মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

উপকূল দিবস পালনে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে আর কত দেরি?

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
উপকূল দিবস পালনে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে আর কত দেরি?

প্রকাশ ঘোষ বিধান

১২ নভেম্বর বাংলাদেশে বেসরকারিভাবে উপকূল দিবস পালন করা হয়। ১৯৭০ সালের এই দিনে দেশের ইতিহাসের সবচেয়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘ভোলা সাইক্লোন’ উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছিল। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এই দুর্যোগকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করেছে। সেই ভয়াবহ স্মৃতি স্মরণ এবং উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিবছর এ দিনটি পালিত হয়ে আসছে।

১৯৭০ সালের ১২ নভেম্বর এই ভূখণ্ডে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। বহু এলাকা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘূর্ণিঝড়ের এই নির্মম ধ্বংসলীলা সরেজমিনে দেখে শিল্পাচার্য জয়নুল আবেদিন তাঁর বিখ্যাত ২৮ ফুট দীর্ঘ চিত্রকর্মে তা ফুটিয়ে তোলেন, যা ‘মনপুরা ৭০’ নামে পরিচিত।

সেদিনের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হন। অসংখ্য গৃহপালিত ও বন্য প্রাণী মারা যায়। নষ্ট হয় হাজার হাজার হেক্টর ফসলি জমি। দুমড়ে-মুচড়ে যায় ঘরবাড়ি, বিপর্যস্ত হয় জীবন ও জনপদ। মানুষের মৃত্যুর মিছিলে সেদিন কেঁদেছিল সারা বিশ্ব।

সমগ্র উপকূলের মানুষ আজও দিনটিকে গভীর বেদনায় স্মরণ করে। সেই ঘূর্ণিঝড়ে বেঁচে যাওয়া মানুষদের কেউ কেউ এখনো জীবিত আছেন। যাঁরা তখন শিশু বা তরুণ ছিলেন, তাঁরা এখন বৃদ্ধ। মনের মধ্যে সেই দুঃসহ স্মৃতির ক্ষত নিয়ে আজও দিনটি বয়ে বেড়াচ্ছেন উপকূলের মানুষ।

উপকূল দিবস বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় পাঁচ কোটি মানুষের জীবনযাত্রা, সংকট এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিষয়গুলো স্মরণে পালিত একটি প্রস্তাবিত ও অনানুষ্ঠানিক দিবস। ২০১৫ সালে উপকূল ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর প্রথম এই দিনটিকে উপকূল দিবস হিসেবে ঘোষণার জোরালো দাবি ওঠে। পরবর্তী সময়ে সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে দেশের উপকূলীয় জেলাগুলোতে দিবসটি পালন শুরু হয়।

দিবসটি পালনের প্রধান উদ্যোক্তা হিসেবে রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ, কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ও আলোকযাত্রা দল। ২০১৫ সাল থেকে উপকূলবর্তী ১৫টি জেলার প্রায় ৫০টি স্থানে বেসরকারি উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে। ঢাকা ছাড়াও উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের সদর ও রায়পুর; ভোলার সদর, চরফ্যাশন, তজুমদ্দিন ও মনপুরা; পটুয়াখালীর সদর, গলাচিপা, বাউফল, কলাপাড়া, কুয়াকাটা, রাঙ্গাবালী ও নীলগঞ্জ; চট্টগ্রামের সন্দ্বীপ; ফেনীর সোনাগাজী ও ছাগলনাইয়া; সাতক্ষীরার সদর, তালা, শ্যামনগর ও বুড়িগোয়ালিনী; খুলনার পাইকগাছা; বরিশাল সদর; চাঁদপুর সদর; পিরোজপুরের কাউখালী; নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া; বরগুনা সদর; বাগেরহাটের সদর ও শরণখোলা; কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন এবং ঝালকাঠির সদর ও কাঁঠালিয়ায় দিবসটি পালন এখন রেওয়াজে পরিণত হয়েছে।

১৯৭০ সালের ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণে উপকূল দিবস পালনের দাবি অত্যন্ত প্রাসঙ্গিক। ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলে উপকূলের গুরুত্ব আরও বাড়বে। উপকূলের সংকট, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং উপকূলের মানুষের অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে একটি বিশেষ দিন থাকা অপরিহার্য।

জাতীয়ভাবে উপকূল দিবস পালিত হলে উপকূলের সুরক্ষা নিশ্চিত করা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, উপকূলের প্রতি নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ, উপকূলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সম্ভাবনাময় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশ ত্বরান্বিত হবে। একই সঙ্গে উপকূলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে দেশি-বিদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের মনোযোগ বাড়বে।

