্মসূচি শুরু

ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল থেকে দেশটিতে ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোক কর্মসূচি শুরু হয় বলে নিশ্চিত করেছে ইরানের সরকারি টেলিভিশন।

রাষ্ট্রীয় প্রক্রিয়া অনুযায়ী, ইরানের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ইরাকেও তাঁর শেষ বিদায়ের বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে নির্ধারিত স্থানে দাফন করা হবে।

এদিকে খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে নিয়ে আসার আগেই সেখানে ঢল নামে লাখো মানুষের। শোকাহত জনতার হাতে থাকা লাল পতাকা ‘প্রতিশোধের প্রতীক’ হিসেবে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় উপস্থিত জনতাকে ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ’ চেয়ে সমস্বরে স্লোগান দিতে দেখা যায়।

ফরাসি সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, আনুষ্ঠানিকতা শুরুর আগেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের বিশাল চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এই স্মরণসভাকে কেন্দ্র করে পুরো রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা।

যানবাহন চলাচল সীমিত থাকায় অনেকেই কয়েক কিলোমিটার হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, শেষ বিদায়ের এই কর্মসূচিতে অংশ নিতে তেহরানের মেট্রো স্টেশনগুলোর বাইরে ভোর থেকেই মানুষের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

Ads small one

আয়োজক কানাডাকে বিদায় করে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৪:৪৩ পূর্বাহ্ণ
আয়োজক কানাডাকে বিদায় করে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

হিউস্টনে মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অন্যতম আয়োজক কানাডা। তাতে টুর্নামেন্টের প্রথম আয়োজক দেশ হিসেবে বিদায় নিয়েছে তারা।

কানাডা এই আসরেই নিজেদের সেরা সাফল্য উপহার দিয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপে পয়েন্ট অর্জন, জয়, গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট নিশ্চিত করেছিল। সেই যাত্রা থামলো শেষ ষোলোতে। আর এই জয়ে সবার আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো।

প্রথমার্ধে কানাডা দারুণ লড়াই উপহার দিয়েছিল। বিপরীতে প্রত্যাশিত ছন্দে ছিল না মরক্কো। তবে বিরতির পরই ছন্দে ফেরে তারা। পাঁচ মিনিট পর আশরাফ হাকিমির ফ্রি-কিক থেকে আজ্জেদিন উনাহি গোল করে দলকে এগিয়ে নেন। ম্যাচের ৮২ মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করে মরক্কোর জয় প্রায় নিশ্চিত করেন উনাহি।

যোগ করা সময়ে সুফিয়ান রাহিমি গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপোর নিচ দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন।

অবশ্য স্কোর লাইন যতটা দাপুটে মনে হচ্ছে ম্যাচের শুরুটা ছিল তার উল্টো। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল কানাডা এবং শুরুর দিকে এগিয়ে যাওয়ার সুযোগও তৈরি করেছিল।

ম্যাচের প্রথম ১১ মিনিটে জনাথন ডেভিড ও তানি ওলুওয়াসেই একাধিকবার সুযোগ পেলেও মরক্কোর গোলরক্ষক বোনো দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। এই সময় মরক্কোও খেলায় মন ভরাতে পারেনি। শেষ পর্যন্ত যদিও অভিজ্ঞতাই পার্থক্য গড়ে দেয়।

সম্পাদকীয়/ প্রসঙ্গ: আশাশুনির ‘সাতপোয়া’ ও ‘পাঙ্গাসমারি’ খাল খনন প্রকল্প

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১:২২ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/ প্রসঙ্গ: আশাশুনির ‘সাতপোয়া’ ও ‘পাঙ্গাসমারি’ খাল খনন প্রকল্প

