আশাশুনিতে আদালতের নির্দেশে দেড় বছর পর কবর থেকে ভ্রূণের মরদেহ উত্তোলন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আদালতের নির্দেশে প্রায় দেড় বছর পর কবর থেকে ছয় মাস বয়সী এক ভ্রূণের মরদেহ উত্তোলন করা হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় ও পিতৃত্ব নিশ্চিত করতে রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুল্যা গ্রামে এ মরদেহ উত্তোলন করা হয়। পরে পরীক্ষার জন্য মরদেহটি সাতক্ষীরায় পাঠানো হয়েছে।
আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন জানান, মামলার অভিযোগ অনুযায়ী, কুল্যা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী সাথী পারভীনের সঙ্গে তাঁর চাচাতো ভাসুরের ছেলে আরিফুল ইসলামের সম্পর্ক ছিল। এর জেরে সাথী পারভীন ছয় মাসের অন্তঃসত্ত্বা হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, বিয়ের দাবিতে আরিফুল ইসলামের বাড়িতে গেলে তিনি বিষয়টি অস্বীকার করেন। একপর্যায়ে সাথী পারভীনকে মারধর ও পেটে লাথি মারেন। এতে তাঁর গর্ভপাত ঘটে বলে অভিযোগ করা হয়েছে। তবে আরিফুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন।
এ ঘটনায় সাথী পারভীন সাতক্ষীরার আদালতে মামলা করেন। পরে সিআইডি মামলাটি তদন্ত করে। তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে রোববার বাদীর মুরগির ঘরের পাশে থাকা কবর থেকে ভ্রূণের মরদেহ উত্তোলন করা হয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য মরদেহটি সাতক্ষীরায় পাঠানো হয়েছে।
মরদেহ উত্তোলনের সময় আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, মেডিকেল অফিসার ডা. প্রসূন কুমার ম-ল ও সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












