মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বিশ্ব নারিকেল দিবস: পুষ্টি, পরিবেশ ও অর্থনীতির এক অনন্য জীবনবৃক্ষ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
বিশ্ব নারিকেল দিবস: পুষ্টি, পরিবেশ ও অর্থনীতির এক অনন্য জীবনবৃক্ষ

সাকিবুর রহমান বাবলা

প্রতি বছর ২ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব নারিকেল দিবস। নারিকেল উৎপাদনকারী দেশগুলোর অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্যে এই ফলের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরার লক্ষ্যেই দিবসটির সূচনা। ২০০৯ সালে এশিয়ান অ্যান্ড প্যাসিফিক কোকোনাট কমিউনিটি প্রথম এই দিবস পালন শুরু করে। ১৯৬৯ সালের ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় সংস্থাটির প্রতিষ্ঠার স্মরণে এই তারিখটি নির্ধারণ করা হয়।

নারিকেল শুধু একটি ফল নয়; এটি বহু দেশের কৃষি অর্থনীতি, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত একটি প্রাকৃতিক সম্পদ। বিশ্বের বিভিন্ন দেশে নারিকেল গাছকে ‘জীবনবৃক্ষ’ বলা হয়। এই গাছের প্রায় প্রতিটি অংশ কোনো না কোনোভাবে মানুষের কাজে লাগে। ফল, পানি, শাঁস, তেল, ছোবড়া, খোলস, পাতা এবং কা-কাঠÑসবকিছুরই রয়েছে অর্থনৈতিক ও ব্যবহারিক মূল্য।

বিশ্বের মোট নারিকেল উৎপাদনের বড় অংশ আসে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভারত থেকে। ইন্দোনেশিয়া বর্তমানে বিশ্বের সর্বোচ্চ নারিকেল উৎপাদনকারী দেশ। ফিলিপাইন ও ভারতও এই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশও বিশ্বের উল্লেখযোগ্য নারিকেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে রয়েছে। দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বিশেষ করে বরিশাল, ভোলা, নোয়াখালী, পিরোজপুর, বাগেরহাট এবং লক্ষ্মীপুর জেলায় ব্যাপকভাবে নারিকেল চাষ হয়। লক্ষ্মীপুরের ডাব ইতোমধ্যে দেশের অন্যতম জনপ্রিয় কৃষিপণ্যে পরিণত হয়েছে।

নারিকেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বহুমুখী ব্যবহার। খাদ্য ও পানীয় শিল্পে এর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাবের পানি একটি প্রাকৃতিক ইলেকট্রোলাইটসমৃদ্ধ পানীয়, যা শরীরের পানিশূন্যতা দূর করতে সহায়তা করে। নারিকেলের শাঁস, দুধ ও তেল বিশ্বের বিভিন্ন দেশের রান্নায় অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বেকারি, মিষ্টান্ন, চকলেট এবং প্রক্রিয়াজাত খাদ্য শিল্পেও শুকনো নারিকেলের ব্যাপক ব্যবহার রয়েছে। বর্তমানে নারিকেল চিনি ও এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতেও নারিকেল একটি গুরুত্বপূর্ণ খাদ্য। এতে রয়েছে মিডিয়াম-চেইন ট্রাইগ্লিসারাইডস, বিশেষ করে লরিক অ্যাসিড, যা শরীরে দ্রুত শক্তি উৎপাদনে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, লরিক অ্যাসিড থেকে উৎপন্ন মনোলরিন কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে। ডাবের পানিতে থাকা পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়াম শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষা করে। এছাড়া নারিকেলের খাদ্যআঁশ হজমশক্তি উন্নত করতে এবং অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে। এতে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষা দিতেও ভূমিকা রাখে।

তবে নারিকেলের গুরুত্ব শুধু খাদ্য ও স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রসাধনী শিল্পেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। ত্বক ও চুলের যতেœ নারিকেল তেল দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক কসমেটিকস শিল্পে সাবান, শ্যাম্পু, লোশন, লিপবাম এবং বিভিন্ন সৌন্দর্যপণ্যের অন্যতম কাঁচামাল হলো নারিকেলজাত উপাদান।

