কলারোয়ায় মালিকানা জমিতে মাটি ফেলে রাস্তা নির্মাণের অভিযোগ
সংবাদদাতা: কলারোয়ায় মালিকানা জমিতে মাটি ফেলে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড এর ফাজিলকাটি-ঠাকুরবাড়ি মোড় এলাকায়।
শুক্রবার (১৫ মে ২০২৬) বিকালে হাজারি লাল পরামানিক ও শ্যাম্প্রসাদ ভট্টাচার্য এর ওয়ারেশগণ অভিযোগ করে জানান, তাদের পৈতৃক সম্পত্তি ফাজিলকাটি মৌজায় মাঠে যাওয়ার জন্য নিজেদের তৈরি করা ছোট একটি পায়ে হাটা রাস্তা রয়েছে। যা তারা ধান পাট উঠানোর জন্য ব্যবহার করেন।
এলাকার কিছু ব্যক্তির পরামর্শে কেররালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা নার্গিস ওই রাস্তাটিতে চলাচলের জন্য উপযুক্ত করতে মাটি ভরাটের জন্য বরাদ্দ দিয়েছেন। এরপর রাস্তা সংস্কারের কাজ শুরু হলে বুধবার সকালে হাজারি লাল পরামানিক ও শ্যাম্প্রসাদ ভট্টাচার্য এর ওয়ারেশগণ বাধা দিয়ে কাজ বন্ধ করে দেন। কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা নার্গিস বলেন, বর্ষার সময় এলাকার মানুষ মাঠে যেতে পারেন না, ফসল উঠাতে কষ্ট হয়। এজন্য এলাকাবাসী রাস্তাটি সংস্কার করার অনুরোধ করেছিলেন।
জনগনের অনুরোধে ওই রাস্তার দু’এক জায়গায় কিছু অংশে মাটি দেওয়ার কাজ শুরু হলে জমির মালিকগণ বাধা দেন। এজন্য কাজ বন্ধ রাখা হয়েছে। জমির মালিকদের সাথে আলোচনা করে সকলের সুবিধার্থে পরবর্তীতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তবে, জমির মালিকগণ রেকর্ডীয় জমিতে যাতে রাস্তা নির্মাণ করা না হয় সেজন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।








