নতুন তথ্য কমিশনকে প্রয়োজনীয় জনবল, বাজেট ও প্রাতিষ্ঠানিক মর্যাদা নিশ্চিত করার দাবি তথ্য অধিকার ফোরামের
তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন এবং নতুন তথ্য কমিশনকে গতিশীল ও শক্তিশালী করতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।
মঙ্গলবার নতুন তথ্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে ফোরামের একটি প্রতিনিধি দল কমিশনের কার্যকর ও স্বাধীনভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা, জনবল, বাজেট ও প্রাতিষ্ঠানিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে।
তথ্য অধিকার ফোরাম মনে করে, নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে তথ্য কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী কমিশন দেওয়ানি আদালতের মতো ক্ষমতা প্রয়োগ করে অভিযোগ অনুসন্ধান, সিদ্ধান্ত প্রদান, জরিমানা আরোপ এবং বিভাগীয় শাস্তির সুপারিশ করতে পারে। এ কারণে কমিশনের কার্যক্রম পরিচালনায় যথাযথ মর্যাদা ও সক্ষমতা নিশ্চিত করা জরুরি।
ফোরামের মতে, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের অপসারণের কারণ ও পদ্ধতি সুপ্রিম কোর্টের বিচারকদের অনুরূপ হওয়া উচিত। তাঁদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য সুবিধা যথাক্রমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের সমতুল্য করার দাবি জানানো হয়েছে। পদমর্যাদার ভিন্নতা জনমনে, বিশেষ করে অভিযোগকারী ও তথ্য সরবরাহকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। পাশাপাশি অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নিশ্চিত করতেও এ ধরনের মর্যাদা প্রয়োজন।
তথ্য কমিশনকে পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা, জনসচেতনতা সৃষ্টি ও বিচারিক কার্যক্রম সম্পাদনে সহায়তার জন্য পর্যাপ্ত জনবল এবং নিয়মিত বাৎসরিক বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে ফোরাম। একই সঙ্গে কমিশনের সাচিবিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তথ্য অধিকার আইন সম্পর্কে সংবেদনশীল ও এ বিষয়ে কাজের অভিজ্ঞতাসম্পন্ন পূর্ণাঙ্গ সচিব নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিশনকে স্বাগত জানিয়ে তথ্য অধিকার ফোরাম কমিশনের স্বাধীন ও কার্যকর কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম জানান, এসব দাবির সঙ্গে ফোরামের পক্ষ থেকে তিনি ছাড়াও ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, রেজাউল করিম চৌধুরী, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, এইচএম বজলুর রহমান, জাকির হোসেন, ড. অনন্য রায়হান, ব্যারিস্টার সারা হোসেন, রফিকুল ইসলাম খোকন, হাসিবুর রহমান, রুহী নাজ ও হামিদুল ইসলাম হিল্লোল একমত পোষণ করেছেন। প্রেসবিজ্ঞপ্তি