রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উপকূলের স্থানীয় বাজারের কীটনাশক বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
উপকূলের স্থানীয় বাজারের কীটনাশক বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবন ও এর আশপাশের পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার প্রতিরোধে স্থানীয় বাজারের কীটনাশক বিক্রেতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা সহব্যবস্থাপনা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খানম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন, হাফেজ মোঃ রেজাউল করিম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, মুন্সিগঞ্জ বন টহল ফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদ এবং সহব্যবস্থাপনা কমিটির সদস্য আবু ফরিদ, সুন্দরবন ইয়ুথ টিমের আশিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ভিসিএফ সদস্য মোঃ আব্দুর রশিদ।

সভায় বক্তারা বলেন, সুন্দরবনের নদী-খাল ও জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকার একটি মারাত্মক অপরাধ। এ ধরনের কর্মকান্ড শুধু মাছের প্রজনন ধ্বংস করে না, বরং পুরো জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই কীটনাশক বিক্রেতাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান বলেন, “সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এ বন রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিষ ব্যবহার করে মাছ শিকার করতে না পারে, সেদিকে কীটনাশক বিক্রেতাদেরও নজর রাখতে হবে। সন্দেহজনক ক্রেতাদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তিনি।”

বিশেষ অতিথি মোঃ এরফান উদ্দিন বলেন, “বিষ দিয়ে মাছ শিকার বন্ধে বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতার মাধ্যমেই এ সমস্যা স্থায়ীভাবে সমাধান সম্ভব।”

হাফেজ মোঃ রেজাউল করিম বলেন, “পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে সবাইকে সচেতন হতে হবে। বিষ প্রয়োগে মাছ ধরা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি বিক্রেতাদেরও নৈতিক দায়িত্ব পালন করতে হবে।”

সভাপতির বক্তব্যে মাহমুদা খানম বলেন, “সুন্দরবন রক্ষায় স্থানীয় জনগণ, বন বিভাগ ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কীটনাশক বিক্রেতারা সচেতন থাকলে অনেকাংশে অবৈধভাবে বিষ ব্যবহার প্রতিরোধ করা সম্ভব হবে।”

মতবিনিময় সভায় উপকূলীয় এলাকার বিভিন্ন বাজারের কীটনাশক বিক্রেতারা অংশগ্রহণ করেন। তারা পরিবেশবিধ্বংসী কাজে কীটনাশক ব্যবহার রোধে সহযোগিতার আশ্বাস দেন এবং সুন্দরবন সংরক্ষণে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Ads small one

তালায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
তালায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

তালা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচীর বাস্তবায়ন উপলক্ষে তালায় বৃক্ষরোপণ উদ্বোধন হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ তালা উপজেলা কেন্দ্রের বাস্তবায়নে এই বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন হয়।

‎শনিবার (১৩ জুন) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।

‎এছাড়া, তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‎তালা উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইউনুস আলীর সভাপতিত্বে এসময় বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা ও ফারুক জোয়ার্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

‎পরে, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিশ্চন্দ্রকাটি গ্রামে কপোতাক্ষ নদের বাঁধের উপর গোবিন্দ ঋসির বাড়ির পাশ থেকে তালা ব্রীজ পর্যন্ত বিভিন্ন প্রজাতির ২৫ হাজার বৃক্ষ চারা রোপণ কার্যক্রম শুরু হয়।

 

 

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় দুইজনের কারাদন্ড, বাল্কহেড জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় দুইজনের কারাদন্ড, বাল্কহেড জব্দ

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গাবাটি মন্দির সংলগ্ন ঝাপারচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১৪ জুন) ভোর আনুমানিক ৬টা ৪০ মিনিটে হাবিলদার জাহাঙ্গীরের নেতৃত্বে চার সদস্যের একটি বিজিবি টহল দল স্পিডবোটযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনরত একটি বাল্কহেড জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত বাল্কহেডে আনুমানিক ৫ হাজার ৩০০ ঘনফুট বালু ছিল, যার বাজারমূল্য প্রায় ৬৭ হাজার ২০০ টাকা। পরে সকাল ৮টা ৪০ মিনিটে বাল্কহেডটি ব্যাটালিয়ন সদর পল্টন ঘাট সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়।

