তালায় মাদক ও জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান, সাংবাদিককে হুমকির নিন্দা
তালা প্রতিনিধি: তালায় মাদক, অনলাইন জুয়া ও দেহ ব্যবসার অভিযোগে অভিযুক্ত এক দম্পতিকে ধরতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই তৎপরতা শুরু হলেও অভিযুক্তদের এখনো আটক করা সম্ভব হয়নি। এদিকে এই ঘটনার সংবাদ প্রকাশ করায় এক স্থানীয় সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, যার তীব্র নিন্দা জানিয়েছে তালা প্রেসক্লাব।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন মহান্দী পূর্বপাড়া এলাকার মোহাম্মদ আলী মোড়ল ও তাঁর স্ত্রী আয়েশা বেগম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দম্পতি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক, অনলাইন জুয়া ও দেহ ব্যবসা পরিচালনা করে আসছেন। নির্জন বাড়িতে এসব কর্মকা- চলায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং যুবসমাজ বিপথগামী হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামের নির্দেশে পুলিশ শুক্রবার সকাল ও সন্ধ্যায় অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী মোড়ল পালিয়ে যান।
সন্ধ্যায় মহান্দী ঘাটকান্দার মোড়ে এসে মোহাম্মদ মোড়ল সাংবাদিক ও পুলিশকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম নয়নকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। বাজারের দোকানদার আকছেদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ব্যক্তির কারণে এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে।
আরেক ভুক্তভোগী খায়রুল মোড়ল জানান, তাঁকে প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়ায় জড়িয়ে প্রায় ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। টাকা ফেরত চাওয়ায় গত ৫ জুন তাঁকে একটি বাড়িতে আটকে রেখে মারধরও করা হয়। এছাড়া নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, এই দম্পতির বিরুদ্ধে গাঁজা-ইয়াবা বিক্রি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে।
সাংবাদিক রফিকুল ইসলাম নয়নকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার এবং সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুকসহ ক্লাবের কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা। নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, সংবাদ প্রকাশের পর থেকেই অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুত তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হবে।