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে সরকারি অর্থ ব্যয়ে ‘সাতপোয়া’ ও ‘পাঙ্গাসমারি’ খাল খনন প্রকল্পে যে ধরনের অনিয়ম, জবরদখল ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে, তা জনমনে গভীর ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। জনস্বার্থে গৃহীত একটি সরকারি প্রকল্প কীভাবে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে উঠতে পারে, বড়দলের ঘটনা তারই এক নিকৃষ্ট উদাহরণ।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খালের খননকাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সেখানে আড়াআড়িভাবে নেট-পাটা (বাঁশের বেড়া ও জাল) দিয়ে মাছ চাষের পাঁয়তারা চলছে। এর ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে, যা খালের মূল উদ্দেশ্যকেই ব্যাহত করছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, সরকারি খাস জমি পুনরুদ্ধার না করে এবং খাস খালের ওপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খালের মাটি সরকারি জমিতে ফেলার নিয়ম থাকলেও, প্রভাবশালীদের সুবিধা দিতে সাধারণ মানুষের ভোগদখলীয় ও রেকর্ডীয় ফসলি জমি এবং বসতবাড়ির ওপর ইচ্ছেমতো মাটির স্তূপ করা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি নিয়ে চরম বিপাকে পড়েছেন।
যেকোনো সরকারি উন্নয়ন প্রকল্পের মূল শর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহি। অথচ বড়দলের এই প্রকল্পে খালের দৈর্ঘ্য, প্রস্থ বা গভীরতা কত—তার কোনো সুনির্দিষ্ট তথ্য স্থানীয় বাসিন্দা কিংবা খোদ জনপ্রতিনিধিদের জানানো হয়নি। প্রকল্পের বিবরণী বা সিডিউল দৃশ্যমান স্থানে ঝুলিয়ে দেওয়ার সরকারি নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তারা সম্পূর্ণ গোপনে, নিজেদের খেয়ালখুশিমতো দায়সারাভাবে কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছেন বলে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা জরুরি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরাও এই অনিয়ম ও জবরদখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
খাল খনন করার মূল উদ্দেশ্য হলো জলাবদ্ধতা দূর করা, কৃষি কাজের সুবিধা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। কিন্তু বড়দলের ক্ষেত্রে দেখা যাচ্ছে, উন্নয়ন প্রকল্পের নামে সরকারি বরাদ্দের টাকার অপচয় ও সাধারণ মানুষের জমি জবরদখলের এক ‘হরিলুট’ চলছে। আমরা মনে করি, এই অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে খালের নেট-পাটা উচ্ছেদ করে পানিপ্রবাহ স্বাভাবিক করতে হবে এবং সাধারণ মানুষের রেকর্ডীয় জমি থেকে অবৈধভাবে ফেলা মাটি অপসারণ করতে হবে। একই সঙ্গে এই প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতির সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের জরুরি ও আশু হস্তক্ষেপ কামনা করছি।

আষাঢ়ের সজল আবহে সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল স্মরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
আষাঢ়ের সজল আবহে সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল স্মরণ

পত্রদূত ডেস্ক: আষাঢ়ের সজল বিকেল। প্রকৃতির ক্যানভাসে তখন মেঘ-বৃষ্টির লুকোচুরি। এমন এক বর্ষণমুখর মায়াবী আবহে বাংলা সাহিত্যের দুই ধ্রুবতারাÑরবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সুর আর বাণীতে মুখরিত হয়ে উঠেছিল সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তন।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা পর্যন্ত অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে উদ্যাপিত হয় এই রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী। সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তি আর বর্ষার সজল হাওয়ার সঙ্গে বরেণ্য শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র ও নজরুলসংগীতের মূর্ছনায় মেতে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে অনুষ্ঠানে ‘ধূমকেতু’ প্রকাশনার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল শুধু বাংলা ভাষা ও সাহিত্যের নয়, তাঁরা বিশ্বসাহিত্যের অমূল্য সম্পদ। নিজেদের অসামান্য মেধা ও সৃষ্টিকে তাঁরা অকাতরে বিলিয়ে গেছেন মানুষের কল্যাণে। অথচ বর্তমান সময়ে অনেক বুদ্ধিজীবীকে এই দুই মহান স্রষ্টাকে সাম্প্রদায়িকতার সংকীর্ণ গ-িতে আটকে রাখার অপচেষ্টা করতে দেখা যায়, যা অত্যন্ত দুঃখজনক। শিল্পের কোনো বিভেদ নেই, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার মুক্তিতে এই দুই কবির সৃষ্টিই তার সবচেয়ে বড় প্রমাণ।
কবি সৌহার্দ্য সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহেদ মন্তাজ। অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের সাধারণ সম্পাদক সোহরাব সবুজের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে নজরুলের জীবন ও কর্মের ওপর মুখ্য আলোচকের বক্তব্য দেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অধ্যাপক আব্দুল হামিদ, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম এবং অগ্নিবীণা জেলা সংসদের সভাপতি প্রাণকৃষ্ণ সরকার। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ও সাহিত্যকর্ম নিয়ে সারগর্ভ আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কিশোরী মোহন সরকার, কবি শহীদুর রহমান এবং দেবহাটার ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন।
মননশীল আলোচনা পর্বের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। আষাঢ়ের মেঘমন্দ্রিত সন্ধ্যায় গুণী কণ্ঠশিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র ও নজরুলসংগীতের সুধায় সিক্ত হন উপস্থিত সাহিত্য ও সংগীতপ্রেমীরা। রাত দশটা পর্যন্ত চলা এই আয়োজন যেন বর্ষার স্নিগ্ধ প্রকৃতি আর সাহিত্যের এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছিল।