শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

আশাশুনিতে ১ হাজার ৭১৭টি পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
আশাশুনিতে ১ হাজার ৭১৭টি পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার আশাশুনিতে বিনামূল্যে ১ হাজার ৭১৭টি পশু-পাখিকে টিকা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের গোয়ালকাঠি ও মাদারবাড়িয়া গ্রামে ফ্রেন্ডশিপের ট্রানজিশনাল ফান্ড প্রজেক্টের (এএসডি) উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

টিকা দেওয়া প্রাণিসম্পদের মধ্যে রয়েছে ২৭০টি ছাগল, ৪৭টি ভেড়া, ১০০টি গরু, ৫৫০টি হাঁস ও ৭৫০টি মুরগি।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আব্দুস সালাম। উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপের প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান, প্রকল্প প্রতিনিধি আসাদুল হাসান ও মো. হেদায়েতুল্লাহ খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও খামারিরা।

ডা. আব্দুস সালাম বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান জরুরি। সময়মতো টিকা দিলে রোগ ও মৃত্যুঝুঁকি কমার পাশাপাশি খামারিদের আর্থিক ক্ষতি থেকেও সুরক্ষা পাওয়া সম্ভব।

ফ্রেন্ডশিপের প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান জানান, উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠীর প্রাণিসম্পদ সুরক্ষা, জীবিকার সক্ষমতা বৃদ্ধি ও সম্ভাব্য আর্থিক ক্ষতি কমাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Ads small one

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

আরিফ মাহমুদ: কলারোয়ায় আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুর নেতৃত্বাধীন ওজি বয়েজ।

শুক্রবার বিকেলে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে কলারোয়া বলফিল্ড ফুটবল বয়েজ (কেবিএফবি) আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে ওজি বয়েজের মুখোমুখি হয় সাতক্ষীরার মুকুন্দপুর ইমারজিং ক্লাব। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। এতে ওজি বয়েজ ৩-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলা উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আব্দুর রহিম বাবু, শেখ আলতাফ হোসেন, রমজান আহম্মেদ, রেজাউল করিম লালু, প্রভাষক আরিফ মাহমুদ, সাইফুল ইসলাম বাবু, শেখ সালাউদ্দিন চঞ্চল, মাসউদুল ইসলাম মাসুদ, সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান, রেফারি ফারুক হোসেন স্বপন, মাসুদ পারভেজ মিলন ও মাস্টার হাবিবুল্লাহ।

ফাইনালের সেরা খেলোয়াড় ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক আকিব। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার্সআপ দলের ইমরান।

ম্যাচ পরিচালনা করেন সায়েদুল করিম তপু। সহকারী রেফারি ছিলেন কামরুজ্জামান বাবু ও আনোয়ার হোসেন। ধারাভাষ্য দেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করে মিঞা ফাউন্ডেশন ও মিলন খেলাঘর।

শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় টাউন স্পোর্টিং ক্লাবে দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় টাউন স্পোর্টিং ক্লাবে দোয়া

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার ঐতিহ্যবাহী টাউন স্পোর্টিং ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের কাছারীপাড়ায় ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও ক্লাবের সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুজ্জামান খোকন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, অ্যাডভোকেট মোস্তফা আসাদুজ্জামান দিলু, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বিলাল, তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন নুরু, কাজী জাফর আনোয়ার দুলাল ও শেখ আব্দুল ওয়াসেক।

এছাড়া জেলার বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাজেক্রীসের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, আ ম আক্তারুজ্জামান মুকুল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কালরুজ্জামান রাসেল, মো. ইদ্রিস আলী বাবু, করুণাময় ঘোষ, জিয়াউল হক, শেখ হেলাল হোসেন, আকরাম হোসেন খান বাপ্পী, ফিরোজ হোসেন, কমল বিশ্বাস, ফিরোজ রহমান, সাবেক পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, বিসিবি কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, লুৎফর রহমান সৈকত, রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান তুহিন, শেখ হেদায়েতুল ইসলাম, আহম্মাদ আলী, ওয়াইজ হোসেন দিপু, মাসুদ রানা, শাখাওয়াত হোসেন পিটুল, ইকবাল কবীর খান বাপ্পী ও শেখ শরিফুজ্জামান বিপুলসহ অনেকে।

অনুষ্ঠানে শেখ আজহার হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার প্রতিষ্ঠায় মেলা উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার প্রতিষ্ঠায় মেলা উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি: প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার, মর্যাদা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আশাশুনিতে তিন দিনব্যাপী মেলা ও কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের উপস্থিত থাকার কথা থাকলেও তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। স্বাগত বক্তব্য দেন ডা. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, শিক্ষক মাজহারুল ইসলাম, মুহিত কুমার দাশ ও আশরাফ ফাউন্ডেশনের পরিচালক এম. রাসেল আশরাফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজানুর রহমান ও আফতাবুজ্জামান।

বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশু ও যুবদের করুণা নয়, প্রয়োজন সমান অধিকার, মর্যাদা ও অংশগ্রহণের সুযোগ। তাদের শিক্ষা, কর্মসংস্থান ও সক্ষমতা বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলা করে বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়। তাঁদের অধিকার প্রতিষ্ঠা ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিন দিনব্যাপী এ মেলায় প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার, সক্ষমতা বিকাশ এবং সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়েছে।