শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

কলারোয়ার ৫০০ বছরের প্রাচীন কোঠাবাড়ি নিয়ে কিছু কথা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
কলারোয়ার ৫০০ বছরের প্রাচীন কোঠাবাড়ি নিয়ে কিছু কথা

জুলফিকার আলী
সাতক্ষীরার কলারোয়ায় অবস্থিত ৫০০ বছরের পুরোনো এক প্রাচীন কোঠাবাড়িকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক অভূতপূর্ব আলোড়ন। রোগবালাই থেকে মুক্তি ও মনের আশা পূরণের (মানত) বিশ্বাসে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত হিন্দু ও মুসলিম—উভয় সম্প্রদায়ের শত শত মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন এই ঐতিহাসিক স্থানে। দীর্ঘদিন ধরে চিকিৎসকের শরণাপন্ন হয়েও যারা সুস্থ হননি, তাদের অনেকেরই দাবি—এখানে এসে তারা অলৌকিক রোগমুক্তি লাভ করেছেন। সাধারণ মানুষের এই উপচে পড়া ভিড় এখন স্থানীয়দের অন্যতম প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

বটবৃক্ষ, কালো পাথর ও অলৌকিক বিশ্বাস: সরেজমিনে দেখা যায়, এই প্রাচীন কোঠাবাড়িটি ঘিরে রয়েছে ৫০০ বছরের পুরোনো এক বিশাল বটগাছ। কোঠার ঠিক সামনেই রয়েছে দুটি অলৌকিক কালো পাথর, যা নিয়ে জনমনে রয়েছে তীব্র কৌতূহল। স্থানীয়দের অনেকের ধারণা, পাথর দুটি মূল্যবান কষ্টিপাথর হতে পারে। আগত দর্শনার্থীরা এই পাথরের ওপর পানি ও তেল ঢেলে রাখেন এবং পরে তা রোগমুক্তির আশায় সেবন করছেন।

সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হিসেবে ভক্তরা দাবি করছেন, তারা যখন পাথরের ওপর কোনো খালি মাদুলি রাখছেন, তখন মুহূর্তের মধ্যেই সেটি অলৌকিক উপায়ে ভরে যাচ্ছে। এই বিশ্বাস থেকে প্রতি শুক্রবার এখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই কোঠার সামনে মানত পূরণের উদ্দেশ্যে রান্নাবান্না ও খাওয়া-দাওয়ার আয়োজন করেন। আবার কেউ কেউ মানত হিসেবে হাঁস, মুরগি কিংবা ছাগল এনে এখানে ছেড়ে দেন।

অলৌকিক ইতিহাস ও লোকমুখে প্রচলিত গল্প: কোঠাবাড়িটিকে ঘিরে স্থানীয়দের মাঝে নানা রহস্যময় লোককাহিনী প্রচলিত রয়েছে। এলাকার প্রবীণ মুরব্বিদের মতে, এই কোঠাবাড়িটি অলৌকিকভাবে মাত্র এক রাতের মধ্যে তৈরি হয়েছিল। তবে ঠিক কী কারণে এবং কার দ্বারা এটি নির্মিত হয়েছিল, তার সঠিক ইতিহাস কেউ বলতে পারেন না।

এই কোঠার পাথর নিয়ে এলাকায় একটি গা শিউরে ওঠা গল্প প্রচলিত আছে। কথিত আছে, অতীতে এক ব্যক্তি এই কোঠা থেকে একটি কালো পাথর চুরি করে নিয়ে গিয়েছিল। কিন্তু পাথরটি চুরির পর পরই রহস্যজনকভাবে সেই ব্যক্তির মৃত্যু হয়। এরপর থেকে আজ পর্যন্ত কেউ ভুল করেও এই পাথর স্পর্শ বা চুরির কথা মুখে আনেন না।

সেবামূলক অবকাঠামো ও সংরক্ষণের দাবি: প্রতি শুক্রবার শত শত মানুষের সমাগম ঘটলেও এখানে আগত দর্শনার্থীদের জন্য ন্যূনতম কোনো সুযোগ-সুবিধা নেই। খোলা আকাশের নিচে দূর-দূরান্ত থেকে আসা অসুস্থ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসী ও আগত ভক্তদের দাবি—জরুরি ভিত্তিতে এখানে একটি টিনশেড ঘর, পর্যাপ্ত শৌচাগার (বাথরুম) এবং বিশুদ্ধ খাবার পানির জন্য একটি নলকূপ (পানির কল) স্থাপন করা প্রয়োজন।

এই ঐতিহাসিক ও প্রাচীন স্থাপনাটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এর প্রকৃত রহস্য উদ্ঘাটনে কোঠাটি সরকারিভাবে সংরক্ষণের জোর দাবি তুলেছেন এলাকাবাসী। একই সাথে, সামগ্রিক বিষয়টি তদারকি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা উপজেলা প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন। লেখক: গণমাধ্যমকর্মী

 

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।