শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

কলারোয়ায় পানিতে নিমজ্জিত মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: জলাবদ্ধতার ভোগান্তিতে শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
কলারোয়ায় পানিতে নিমজ্জিত মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: জলাবদ্ধতার ভোগান্তিতে শিক্ষার্থীরা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়নের ৯৪ নং মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বছরের প্রায় ৮/৯ মাস জলাবদ্ধতা অবস্থায় থাকে। বিদ্যালয় প্রাঙ্গণ ও চারপাশ পচা, দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে থাকার ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে পানি জমে থাকার কারণে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না। যাতায়াতের সময় প্রায়ই পিছলে পড়ে গিয়ে জামাকাপড় নোংরা হচ্ছে এবং বই-খাতা ভিজে নষ্ট হচ্ছে। এছাড়া শৌচাগার বা ওয়াশরুমে যাওয়ার পথও পানিতে তলিয়ে থাকায় চরম বিপাকে পড়তে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নওরীন জাহান মিম জানায়, “স্কুলে আসার পথে পানি জমে থাকে। পড়ে গিয়ে কাপড় নোংরা হয়, বই ভিজে যায়। আমরা খেলাধুলাও করতে পারি না।” অপর এক শিক্ষার্থী মেহেদী হাসান জানায়, “পানির জন্য আমরা ঠিকমতো ওয়াশরুমেও যেতে পারি না।”

সাঁতস্যাঁতে পরিবেশ ও জমা পানিতে মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুসহ নানা রোগজীবাণুর ঝুঁকি বাড়ছে। অনেক শিক্ষার্থী জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় বিদ্যালয়ে উপস্থিতি আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবদুল আহাদ এবং পরিচালনা কমিটির সদস্যরা দীর্ঘদিনের এই জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

 

প্রধান শিক্ষক জানান, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয়েছে। পরিচালনা কমিটির পক্ষ থেকে দ্রুত মাটি ভরাট অথবা কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ বিষয়ে পরিবেশের উপরে কাজ করে ইতিমধ্যে সবার নজরে আসা তরুণ প্রকৌশলী আসিফ ইকবাল চয়ন বলেন, দীর্ঘদিন বিদ্যালয়টি জলাবদ্ধ থাকায় এই বিদ্যালয় এবং আশপাশের পরিবেশ বিনষ্ট হচ্ছে।

 

অবিলম্বে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না গেলে ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবগত করা হলেও তিনি কার্যকর ব্যবস্থা নেননি বলে আসিফ ইকবাল চয়ন জানান।

 

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পূর্ববর্তী পরিদর্শনের মাধ্যমে আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। বিদ্যালয়ের মাঠ ভরাটের বিষয়টি আমাদের প্রকল্পে তালিকাভুক্ত করা হয়েছে। বরাদ্দ পাওয়ামাত্রই দ্রুততম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কাজ সম্পন্ন করা হবে।

Ads small one

ধুলিহরে ১০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
ধুলিহরে ১০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ১০ শিক্ষার্থী পেয়েছে বাইসাইকেল। শনিবার (৩ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী ও দুস্থ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় এই উপহার। জেলা পরিষদের এই উদ্যোগে সহসা গতি পেল শিক্ষার্থীদের পড়াশোনার চাকা। সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী ও অর্থকষ্টে থাকা শিক্ষার্থীকে নতুন বাইসাইকেল প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, “গ্রামের অনেক মেধাবী সন্তান শুধুমাত্র সঠিক সুযোগ ও যাতায়াত সুবিধার অভাবে পিছিয়ে পড়ে। এই বাইসাইকেলগুলো কেবল যোগাযোগের মাধ্যম নয়, এগুলো তাদের স্বপ্নপূরণের বাহন। শিক্ষা যেন কোনো বাধার মুখে থমকে না দাঁড়ায়, সেই উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” হাতে নতুন বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে স্কুলে যেতে তাদের যেমন শারীরিক কষ্ট হতো, তেমনি অনেক সময়ও নষ্ট হতো। এখন থেকে তারা দ্রুত ও নিরাপদে স্কুলে পৌঁছাতে পারবে, যা তাদের মনোযোগ ও ফলাফল আরও ভালো করতে সাহায্য করবে।

খুলনা-সাতক্ষীরা অঞ্চলের চিংড়ি হ্যাচারি মালিকদের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
খুলনা-সাতক্ষীরা অঞ্চলের চিংড়ি হ্যাচারি মালিকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: খুলনার একটি অভিজাত হোটেলে শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)-এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর দুপুরে সংগঠনের সভাপতি আলহাজ ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে এ সভা হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক দিক ও চিংড়ি শিল্পের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন বিভিন্ন হ্যাচারির প্রতিনিধি শহীদ ফারুক সাচী, রুহুল আমিন লেনিন, আবদুল্লাহ আল-মাসুম, মোতালেব হোসেন, মাহফুজ ইকবাল, মো. নজরুল ইসলাম, কাজী আমিনুল ইসলাম বাহার, শেখ জাহাঙ্গীর হোসেন, জসীম, শামীম, বাবন কান্তি দে, জাকির হোসেন, মাহবুবুর রহমান, শহিদুল ইসলাম ও আনারুল ইসলাম।

বক্তারা বলেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম হাতিয়ার চিংড়ি শিল্পকে টিকিয়ে রাখতে হ্যাচারির ওপর আরোপিত কর কমাতে হবে। সমুদ্রসীমা থেকে লবণাক্ত পানি সংগ্রহের ক্ষেত্রে প্রতি লিটারে ট্যাক্স ৩ পয়সা থেকে বাড়িয়ে ১০ পয়সা করা হয়েছে, যা হ্যাচারিমালিকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে। এর ফলে প্রতি মাসে কেবল পানি আনতেই বিপুল অর্থ খরচ করতে হচ্ছে।

হ্যাচারিমালিকেরা মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে বনবিভাগের কাছে অবিলম্বে এই বর্ধিত ট্যাক্স প্রত্যাহারের জোর দাবি জানান। পাশাপাশি অন্যান্য শিল্পের মতো এই খাতে বিদ্যুৎ বিলে অন্তত ৫০ শতাংশ ছাড় দেওয়া এবং সরকারি প্রণোদনা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ধুলিহরে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
ধুলিহরে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ধুলিহরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট। ২ অক্টোবর সন্ধ্যায় খড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

খড়িয়াডাঙ্গা যুবসমাজের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮ নম্বর ধূলিহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা চাঁদপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু ওহিদ বাবলু, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রিপন হোসেন ও ফিংড়ী ইউনিয়নের প্রতিনিধি মো. নাজমুল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ফারুক হোসেন মিঠু বলেন, ‘তরুণদের মাদকমুক্ত রাখা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য স্বাভাবিক রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের নিয়মিত আয়োজন স্থানীয় ফুটবলার গড়ে তুলতে সাহায্য করবে।’ অনুষ্ঠানের শুরুতে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং বল গড়িয়ে টুর্নামেন্টের সূচনা করেন। এ সময় বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।