বাংলাদেশের দীর্ঘ ৭১৬ কিলোমিটার উপকূলীয় অঞ্চলে ১৯টি জেলার প্রায় পাঁচ কোটি মানুষ বসবাস করেন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ। তাঁদের জীবন-জীবিকা প্রধানত কৃষি, মৎস্য, বন, স্থানীয় পরিবহন ও লবণ উৎপাদনের ওপর নির্ভরশীল। উপকূলের এই জনগোষ্ঠী প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, নদীভাঙনসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়।

জাতীয় অর্থনীতিতে উপকূলীয় অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকূলীয় অর্থনীতির অবদান দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২৫ শতাংশ বলে উল্লেখ করা হয়। সমুদ্রের মৎস্য খাত পুরোপুরি উপকূলকেন্দ্রিক। দেশের কলকারখানার পাশাপাশি উপকূলের মৎস্য খাত ও জনশক্তি জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। কিন্তু দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় গণমাধ্যমে উপকূলের শ্রমশক্তি ও মৎস্য খাত যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

প্রতিবছর উপকূল দিবসে উপকূলীয় অঞ্চলের ১৯টি জেলা ও ১৪৭টি উপজেলার প্রায় পাঁচ কোটি মানুষের অধিকার, নিরাপত্তা ও ন্যায্যতার দাবি তুলে ধরা হয়। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকা মানুষের কথা রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হয়। দুর্যোগের কারণে সৃষ্ট বিপুল আর্থিক ও মানবিক ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ মনোযোগ আকর্ষণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় প্রান্তিক মানুষের অধিকার ও ন্যায্যতার দাবি জানানো হয়। কিন্তু উপকূলবাসীর প্রাণের দাবি এই দিবসটি এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।

১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলবাসীর জন্য একটি স্মরণীয় দিন। ৫৬ বছর পেরিয়ে গেলেও এখনো জাতীয়ভাবে স্বীকৃতি পায়নি উপকূল দিবস। প্রতিবছর বেসরকারি ও সামাজিক উদ্যোগে উপকূলীয় অঞ্চলে দিবসটি পালিত হলেও রাষ্ট্রীয়ভাবে এর স্বীকৃতি মেলেনি। দিবসটির গুরুত্ব এবং ১২ নভেম্বরের ভয়াবহতা স্মরণে দিনটিকে ‘বিশ্ব উপকূল দিবস’ (ওয়ার্ল্ড কোস্টাল ডে) হিসেবে আন্তর্জাতিকভাবে ঘোষণার দাবিও তোলা উচিত। স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠন ১২ নভেম্বরকে জাতীয় উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছে।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

Ads small one

তুরস্কের কপ সম্মেলনে পৌঁছাবে কি নুরজাহানদের কথা?

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
তুরস্কের কপ সম্মেলনে পৌঁছাবে কি নুরজাহানদের কথা?

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েও জলবায়ু ট্রাস্ট ফান্ডের বরাদ্দ থেকে বঞ্চিত সাতক্ষীরার উপকূলবাসী

আসাদুজ্জামান সরদার: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বন্যাতলা গ্রামের বাসিন্দা নুরজাহানের বসতভিটা খোলপেটুয়া নদীর ভাঙনে একাধিকবার বিলীন হয়েছে। এক স্থান থেকে অন্য স্থানে আশ্রয় নিতে নিতে শেষ পর্যন্ত তাঁর ঠাঁই হয়েছে বন্যাতলা বেড়িবাঁধের ওপর। সেখানে টিনের ঘর তুলে কোনো রকমে দিন কাটাচ্ছেন তিনি। একই অবস্থা তাঁর প্রতিবেশী আফসারেরও। একসময় এ এলাকায় অর্ধশত পরিবার বসবাস করলেও নদীভাঙন ও লবণাক্ততার কারণে অনেকেই ভিটেমাটি ছেড়ে দেশের বিভিন্ন এলাকায় চলে গেছেন। যাঁরা এখনো টিকে আছেন, তাঁদের জীবন কাটছে অনিশ্চয়তার মধ্যে। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলন সম্পর্কেও তাঁদের কোনো ধারণা নেই।