ঘটনার খবর পেয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন এবং বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তদন্ত শেষে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলা নং-৩২/২৬ দায়ের করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত বাল্কহেডের চালক মোঃ নজরুল ইসলাম (পিতা: মৃত আফসার আলী, গ্রাম: দরগাহপুর, থানা: আশাশুনি, জেলা: সাতক্ষীরা)-কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন।

এছাড়া সহকারী মোঃ আক্তারুল জামান (৩০) (পিতা: জিল্লুর গাজী, গ্রাম: রাড়ুলী, থানা: পাইকগাছা, জেলা: খুলনা)-কে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সাতটি পিভিসি পাইপ অপসারণ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কার্যক্রম শেষে দুপুর ২টা ১০ মিনিটে দন্ডপ্রাপ্তদের নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নৌ-পুলিশের কর্মকর্তারা শ্যামনগর থানার উদ্দেশ্যে রওনা হন। জব্দকৃত বাল্কহেডটি বর্তমানে বিজিবির তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে।

স্থানীয়রা সুন্দরবন ও উপকূলীয় নদী-খালে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নিঃশব্দ বিপ্লবের নাম রক্তদান/ ‎তারিক ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
নিঃশব্দ বিপ্লবের নাম রক্তদান/ ‎তারিক ইসলাম

‎তারিক ইসলাম

‎ডিজিটাল স্ক্রিনে তখন রাত দুটো। ফেসবুকের নিউজফিড স্ক্রল করতেই চোখে পড়ল একটা পরিচিত আর্জি-“জরুরি ভিত্তিতে ও-নেগেটিভ রক্ত প্রয়োজন। স্থান: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। যোগাযোগের নম্বর…”। এই একটি পোস্টের পেছনে লুকিয়ে থাকে এক একটি পরিবারের আকুলতা, উৎকণ্ঠা আর বেঁচে থাকার শেষ লড়াই। প্রতি বছর ১৪ জুন ‘বিশ্ব রক্তদাতা দিবস’ যখন আমাদের দরজায় কড়া নাড়ে, তখন এই স্ক্রিনশটগুলোই আমাদের মনে করিয়ে দেয়-বিজ্ঞান যতই মঙ্গল গ্রহে বসতি গড়ার স্বপ্ন দেখুক না কেন, ল্যাবরেটরিতে আজও এক ফোঁটা কৃত্রিম রক্ত তৈরি করা সম্ভব হয়নি। মানুষের জীবনের বিকল্প আজও কেবলই মানুষ।

‎আজকের এই আধুনিক পৃথিবীতে রক্তদান কেবল একটি ‘মানবিক কাজ’ বা ‘ধর্মীয় পুণ্য’ নয়; এটি মূলত একটি সামাজিক দায়বদ্ধতা এবং নাগরিক সচেতনতার চূড়ান্ত বহিঃপ্রকাশ।

‎আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন অনেক বেশি প্রযুক্তি-নির্ভর। ওপেন হার্ট সার্জারি, জটিল ক্যানসার থেরাপি, অর্গান ট্রান্সপ্লান্ট কিংবা থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়ার মতো জেনেটিক রোগের চিকিৎসায় রক্তের চাহিদা আগের চেয়ে বহুগুণ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, একটি দেশের মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ মানুষ যদি নিয়মিত রক্তদান করেন, তবে সেই দেশের রক্তের মৌলিক চাহিদা মেটানো সম্ভব।

‎উন্নত বিশ্বে যেখানে ‘ভলান্টিয়ার ব্লাড ডোনেশন’ বা স্বেচ্ছায় রক্তদানের হার প্রায় শতভাগ, সেখানে আমাদের মতো উন্নয়নশীল দেশে এখনো সিংহভাগ রক্ত আসে রোগীর আত্মীয়-স্বজন বা ‘রিপ্লেসমেন্ট ডোনার’-দের কাছ থেকে। এই মানসিকতার পরিবর্তন জরুরি।

