মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

উপকূলের কৃষিতে সেচ বিদ্যুতের শিল্প হার: সমন্বিত চাষ বাঁচানোর তাগিদ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
উপকূলের কৃষিতে সেচ বিদ্যুতের শিল্প হার: সমন্বিত চাষ বাঁচানোর তাগিদ

সম্পাদকীয়

জলবায়ু পরিবর্তনের অভিঘাত সামলে উঠতে উপকূলীয় জেলা সাতক্ষীরার কৃষকেরা যখন সমন্বিত চাষাবাদের পথ বেছে নিয়েছেন, ঠিক তখনই বিদ্যুৎ কর্তৃপক্ষের নতুন শ্রেণিবিভাগ তাঁদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও তীব্র লবণাক্ততার কারণে একসময় যেখানে বছরে একটিমাত্র ধান উৎপাদন করাই দুঃসাধ্য হয়ে উঠেছিল, সেখানে ধানের সাথে মাছ ও সবজির সমন্বিত চাষাবাদ হয়ে ওঠে টিকিয়ে থাকার প্রধান সম্বল। তবে দুঃখজনক হলেও সত্য, জলবায়ু অভিযোজনের এই সফল প্রয়াস এখন বিদ্যুৎ সংযোগের অস্পষ্ট নীতিমালা ও ভূতুড়ে চার্জের কারণে বড় ধরনের সংকটে পড়েছে।

মৌসুমি ধান ও সবজি চাষের জন্য সরকার কৃষি সেচে বিশেষ বিদ্যুতায়ন ও ২০ শতাংশ ভর্তুকি সুবিধা প্রদান করে আসছে। কিন্তু একই জমিতে ধান, মাছ ও সবজি চাষের কারণে পল্লী বিদ্যুৎ সমিতি মাঠপর্যায়ে বহু সংযোগকে ‘ক্ষুদ্র শিল্প’ শ্রেণিতে রূপান্তরিত করছে। ফলে যেখানে প্রতি ইউনিট কৃষি সেচের হার ছিল ৪ টাকা ৮০ পয়সা, তা লাফিয়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৯ পয়সায়। এক মাসের ব্যবধানে কৃষকদের বিদ্যুৎ বিল চার গুণ পর্যন্ত বেড়ে গেছে। এ ছাড়া রাতের বেলা মাছের অক্সিজেন সরবরাহ বজায় রাখার এয়ারেশন মেশিনকেও শিল্পের অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা কার্যত একটি কৃষিভিত্তিক প্রযুক্তি ছাড়া আর কিছুই নয়। নোটিশ ছাড়া হঠাৎ ভর্তুকি বন্ধ ও শিল্প খাতের দাম চাপিয়ে দেওয়া উপকূলীয় কৃষকদের ওপর চরম অন্যায়।

সরকারি তথ্যমতেই, সাতক্ষীরায় গত পাঁচ বছরে সমন্বিত চাষের হার ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। সরকারি মৎস্য ও কৃষি দপ্তর যেখানে প্রশিক্ষণ ও বীজ দিয়ে এই সমন্বিত চাষকে উৎসাহ দিচ্ছে, সেখানে বিদ্যুৎ দপ্তরের এমন বৈরী সিদ্ধান্ত জলবায়ু মোকাবিলায় সরকারের নীতিগত উদ্যোগের সঙ্গেই সাংঘর্ষিক। সেচ নীতিমালায় সমন্বিত চাষের জন্য স্পষ্ট দিকনির্দেশনা না থাকাকে সুযোগ হিসেবে নিয়ে কৃষকদের ওপর এই অতিরিক্ত বোঝার ভার চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

উপকূলীয় গ্রামীণ অর্থনীতিকে টিকিয়ে রাখতে সমন্বিত চাষকে কোনো অবস্থাতেই ‘শিল্প’ বিবেচনা করা চলবে না। সরকার ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এই অস্পষ্টতার অবসান ঘটানো। কৃষকদের সংযোগ পুনর্মূল্যায়ন করে সেচ ভর্তুকি পুনর্বহাল করা এবং সমন্বিত চাষকে স্পষ্টভাজবে কৃষি সেচ হারের আওতায় আনা জরুরি। জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুদ্ধ করা উপকূলীয় কৃষকদের যদি সুরক্ষিত করা না যায়, তবে তা সামগ্রিক জাতীয় খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনৈতিক কাঠামোর জন্যই বড় হুমকি হয়ে দাঁড়াবে।

Ads small one

সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ, কারাগার থেকে বিএমইউতে ভর্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ, কারাগার থেকে বিএমইউতে ভর্তি

সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ হয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় ফারজানা রুপাকে বিএমইউতে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাদের জুলাই আন্দোলন সংক্রান্ত বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে একাধিকবার রিমান্ডে পাঠানো হয়।

সবশেষ ফারজানা রুপা ও আরেক সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

 

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ণ
অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস। তিনি জানান, গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। পরে চিকিৎসকদের পরামর্শে শারীরিক পরীক্ষার ও সুচিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের ধারণা তিনি ফুসফুসের ইনফেকশনে আক্রান্ত হয়েছেন। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

এদিকে তার অসুস্থতায় আশু রোগ মুক্তি কামনায় আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলার সব উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দোয়া প্রার্থনার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। স্ব স্ব এলাকার বিএনপির নেতারা এ কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।

আশাশুনিতে ৭৫৫ জন নিম্ন আয়ের মানুষকে স্বল্পমূল্যে নিত্যপণ্য প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
আশাশুনিতে ৭৫৫ জন নিম্ন আয়ের মানুষকে স্বল্পমূল্যে নিত্যপণ্য প্রদান

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলার কাদাকাটিতে ৭৫৫ জন নি¤œআয়ের মানুষের মাঝে সরকার অনুমোদিত স্বল্পমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় দরগাপুর ইউনিয়নের খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পণ্য বিতরণ করা হয়। ‘প্রাণের আলো ফাউন্ডেশন’ ও ‘ডেইলী সেবা বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডিলার রিলেশন অফিসার রাসালে আহমেদ, দরগাপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক মোহাম্মাদ হাফিজুল ইসলাম, খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিতরণকৃত প্যাকেজে সয়াবিন তেল, ডাল, আটা, লবণ, সরিষার তেল, ডিটারজেন্ট, সাবান ও ডিশ ওয়াশ অন্তর্ভুক্ত ছিল। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৬৩০ টাকা। পর্যায়ক্রমে জেলার সব ইউনিয়নে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।