সাতক্ষীরাসহ দেশের উপকূলীয় জনপদে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন শুধু প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি মানুষের জীবন, জীবিকা ও অধিকারকে সংকটে ফেলেছে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভূমিকা তুলনামূলকভাবে কম হলেও এর বড় ধরনের ক্ষতি বহন করতে হচ্ছে উপকূলের লাখো মানুষকে। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ন্যায্য ক্ষতিপূরণ ও কার্যকর সহায়তা নিশ্চিত হচ্ছে না। অন্যদিকে জাতীয় পর্যায়ে গঠিত জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থ উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে কতটা কাজে লাগছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

জানা গেছে, সাতক্ষীরা পৌরসভায় জলবায়ু তহবিলের আওতায় ৩৭ কোটি ২২ লাখ টাকার কাজ হয়েছে। পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকাত আলী জানান, এ তহবিলের প্রকল্পের আওতায় ড্রেনেজ ব্যবস্থা, পাইপলাইন, পানি সরবরাহ ও সড়ক সংস্কারের কাজ করা হয়। তাঁর ভাষ্য, প্রকল্প অনুমোদনের পর দরপত্রের মাধ্যমে কাজ সম্পন্ন হয়। বিলের কাগজপত্র ঢাকায় পাঠানো হলে সেখান থেকে সরাসরি ঠিকাদারের হিসাবে টাকা পরিশোধ করা হয়; পৌরসভার হিসাবে অর্থ দেওয়া হয় না।

শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা পিযুষ বাউলিয়া পিন্টু বলেন, কয়েক দশক ধরে তাঁদের এলাকায় সুপেয় পানির তীব্র সংকট চলছে। পানির অভাবে অনেক মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। বিশেষ করে নারী ও শিশুরা পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছেন। লবণাক্ততার কারণে ফসলি জমির উৎপাদনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বারবার দুর্যোগের আঘাত
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ২০০৭ সালের পর থেকে এ অঞ্চলে ২০টির বেশি বড় ধরনের ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ২০০৮ সালে রেশমি ও নারগিস, ২০০৯ সালে আইলা এবং পরবর্তী সময়ে ফণী, আম্পান, ইয়াস, সিত্রাং ও সর্বশেষ ২০২৪ সালে রিমালের মতো দুর্যোগে উপকূল ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

আম্পানের তাণ্ডবে সাতক্ষীরায় প্রাথমিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। ওই ঝড়ে ১৬ হাজার টন আম ও ১৭৬ কোটি টাকার মাছের ক্ষতি হয়। ইয়াসের জলোচ্ছ্বাসে ৫৪১টি কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। সুন্দরবনেরও প্রায় ১ কোটি ৬ লাখ টাকার ক্ষতি হয়।

জলবায়ু তহবিলের অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন
তথ্য অনুসন্ধানে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে উপকূলীয় মানুষকে সুরক্ষা দিতে গঠিত তহবিলের অর্থের ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত তহবিলের আওতায় ৯৬৯টি প্রকল্প নেওয়া হয়েছে এবং ব্যয় হয়েছে ৩ হাজার ৯৬৮ কোটি টাকা। তবে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত নেওয়া ৩২২টি প্রকল্পের ৬৫ শতাংশই সড়কবাতি স্থাপনের মতো খাতে ব্যয় হয়েছে বলে এক পর্যালোচনায় উঠে এসেছে।

অভিযোগ রয়েছে, উপকূলের মানুষের জীবনমান উন্নয়ন, সুপেয় পানি নিশ্চিত করা কিংবা লবণাক্ততা মোকাবিলার কার্যকর উদ্যোগের পরিবর্তে এ তহবিলের অর্থ দিয়ে বিভিন্ন স্থানে সড়কবাতি স্থাপন, পার্ক নির্মাণ, পুকুরের ঘাট বাঁধানো ও ভবন নির্মাণের মতো প্রকল্প নেওয়া হয়েছে। কিছু স্থাপনা ব্যক্তিগত রিসোর্টে পরিণত হওয়ার অভিযোগও রয়েছে।

সাতক্ষীরা ও খুলনা অঞ্চলে বেড়িবাঁধের সমস্যা প্রকট হলেও এসব কাজে জলবায়ু তহবিল থেকে সরাসরি বরাদ্দ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১-এর নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া এবং পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী তাসকিয়া জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরা অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হলেও গত চার-পাঁচ বছরে তাঁদের দপ্তরে জলবায়ু তহবিল থেকে সরাসরি অর্থায়ন করা হয়নি। তবে নিয়মিত কাজের ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে বাঁধ নির্মাণসহ বিভিন্ন কাজ করা হয়।

