কালিগঞ্জের নলতায় জুয়েলারি দোকানে চুরি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের নলতা মোবারক নগর বাজারে ‘তৃষ্ণা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোর চক্রটি দোকানের সাটারের লক ভেঙে ভেতরে ঢুকে গচ্ছিত সব সোনা ও রুপার গয়না নিয়ে চম্পট দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নলতা মোবারক নগর বাজারের ব্যবসায়ী কালিদাস স্বর্ণকার প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকান তালাবদ্ধ করে বাড়ি ফিরে যান। পরবর্তীতে রোববার সকালে লোকমুখে দোকানে চুরির খবর পেয়ে তিনি দ্রুত বাজারে আসেন। দোকানে এসে তিনি দেখতে পান, সাটারের তালা ভাঙা এবং ভেতরের শো-কেস ও লকার খালি পড়ে আছে। চোর চক্রটি দোকানে থাকা সমস্ত সোনা ও রুপার তৈরি অলঙ্কার লুট করে নিয়ে গেছে। তবে ঠিক কত টাকার সামগ্রী চুরি হয়েছে, তার সঠিক হিসাব তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। ব্যবসায়ী কালিদাস স্বর্ণকার জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে এবং তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে নলতাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে সম্প্রতি চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। একের পর এক চুরির ঘটনায় মোবারক নগর বাজারসহ আশপাশের এলাকার ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রবিবার বিকেলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান এবং সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা অবিলম্বে ঘটনার সাথে জড়িত চোরদের গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার এবং বাজারে নাইট গার্ড ও পুলিশের সার্বক্ষণিক নৈশ টহল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।