‎আজকের তরুণ প্রজন্ম প্রযুক্তিতে দারুণ পারদর্শী। তারা রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করছে, ফুড ডেলিভারি নিচ্ছে এক ক্লিকে। কিন্তু রক্তের মতো জরুরি প্রয়োজনের সময় এখনো আমাদের ফেসবুক গ্রুপ বা মেসেঞ্জার চ্যাটের ওপর নির্ভর করতে হয়, যা অনেক সময় সঠিক সময়ে রক্ত প্রাপ্তি নিশ্চিত করতে পারে না।

‎আমাদের এখন ‘স্মার্ট ডোনেশন’ কালচারের দিকে যেতে হবে। রক্তদানকে একটি সামাজিক ফ্যাশন বা লাইফস্টাইল হিসেবে গ্রহণ করতে হবে। বছরে তিনবার রক্ত দেওয়াকে যদি একজন তরুণ তার ফিটনেস রুটিনের অংশ করে নেয়, তবে ব্লাড ব্যাংকগুলো কখনোই শূন্য থাকবে না।

‎‎আপনি যখন এক ব্যাগ রক্ত দিচ্ছেন, আধুনিক প্রযুক্তির সাহায্যে সেটিকে ভেঙে লোহিত কণিকা, প্লাটিলেট এবং প্লাজমা-এই তিনটি উপাদানে ভাগ করা হচ্ছে। অর্থাৎ, আপনার এক ব্যাগ রক্ত আধুনিক চিকিৎসায় তিনজন ভিন্ন রোগীকে নতুন জীবন দিচ্ছে। এর চেয়ে বড় ‘মাল্টিটাস্কিং’ আর কী হতে পারে?

‎অনেকে এখনো ভাবেন রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে সম্পূর্ণ উল্টো কথা। নিয়মিত রক্তদান আসলে শরীরের এক চমৎকার ‘রিসেন্ট বাটন’।

‎নতুন রক্তকণিকা সৃষ্টি: রক্ত দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শরীরের তরল অংশ পূরণ হয়ে যায় এবং দ্রুত নতুন ও সতেজ রক্তকণিকা তৈরি হতে শুরু করে।

‎হৃদরোগের ঝুঁকি হ্রাস: রক্তে অতিরিক্ত আয়রন জমা হলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। নিয়মিত রক্তদান শরীরে আয়রনের ভারসাম্য বজায় রাখে, যা কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।

‎ফ্রি হেলথ চেকআপ: প্রতিবার রক্ত দেওয়ার আগে হেপাটাইটিস বি, সি, এইডসের মতো মারাত্মক রোগের স্ক্রিনিং এবং রক্তচাপ পরীক্ষা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।

‎১৪ জুনের ক্যালেন্ডারে রক্তদাতা দিবস আসে মূলত সেইসব নায়কদের স্যালুট জানাতে, যারা কোনো প্রতিদান ছাড়াই নিজেদের শরীরের তরল সোনা বিলিয়ে দেন অন্যকে বাঁচানোর জন্য। তবে এই দিবসটিকে শুধু সেমিনার আর র‌্যালির ফ্রেমে বন্দি রাখলে চলবে না। রাষ্ট্রীয়ভাবে ব্লাড ব্যাংকগুলোর আধুনিকায়ন, জেলা-উপজেলা পর্যায়ে রক্তের উপাদান পৃথকীকরণের প্রযুক্তি পৌঁছানো এবং রক্তদান প্রক্রিয়াকে সম্পূর্ণ কাগজহীন ও ডিজিটাল করা এখন সময়ের দাবি।

‎আসুন, এই রক্তদাতা দিবসে আমরা ট্র্যাডিশনাল চিন্তা থেকে বেরিয়ে এসে আধুনিক ও বিজ্ঞানমনস্ক হই। রক্ত দেওয়া কোনো দয়া বা করুণা নয়, এটি একজন সুস্থ মানুষের সুস্থ থাকার এবং অন্যকে বাঁচিয়ে রাখার আধুনিক নাগরিক দায়িত্ব। আপনার রক্তে সচল থাকুক অন্য কারও লাইফ-সাপোর্ট।

‎লেখক: তারিক ইসলাম, ‎সভাপতি সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।