দুর্যোগের বরাদ্দ ও বাস্তবতা
সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগ খাতে নগদ ১৮ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে ৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় হয়েছে এবং ৯ লাখ ২৫ হাজার টাকা অবশিষ্ট রয়েছে। একই খাতে চালের বরাদ্দ ছিল ৫০০ মেট্রিক টন। এর মধ্যে ৩৭ মেট্রিক টন ব্যয় হয়েছে, অবশিষ্ট রয়েছে ৪৬৩ মেট্রিক টন। অন্যদিকে অনুষ্ঠান ও প্রতিষ্ঠান খাতে চালের বরাদ্দ ছিল ৯৭৮ মেট্রিক টন। এর মধ্যে ৮২২ মেট্রিক টন ব্যয় হয়েছে এবং ১৫৬ মেট্রিক টন মজুত রয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নির্দিষ্ট কোনো বরাদ্দ তাঁদের দপ্তরে থাকে না। এটি সরকারি প্রকল্পভিত্তিক আলাদা খাত। তবে দুর্যোগের সময় নগদ অর্থ, চাল, কম্বল ও শুকনা খাবারসহ বিভিন্ন ধরনের ত্রাণ বরাদ্দ দেওয়া হয়। তাঁর দাবি, অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরার ত্রাণ বরাদ্দ পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো।

জানা গেছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য সাতক্ষীরা জেলা পরিষদকে ১ হাজার ৭০৭ দশমিক ২২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান জানান, উপকূলীয় অঞ্চলের গৃহহীনদের পুনর্বাসনে ঘর নির্মাণের জন্য উল্লেখিত বরাদ্দটি ১৫ থেকে ২০ বছর আগের একটি পুরোনো প্রকল্পের। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে এ ধরনের বড় কোনো সহায়তা পাওয়া যায়নি।

মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত বলেন, জলবায়ু তহবিলের অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রার উন্নয়নে ব্যয় না করে ব্রিজ, কালভার্ট ও অবকাঠামো নির্মাণের মতো খাতে ব্যবহার করা হয়েছে। উন্নত দেশগুলো প্যারিস চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণ দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মতে, জলবায়ু সম্মেলনগুলো অনেক সময় আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। অনুদান বা ঋণ নয়, ন্যায্যতার ভিত্তিতে ক্ষতিপূরণ চান তাঁরা।

জেলা পরিবেশ দপ্তরের কর্মকর্তা সৌমেন মৈত্র জানান, পরিবেশ অধিদপ্তরের স্বতন্ত্র কোনো উইং না থাকায় এ-সংক্রান্ত তহবিল কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হয়। সাধারণত সড়ক ও জনপথ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের মতো উন্নয়নমূলক দপ্তরের মাধ্যমে জলবায়ু সহনশীলতার কাজ পরিচালিত হয়।

শ্যামনগর উপজেলা জলবায়ু পরিষদের সদস্যসচিব অধ্যক্ষ আশেক ই ইলাহী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষের যে ক্ষতি হয়েছে, তা করুণা বা দয়া চাওয়ার বিষয় নয়; এটি তাঁদের অধিকার। মানবাধিকারের স্বীকৃতি ও ন্যায্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মানুষের জন্য বিশেষ বরাদ্দ থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিশ্বরাজনীতি ও পুঁজিবাদী রাষ্ট্রকাঠামোর কারণে আন্তর্জাতিক সম্মেলনগুলো থেকে বড় ধরনের প্রাপ্তির আশা করা কঠিন। এ বিষয়ে রাষ্ট্রকে জোরালোভাবে দাবি তুলতে হবে।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মইন ইসলাম জানান, জলবায়ু তহবিল থেকে জেলা প্রশাসনের সরাসরি বড় কোনো বরাদ্দ বা তহবিল পরিচালিত হয় না। সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং পানি উন্নয়ন বোর্ডের মতো বিভিন্ন দপ্তরের উন্নয়নকাজ সমন্বয় করে জেলা প্রশাসন।

চলমান ৩১তম কপ সম্মেলনে প্রধানমন্ত্রীসহ জলবায়ু আন্দোলনকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন। সেখানে উপকূলীয় অঞ্চলের মানুষের দুর্ভোগ, বাস্তুচ্যুতি এবং ন্যায্য ক্ষতিপূরণের দাবি তুলে ধরার কথা বলা হয়েছে। সম্মেলনে উন্নত বিশ্বের প্রতিশ্রুতির পরিবর্তে ক্ষয়ক্ষতি তহবিল (লস অ্যান্ড ড্যামেজ ফান্ড) থেকে প্রকৃত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সরাসরি অর্থ দেওয়ার দাবিও গুরুত্ব পাচ্ছে।