শিল্প ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনেও নারিকেল একটি মূল্যবান সম্পদ। নারিকেলের ছোবড়া থেকে তৈরি হয় কয়ার বা আঁশ, যা দিয়ে দড়ি, মাদুর, কার্পেট, তোশক এবং ককোপিট তৈরি করা হয়। ককোপিট বর্তমানে আধুনিক কৃষি ও নার্সারিতে বহুল ব্যবহৃত একটি পরিবেশবান্ধব মাধ্যম। অন্যদিকে নারিকেলের শক্ত খোলস থেকে তৈরি হয় বিভিন্ন বোতাম, হস্তশিল্প, গৃহসজ্জার সামগ্রী এবং উচ্চমানের অ্যাক্টিভেটেড চারকোল, যা পানি পরিশোধন ও বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। নারিকেল গাছের কাঠও টেকসই আসবাবপত্র ও নির্মাণকাজে ব্যবহৃত হয়।

জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় নারিকেল গাছের পরিবেশগত গুরুত্ব আরও বেড়েছে। উপকূলীয় এলাকায় এই গাছ প্রাকৃতিক বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণে সাহায্য করে, মাটির ক্ষয় রোধ করে এবং ঝড়-জলোচ্ছ্বাসের প্রভাব কমাতে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। ফলে উপকূলীয় পরিবেশ সুরক্ষায় নারিকেল গাছ একটি কার্যকর ভূমিকা পালন করে।

বিশ্বব্যাপী নারিকেল শিল্প লাখো মানুষের কর্মসংস্থানের উৎস। ক্ষুদ্র কৃষক, উদ্যোক্তা, প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এবং রপ্তানিকারকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আয়ের খাত। বিশেষ করে নারীদের অংশগ্রহণে গড়ে ওঠা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ নারিকেলভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। ফলে নারিকেল চাষ ও প্রক্রিয়াজাতকরণ গ্রামীণ অর্থনীতি উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশের জন্যও নারিকেল একটি সম্ভাবনাময় কৃষিপণ্য। তবে ক্রমবর্ধমান চাহিদার তুলনায় উৎপাদন এখনও পর্যাপ্ত নয়। উচ্চফলনশীল ও রোগসহনশীল জাতের সম্প্রসারণ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, প্রক্রিয়াজাত শিল্পের উন্নয়ন এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করা গেলে এই খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারে।

বিশ্ব নারিকেল দিবস কেবল একটি ফলকে ঘিরে উদযাপনের দিন নয়; এটি খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, গ্রামীণ উন্নয়ন এবং টেকসই অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রকৃতির এই অনন্য উপহারকে সঠিকভাবে কাজে লাগানো এবং এর সম্ভাবনাকে আরও বিকশিত করা গেলে নারিকেল ভবিষ্যতের সবুজ অর্থনীতি গঠনের অন্যতম শক্তিশালী সম্পদ হয়ে উঠতে পারে। তাই, আসুন নারিকেল গাছ রোপণ করি।

 

Ads small one

‘তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
‘তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব পালিত

তালা প্রতিনিধি: অনলাইন সংবাদপত্র ‘তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও ‘তালার খবর’-এর সম্পাদক সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ারদার ফারুক হোসেন, সহসভাপতি গাজী জাহিদুর রহমান ও আসাদুজ্জামান রাজু, অর্থ সম্পাদক মোতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবুসহ অন্য সদস্যরা। আলোচনা সভায় বক্তারা বলেন, পত্রিকাটি শুরু থেকেই এলাকার সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সামনের দিনেও এটি গণমানুষের কথা তুলে ধরবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়টিতে যান তিনি। পরিদর্শনকালে প্রধান শিক্ষক মমিনুর রহমানের কার্যালয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও। শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে বিদ্যালয়ে একটি ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’ গঠনের প্রস্তাব করেন তিনি। পরে ইংরেজি শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ তিন শিক্ষককে ক্লাবটির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং পরীক্ষার ফলাফল উন্নয়নে শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইউএনও অর্ণব দত্ত। পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় যুবলীগ নেতা কামাল হোসেন গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় যুবলীগ নেতা কামাল হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের নেতা কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে আলিপুর ইউনিয়নের ঢালিপাড়া এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল হোসেন আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকবর সরদারের ছেলে এবং আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গত ১৫ আগস্ট আলিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় খিচুড়ি বিতরণসহ বিভিন্ন কর্মকা-ে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।