কাজের অভাবে পাইকগাছার হাজারো শ্রমিকের ইটভাটায় পাড়ি
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছা উপজেলায় স্থানীয় পর্যায়ে কাজের তীব্র সংকট ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে জীবিকার সন্ধানে দেশের বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছেন হাজারো নিম্নআয়ের মানুষ। তাঁদের সঙ্গে যাচ্ছেন নারী ও শিশুরাও। সংসারের খরচ, সন্তানদের খাবার ও পড়ালেখার ব্যয় মেটাতে বাধ্য হয়েই তাঁরা নিজ এলাকা ছেড়ে দূরদূরান্তে শ্রমিকের কাজ বেছে নিচ্ছেন।
স্থানীয়ভাবে স্থায়ী কর্মসংস্থান ও পর্যাপ্ত দৈনিক কাজের সুযোগ না থাকায় দিনমজুরদের আয় অনিয়মিত। অন্যদিকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্নআয়ের মানুষের পাশাপাশি অনেক মধ্যবিত্ত পরিবারও। এ পরিস্থিতিতে জীবিকার তাগিদে ইটভাটায় কাজ করতে যাচ্ছেন পাইকগাছার অসংখ্য শ্রমজীবী মানুষ।
সাধারণত বর্ষা মৌসুম শেষে কার্তিক-অগ্রহায়ণ মাস থেকে দেশের বিভিন্ন এলাকায় ইটভাটার মৌসুম শুরু হয়। চলে পরবর্তী বর্ষা মৌসুমের আগ পর্যন্ত। উপকূলীয় অঞ্চলে কৃষিকাজের ব্যস্ততা কমে গেলে অনেক শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে অন্য জেলায় চলে যান।
ইটভাটার মালিক বা শ্রমিক সরবরাহকারী সর্দাররা অনেক ক্ষেত্রে শ্রমিকদের অগ্রিম টাকা দেন, যা স্থানীয়ভাবে ‘দাদন’ নামে পরিচিত। দরিদ্র পরিবারগুলো এই টাকা দিয়ে জরুরি পারিবারিক প্রয়োজন মেটায়। পরে ইটভাটায় কাজ করে সেই টাকা পরিশোধ করতে হয়। অনেক শ্রমিক একা না গিয়ে স্ত্রী-সন্তানসহ পুরো পরিবার নিয়ে ভাটায় যান, যাতে পরিবারের একাধিক সদস্য কাজ করে আয় করতে পারেন।
শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ইট তৈরির মৌসুমে তাঁদের কাজ করতে হয়। সর্দারের মাধ্যমে ছয় মাসের চুক্তিতে তাঁরা ইটভাটায় যোগ দেন। কাজ শুরুর আগে অগ্রিম টাকা দেওয়া হয়। তবে এই অর্থ পরিশোধের দায় থাকায় অনেক শ্রমিককে দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করতে হয়।
কাজের ধরন অনুযায়ী ছয় মাসে শ্রমিকদের পারিশ্রমিকও ভিন্ন। ইট তৈরির কারিগররা পান প্রায় এক লাখ টাকা। জোগালিরা পান ৪৫ হাজার টাকা, আগাটক শ্রমিকরা ৮০ থেকে ৯০ হাজার টাকা, গোড়ারটক শ্রমিকরা ৭০ থেকে ৮০ হাজার টাকা এবং মাটি বহনকারীরা পান ৫০ থেকে ৬০ হাজার টাকা। এ ছাড়া কাজ শেষে খোরাকি হিসেবে সাত দিনে জনপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা দেওয়া হয় বলে শ্রমিকেরা জানান।
শ্রমিকদের জানান, তাঁদের দুই শিফটে কাজ করতে হয়। ফজরের আজানের পরপরই কাজ শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। এরপর স্বল্প বিরতি দিয়ে সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত কাজ করতে হয়। আবার শ্রমিকদের একটি অংশ পালাক্রমে রাতে কাজ করেন। সব মিলিয়ে অনেক শ্রমিককে প্রতিদিন দীর্ঘ সময় পরিশ্রম করতে হয়।
ইটভাটার পাশেই টিনের ঘর তৈরি করে শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হয়। সেখানেই তাঁরা বসবাস করেন এবং নিজেরাই রান্না করে খাবার তৈরি করেন। তবে এসব ঘরে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় তাঁদের জীবনযাপন করতে হয় নানা সীমাবদ্ধতার মধ্যে।
ইটভাটার শ্রমিকদের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর। অস্থায়ী ও অপর্যাপ্ত আবাসনে বসবাসের পাশাপাশি তাঁদের দীর্ঘ সময় ধোঁয়া, ধুলাবালি ও গরম পরিবেশে কাজ করতে হয়। এতে শ্বাসতন্ত্রসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ার আশঙ্কা থাকে।
বিশেষ উদ্বেগের বিষয়, কাজের জন্য পরিবারের সঙ্গে ইটভাটায় যাওয়া অনেক শিশু নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। ফলে তাদের পড়ালেখা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না হওয়া এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতির চাপে পাইকগাছার শ্রমজীবী মানুষকে জীবিকার জন্য নিজ এলাকা ছাড়তে হচ্ছে। সংসারের ব্যয় মেটাতে তাঁদের দীর্ঘ কর্মঘণ্টা, সীমিত বিশ্রাম ও নানা প্রতিকূলতার মধ্যে কাজ করতে হচ্ছে। স্থানীয়ভাবে কাজের সুযোগ বাড়ানো গেলে এসব মানুষের দূরদূরান্তে গিয়ে কঠিন পরিবেশে কাজ করার চাপ কমতে পারে।