তবে আন্তর্জাতিক সম্মেলনের প্রতিশ্রুতি আর মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে ব্যবধান রয়ে গেছে। নুরজাহানদের মতো নদীভাঙন ও লবণাক্ততায় ঘরবাড়ি হারানো মানুষের জন্য টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি, জীবিকার সুযোগ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত না হলে উপকূল থেকে বাস্তুচ্যুত মানুষের স্রোত থামানো কঠিন হবে।

 

শ্যামনগরে রেস্টুরেন্ট মালিকের বাড়ির চৌকির নিচে মিলল বাসি গ্রিল মুরগি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
শ্যামনগরে রেস্টুরেন্ট মালিকের বাড়ির চৌকির নিচে মিলল বাসি গ্রিল মুরগি

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি রেস্টুরেন্ট মালিকের বাড়ির চৌকির নিচে আগের দিনের অবশিষ্ট গ্রিল করা মুরগি পাওয়া গেছে। এ ছাড়া ফ্রিজে পলিথিনে মোড়ানো অবস্থায় পরিবেশনের জন্য প্রস্তুত গ্রিল করা মাংসও পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে শ্যামনগর পৌরসভার চৌরাস্তা এলাকার হাজী ক্যাফে ফাস্টফুড অ্যান্ড বিরিয়ানি হাউজ এবং বাদঘাটা এলাকায় প্রতিষ্ঠানটির মালিকের ভাড়া বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সন্দেহের ভিত্তিতে রেস্টুরেন্ট মালিকের বাড়িতে যান ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। সেখানে শোবার ঘরের চৌকির নিচে আগের দিনের অবশিষ্ট আধা পোড়া মুরগি এবং ফ্রিজে সংরক্ষিত গ্রিল করা মাংস পাওয়া যায়। এগুলো ফেলে দেওয়ার জন্য বাড়িতে নেওয়া হয়েছিল বলে দাবি করেন সংশ্লিষ্টরা। তবে ফেলে না দিয়ে ঘর ও ফ্রিজে সংরক্ষণের কারণ জানতে চাইলে তাঁরা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

একই সময়ে পাশের বেস্ট কুক নামের প্রতিষ্ঠান থেকে মেয়াদোত্তীর্ণ ৩০ লিটার কোমল পানীয় উদ্ধার করে রাস্তায় ঢেলে নষ্ট করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং নিম্নমানের ব্যবস্থাপনার কারণে হাজী ক্যাফে ও বেস্ট কুকসহ হাজী বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে অর্থদণ্ড দেওয়া হয়। সংশ্লিষ্টরা খাবারের মান উন্নয়ন ও স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণের অঙ্গীকার করেন। জব্দ করা নষ্ট মাংসও ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের নেতৃত্বে পরিচালিত অভিযানে শ্যামনগর থানার উপপরিদর্শক বিপ্লব হোসেন ও অভিক বড়াল, সাংবাদিক আব্দুল আহাদ, কনটেন্ট ক্রিয়েটর জাহাঙ্গীরসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক ও শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দীনের নেতৃত্বে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান চালানো হয়। রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোট ধাওয়া করেও আটকানো সম্ভব হয়নি। পরে কুপোট ও নওয়াবেঁকী এলাকার কয়েকটি বালুর আড়তে অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক জানান, অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা রাতের আঁধারে এসব কাজ করছেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রায় ১৪ কিলোমিটার দূরের নওয়াবেঁকী ও কুপোট এলাকায় অভিযান চালানো হলেও অভিযানের আগেই তাঁরা সরে যান। নদীর তীর রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্টদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

 

কলারোয়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে চন্দনপুর একাদশের জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
কলারোয়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে চন্দনপুর একাদশের জয়

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার সীমান্তবর্তী চান্দুরিয়ায় সীমান্ত সম্প্রীতি সংঘ আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে চন্দনপুর ফুটবল একাদশ ৩-১ গোলে কেঁড়াগাছি ফুটবল একাদশকে পরাজিত করেছে। মঙ্গলবার বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুই দলই জয়ের জন্য লড়াই করে। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় পায় চন্দনপুর একাদশ।

খেলায় প্রধান অতিথি ছিলেন চন্দনপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী জিএম শফিউল আলম শফি। বিশেষ অতিথি ছিলেন চন্দনপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুল ইসলাম খসরু, সহসাধারণ সম্পাদক ইয়াসিন আলী সরদার এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।