আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্সের দোকানভাড়া আদায় ক্যাম্প
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা বাজারে অস্থায়ী চান্দিনা লাইসেন্সপ্রাপ্ত দোকানের ভাড়া আদায়ে ক্যাম্প পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বাজারের খেয়াঘাট চত্বরে বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসের ব্যবস্থাপনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য দেন এবং ভাড়া আদায় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।
এ সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান, নাজির-কাম-ক্যাশিয়ার তপন কুমার সরদার, ভিপি সহকারী মহিদুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সিদ্দীক উল্লাহ, বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় বাজার কমিটি ও ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজারে পাবলিক টয়লেট নির্মাণ, টিউবওয়েল স্থাপন ও সুপেয় পানির ব্যবস্থা করার দাবি জানানো হয়। এ ছাড়া চাউলপট্টি থেকে পানবাজার হয়ে মৎস্য সেটগামী সড়কের পাশে অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের কারণে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তাঁরা ড্রেনের পাশে নির্মিত অতিরিক্ত উঁচু দেয়াল কেটে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান।
প্রধান অতিথি নিয়মিত ভাড়া পরিশোধের মাধ্যমে বৈধভাবে ব্যবসা পরিচালনা এবং সরকারি নিয়মকানুন মেনে জনস্বার্থ রক্ষার আহ্বান জানান। পাশাপাশি বাজারের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন বলে তিনি আশ্বস্ত করেন।









