বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

এটিই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে: রোনালদো

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
এটিই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে: রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো নিশ্চিত করেছেন ২০২৬ আসরই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। আগামী সোমবার টেক্সাসের আর্লিংটনে পর্তুগালের হয়ে স্পেনের মুখোমুখি হওয়ার আগে ৪১ বছর বয়সী তারকা সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন।

৪১ বছর বয়সী রোনালদো এ পর্যন্ত বিশ্বকাপের ছয়টি আসরে অংশ নিয়েছেন— ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং বর্তমানের ২০২৬ আসর। গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে তিনি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন।

রবিবার সংবাদ সম্মেলনের শেষের দিকে রোনালদো বলেন, মূল বিষয় হলো যতটা সম্ভব এই সময়টা উপভোগ করা। এটিই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, তবে আশা করি আগামীকালই যেন আমার শেষ ম্যাচ না হয়।

তিনি আরও যোগ করেন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার দিনটি একদিন আসবেই। তবে আমি সত্যিটা বলছি। আগামীকাল যাই ঘটুক না কেন, ক্রিশ্চিয়ানো একদম পরিষ্কার মন নিয়ে বিদায় নেবে— ১০০% নয়, ১০০০% পরিষ্কার মন নিয়ে। কারণ ফুটবলের জন্য আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছি। ফুটবল আমার আর্থিক বা অন্য কোনও প্রয়োজনে খেলতে হয় না, আমার জীবন বেশ ভালোই কাটছে। এটা আসলে স্রেফ আবেগের জায়গা থেকে। আমি ফুটবল খেলি, কারণ আমি এটিকে ভালোবাসি… আপনাকে প্রতিটি দিন উপভোগ করতে হবে। আর আমি এই বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটি গোল করেছি, খুব একটা খারাপ করছি না, তাই না?

গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে দুটি গোল করার পর, রাউন্ড অফ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে করা তার প্রথম গোল।

এই টুর্নামেন্টের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটি দুর্দান্ত এক অভিজ্ঞতা ছিল। মাঠের গণ্ডি ছাড়িয়েও এর প্রভাব অনেক গভীর… মানুষের আবেগের কারণে এই বিশ্বকাপটিই আমার সবচেয়ে বেশি মনে থাকবে। কেন জানি না, এবার আবেগটা আরও অনেক বেশি। আবেগঘন দিক থেকে এটিই আমার জীবনের সেরা বিশ্বকাপ। আমি এটি দারুণভাবে উপভোগ করেছি।

পর্তুগালের হয়ে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা রোনালদো জোর দিয়ে বলেন যে, তার ক্যারিয়ারের অর্জন পূর্ণ করতে এই বিশ্বকাপ জয়ের কোনও বাড়তি প্রয়োজন নেই।

তিনি বলেন, জীবনে আমার কোনও কিছুরই অভাব নেই। আমি বিশ্বকাপ জিতলে আরও বড় ক্রিশ্চিয়ানো হয়ে যাবো না, আবার না জিতলেও আমার অবস্থান ছোট হয়ে যাবে না। আমাদের দলটির জেতার মতো যোগ্যতা আছে, তবে বিশ্বকাপ তো কেবল একটি দেশই জিততে পারে… বয়স আপনাকে পরিপক্বতা আর অভিজ্ঞতা দেয়।

রোনালদো বলেন এমনকি ৪০ বছর পার করার পরও আমি যেসব সমালোচনার মুখোমুখি হই, সেগুলোর জন্যও আমি কৃতজ্ঞ— এবং আমি আশা করি আরও ৪০ বছর বেঁচে থাকব। কারণ সমালোচনা থেকেই একজন মানুষ হিসেবে সবচেয়ে বেশি শেখা ও বড় হওয়া যায়, আর সেজন্য আমি সাংবাদিকদের ধন্যবাদ জানাই।

সংবাদ সম্মেলনে তাকে স্পেনের ১৮ বছর বয়সী উদীয়মান তারকা লামিন ইয়ামাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। রোনালদো বলেন, সে দারুণ ভবিষ্যতের একজন খেলোয়াড়। তবে আমার কাছে, আমি সবসময় স্পেনকে একটি দল হিসেবে দেখি, তারা সবাই দুর্দান্ত… আপনি যত বেশি প্রস্তুত থাকবেন, ফুটবল ক্যারিয়ার তত দীর্ঘ করতে পারবেন, যদি আপনি সত্যিই সেটি চান। আপনি যদি সব সমালোচনা গায়ে মাখেন, তবে আপনি হারিয়ে যাবেন।

