শিশুদের যৌন শোষণ, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ
সাকিবুর রহমান বাবলা
১৮ নভেম্বর পালিত হয় ‘শিশুদের যৌন শোষণ, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং নিরাময়ের জন্য বিশ্ব দিবস’। শিশুদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যৌন শোষণ, নির্যাতন ও সহিংসতার শিকার শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং পুনর্বাসন বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানো এ দিবসের মূল লক্ষ্য। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০২২ সালের ৭ নভেম্বর ৭৭/৮ নম্বর প্রস্তাব গ্রহণের মাধ্যমে ১৮ নভেম্বরকে দিবস হিসেবে ঘোষণা করে। শিশুদের বিরুদ্ধে সব ধরনের যৌন শোষণ ও সহিংসতা প্রতিরোধ, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের ওপর এতে গুরুত্ব দেওয়া হয়েছে।
শিশুদের যৌন শোষণ ও নির্যাতন শুধু মানবাধিকারের গুরুতর লঙ্ঘন নয়, এটি একটি বৈশ্বিক জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যাও। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে ২০ বছরের কম বয়সী আনুমানিক ১২ কোটি মেয়ে বিভিন্ন ধরনের জোরপূর্বক যৌন সংস্পর্শের শিকার হয়েছে। ছেলেশিশুদের ক্ষেত্রে বৈশ্বিক পরিসংখ্যান না থাকলেও ২৪টি দেশের উপাত্তে ১৮ বছরের কম বয়সীদের মধ্যে এ ধরনের সহিংসতার হার মেয়েদের ক্ষেত্রে ৮ থেকে ৩১ শতাংশ এবং ছেলেদের ক্ষেত্রে ৩ থেকে ১৭ শতাংশ। এ ছাড়া পাঁচ বছরের কম বয়সী প্রতি চারটি শিশুর একটি এমন মায়ের সঙ্গে বসবাস করে, যিনি জীবনসঙ্গীর সহিংসতার শিকার। এসব পরিসংখ্যান শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিশ্বব্যাপী উদ্বেগের চিত্র তুলে ধরে।
পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক পরিবেশ কিংবা অনলাইন—কোনো ক্ষেত্রেই শিশুরা সব সময় নিরাপদ নয়। মেয়েশিশুরা যৌন শোষণ ও সহিংসতার বেশি ঝুঁকিতে থাকলেও ছেলেশিশুরাও এ ধরনের অপরাধের শিকার হচ্ছে। সশস্ত্র সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, বৈষম্য ও মানবিক সংকট শিশুদের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। পাশাপাশি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, অনলাইন প্রলোভন, ব্ল্যাকমেইলিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ক্ষতিকর উপাদান শিশুদের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। শিশুদের ডিজিটাল ডিভাইস ব্যবহারে অভিভাবকদের পর্যাপ্ত নজরদারি ও সচেতনতার অভাবও ঝুঁকি বাড়াতে পারে।
শৈশবে যৌন শোষণ ও নির্যাতনের অভিজ্ঞতা শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং স্বাভাবিক বিকাশে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। লজ্জা, ভয়, সামাজিক কলঙ্ক ও পারিবারিক চাপের কারণে অনেক শিশু নির্যাতনের কথা প্রকাশ করতে পারে না। ফলে তারা ন্যায়বিচার, চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসনের সুযোগ থেকেও বঞ্চিত হয়। তাই নির্যাতনের শিকার শিশুকে কোনোভাবেই দোষারোপ করা যাবে না। বরং তার প্রতি সহমর্মিতা, আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিশুর কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিবেশ তৈরি করা জরুরি।
শিশুদের সুরক্ষায় প্রতিরোধমূলক শিক্ষার বিকল্প নেই। পরিবার থেকেই বয়সোপযোগী ভাষায় ব্যক্তিগত নিরাপত্তা, ভালো ও খারাপ স্পর্শ, ব্যক্তিগত গোপনীয়তা এবং অনাকাঙ্ক্ষিত আচরণ সম্পর্কে শিশুদের ধারণা দিতে হবে। একই সঙ্গে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে শিশুরা ভয় বা সংকোচ ছাড়াই অভিভাবকের কাছে যেকোনো অস্বস্তিকর অভিজ্ঞতার কথা বলতে পারে। অনলাইন নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য ও ছবি সুরক্ষার বিষয়েও সচেতনতা বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ, কার্যকর অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা এবং শিক্ষক-কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
বাংলাদেশেও শিশুদের সুরক্ষায় একাধিক আইন রয়েছে। শিশু আইন, ২০১৩ অনুযায়ী ১৮ বছর পর্যন্ত সবাইকে শিশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মেয়েদের ১৮ এবং ছেলেদের ২১ বছরের আগে বিয়ে সাধারণভাবে নিষিদ্ধ। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ যৌন অপরাধ, ধর্ষণ ও অন্যান্য সহিংসতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করে। মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এ শিশু পাচার ও শোষণ প্রতিরোধের পাশাপাশি ভুক্তভোগীদের চিকিৎসা, আশ্রয়, সুরক্ষা ও পুনর্বাসনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫ ধারায় ডিজিটাল মাধ্যমে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত উপাদান, সেক্সটর্শন, ব্ল্যাকমেইলিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ক্ষতিকর উপাদান প্রচারের বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর অভিযোগ কমিটি এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও জরুরি।
তবে শুধু আইন প্রণয়ন করলেই শিশুদের নিরাপত্তা নিশ্চিত হবে না; আইনের যথাযথ প্রয়োগও প্রয়োজন। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, ভুক্তভোগীর গোপনীয়তা রক্ষায় দুর্বলতা, সামাজিক কুসংস্কার এবং পর্যাপ্ত মনোসামাজিক সহায়তার অভাব দূর করতে হবে। নির্যাতনের শিকার শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা, বিশেষজ্ঞের কাউন্সেলিং, আইনি সহায়তা ও নিরাপদ পুনর্বাসন দিতে হবে। এ ক্ষেত্রে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হেল্পলাইন ১০৯, শিশু হেল্পলাইন ১০৯৮, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও সরকারি তথ্যসেবা ৩৩৩-এর সহায়তা নেওয়া যেতে পারে।
টেকসই উন্নয়নের জন্য জাতিসংঘের ২০৩০ এজেন্ডায় শিশুদের মর্যাদা এবং সহিংসতামুক্ত জীবনযাপনের অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিশু শোষণ, নির্যাতন, পাচার, বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ ও নারীর যৌনাঙ্গ বিকৃতকরণের মতো ক্ষতিকর প্রথা নির্মূলের অঙ্গীকারও এতে অন্তর্ভুক্ত। তাই শিশুদের সুরক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক সংগঠন ও রাষ্ট্রকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে, একটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা শুধু তার পরিবারের দায়িত্ব নয়; এটি রাষ্ট্র ও সমাজেরও নৈতিক ও আইনগত দায়িত্ব। প্রতিরোধ, সুরক্ষা, ন্যায়বিচার ও মানবিক পুনর্বাসন নিশ্চিত করা গেলেই শিশুদের জন্য গড়ে তোলা সম্ভব নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ।






