কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
কলারোয়া প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরার কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে কলারোয়া ডায়াবেটিক হাসপাতালসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করান তিনি। পাশাপাশি পায়ে হেঁটে এলাকাটি ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন।
অভিযানে অংশগ্রহণকারীদের উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে হবে। চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
তিনি জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রতি শনিবার কলারোয়া পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া ডায়াবেটিক হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যসচিব শেখ শরিফুজ্জামান তুহিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ তোজাম্মেল হোসেন মানিক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, শিক্ষক শেখ শাহজাহান আলী শাহিন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা।