ক্যারিয়ার নিয়ে রোনালদো আরও বলেন, কিছু সমালোচনা থাকে গঠনমূলক, আবার কিছু সমালোচনা থাকে আপনাকে শেষ করে দেওয়ার জন্য। আপনি যদি দীর্ঘ ক্যারিয়ার গড়তে চান, তবে আপনাকে মানিয়ে নিতে শিখতে হবে এবং ভক্তদের ভালোবাসা ও আবেগের দিকে মনোযোগ দিতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে আমি শিখেছি কীভাবে সেইসব মানুষদের সঙ্গে যুক্ত থাকতে হয় যারা আপনাকে ভালোবাসে এবং আপনি যা করছেন তার প্রতি যাদের আবেগ আছে।

Ads small one

মুন্সিগঞ্জের জেলেখালিতে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
মুন্সিগঞ্জের জেলেখালিতে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি ত্রিপানী বিদ্যাপীঠ মাঠে ১০ সেপ্টেম্বর ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সুদীপ্তি যুব সংঘ আয়োজিত এই ফাইনালে মুখোমুখি হয় সুদীপ্তি যুব সংঘ ও আসিয়া দই ফিন্নি ভান্ডার ফুটবল একাদশ।

শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাঠে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে আসিয়া দই ফিন্নি হাউসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুদীপ্তি যুব সংঘ।
খেলায় প্রধান অতিথি ছিলেন ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম। বিশেষ অতিথি ছিলেন আবদুর রাজ্জাক সরদার, প্রধান শিক্ষক আবুল কালাম মল্লিকসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন রিজভী।

দীর্ঘদিন পর ত্রিপানী বিদ্যাপীঠ মাঠে এমন বৃহৎ একটি ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় ছিল। দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও সমর্থনে পুরো মাঠ এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। সুন্দর ও প্রাণবন্ত এই আয়োজন উপভোগ করতে পেরে দর্শকেরা সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজনের আহ্বান জানিয়ে সুদীপ্তি যুব সংঘের আয়োজক কমিটিকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তাঁরা।

দেবহাটায় দুটি বিদ্যালয়কে ‘গ্রিন স্কুল’ ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
দেবহাটায় দুটি বিদ্যালয়কে ‘গ্রিন স্কুল’ ঘোষণা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ ও সহনশীল গ্রিন স্কুল’ ঘোষণা করা হয়েছে।

১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় কুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

গ্রিন স্কুল ঘোষিত বিদ্যালয় দুটি হলো-বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলিয়া স্যার আনছার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র ম-লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎস্না বালাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয় দুটিকে গ্রিন স্কুল ঘোষণা করেন প্রভাস চন্দ্র ম-ল। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো ও তার পরিচর্যার আহ্বান জানান।

 

 

 

 

খুলনায় তিন দিনব্যাপী বার্ষিক শিশু চিত্র প্রদর্শনীর উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
খুলনায় তিন দিনব্যাপী বার্ষিক শিশু চিত্র প্রদর্শনীর উদ্বোধন

পত্রদূত ডেস্ক: খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বার্ষিক শিশু চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, এস এম সুলতান ছিলেন বাংলার মাটি-মানুষ ও সমাজের শিল্পী। তাঁর শিল্পকর্ম দেশের সংস্কৃতি ও বাঙালির অস্তিত্বকে মনে করিয়ে দেয়। নতুন প্রজন্মের কাছে সুলতানের শিল্পকর্ম ও জীবনাদর্শ তুলে ধরার পাশাপাশি তাঁর স্মৃতি সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এম এম শাকিলুজ্জামান, ইউএনবির ব্যুরোপ্রধান শেখ দিদারুল আলম, সোনামুখ পরিবারের প্রতিষ্ঠাতা এ এম কামরুল ইসলাম, আরআইডির অ্যাসিসট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান ডা. সৈয়দ আবু সঈদ ও বিশিষ্ট বিদ্যোৎসাহী-সমাজসেবী মাসুদ মাহমুদ। প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন। এতে সভাপতিত্ব করেন খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়।