রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

কালিগঞ্জের নলতায় জুয়েলারি দোকানে চুরি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
কালিগঞ্জের নলতায় জুয়েলারি দোকানে চুরি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জে নলতা বাজারের তৃষ্ণা জুয়েলার্স নামে একটি দোকান থেকে নগদ টাকা, রুপা স্বর্ণালংকারসহ ২০-২৫ লক্ষ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে বাজারে কর্তব্যরত নৈশ প্রহরী থাকতেও দোকানের শাটার, তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২০-২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা চোরেরা নিয়ে যায়।

তৃষ্ণা জুয়েলার্সের মালিক নলতা গ্রামের কালিদাস সাংবাদিকদের জানান, রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। সকালে বাজারে এসে দোকানের শাটার ও তালা ভাঙ্গা দেখতে পান। ওই সময় দোকানে প্রবেশ করে দেখেন ভিতরে রক্ষিত নিজস্ব নগদ টাকাসহ লকার ভেঙে ২০-২৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন সাংবাদিকদের বলেন, ঘটনা সম্পর্কে তাকে এরিপোর্ট লেখা পর্যন্ত জানানো হয়নি।

 

Ads small one

সাতক্ষীরায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সংবাদদাতা: সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের মৃত শুকুর আলী মন্ডলের ছেলে মো. বদরুজ্জামান (৫০)। অপরজন সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের নেবাখালী গ্রামের সৈয়দ আলী গাজীর ছেলে মো. শাহাদাত হোসেন (৫৪)। মো. বদরুজ্জামান ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে পরিচিত ও মো. শাহাদাত হোসেন আগরদাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচিত বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানার ওসি মো: মাহমুদুর রহমান এর নেতৃত্বে পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

জলাতঙ্ক রোগের লক্ষণ একবার প্রকাশ পেলে শতভাগ প্রাণঘাতী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
জলাতঙ্ক রোগের লক্ষণ একবার প্রকাশ পেলে শতভাগ প্রাণঘাতী

প্রকাশ ঘোষ বিধান

জলাতঙ্ক রোগের লক্ষণ একবার প্রকাশ পেলে তা প্রায় শতভাগ (৯৯.৯%) প্রাণঘাতী হয়ে থাকে। রেবিস ভাইরাসের আক্রমণে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর চিকিৎসকদের আর বিশেষ কিছু করার থাকে না এবং কয়েক দিনের মধ্যেই রোগীর মৃত্যু অনিবার্য হয়ে পড়ে।
জলাতঙ্কের ভাইরাসটি শরীরে প্রবেশ করার পর স্নায়ুর মাধ্যমে সরাসরি মস্তিষ্কে চলে যায়। সেখানে এটি তীব্র প্রদাহ তৈরি করে এবং মস্তিষ্কের কোষগুলোকে ধ্বংস করে দেয়। মস্তিষ্ক আক্রান্ত হওয়ার ফলে শ্বাসপ্রশ্বাস ও হৃদযন্ত্রের স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। ফলে লক্ষণ প্রকাশের মাত্র কয়েকদিনের মধ্যেই রোগী মারা যান।

জলাতঙ্ক বা র‌্যাবিস রোগের লক্ষণ একবার প্রকাশ পেলে এটি প্রায় শতভাগ প্রাণঘাতী এবং এর কোনো সুনির্দিষ্ট বা কার্যকর চিকিৎসা নেই। জলাতঙ্ক সৃষ্টিকারী রেবিজ ভাইরাস সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের কোষগুলো দ্রুত ধ্বংস করে দেয়। একবার লক্ষণ প্রকাশ পেলে এই স্নায়বিক ক্ষতি আর ঠিক করা সম্ভব হয় না এবং একপর্যায়ে শ্বাসকষ্ট বা অঙ্গহানি ঘটে রোগীর মৃত্যু হয়। তবে প্রাণী কামড়ানোর পরপরই টিকা নিলে এই রোগ শতভাগ প্রতিরোধ করা সম্ভব।

প্রতি বছর ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়। ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর প্রথম জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন। তাঁর মৃত্যুর দিনটিকে স্মরণ করে এই তারিখ নির্ধারণ করা হয়। ২০০৭ সাল থেকে গ্লোবাল অ্যালায়েন্স ফর র্যাবিস কন্ট্রোল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর উদ্যোগে এই দিবসটি পালন শুরু হয়। এর মূল উদ্দেশ্য জলাতঙ্ক রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং গৃহপালিত প্রাণীকে টিকা দেওয়ার মাধ্যমে এই রোগ নির্মূল করা।

কুকুরের কামড় বা আঁচড়ের মাধ্যমেই মানুষের শরীরে রেবিস বা জলাতঙ্ক ভাইরাস ছড়ায়। এটি রেবিস নামক একটি নিউরোট্রপিক ভাইরাসের কারণে ঘটে থাকে। শুধু কুকুর নয়, বিড়াল, শিয়াল, বেজি বা বানরের মতো অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমেও এটি ছড়াতে পারে। আক্রান্ত প্রাণীর লালায় এই ভাইরাসটি থাকে। যখন তারা কামড়ায় বা আঁচড় দেয়, তখন লালাটি মানুষের রক্ত বা ক্ষতের সংস্পর্শে এসে শরীরে প্রবেশ করে।

কুকুর, বিড়াল বা বন্য প্রাণীর কামড় বা আঁচড়ের সাধারণত ১ থেকে ৩ মাস পর (ইনকিউবেশন পিরিয়ড) লক্ষণ দেখা দেয়। জ্বর, মাথাব্যথা, চরম ক্লান্তি, কামড়ের স্থানে অবশ ভাব, চুলকানি বা সুঁই ফোটার মতো অনুভূতি হওয়া। অতিরিক্ত লালা ক্ষরণ, তীব্র মানসিক উত্তেজনা বা উগ্রতা, হ্যালুসিনেশন, পানি দেখলেই আতঙ্ক তৈরি হওয়া (হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক) এবং বাতাসের ঝাপটায় আতঙ্ক লাগা (অ্যারোফোবিয়া)। শেষ পর্যায়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শ্বাসকষ্টের কারণে রোগীর মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএস সিডিসি এর তথ্য অনুযায়ী, লক্ষণ প্রকাশের পর এই রোগ থেকে বেঁচে যাওয়ার ঘটনা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত বিরল।

কুকুর বা অন্য কোনো প্রাণী কামড়ানোর সাথে সাথে ক্ষতস্থানটি অন্তত ১৫ মিনিট ধরে ক্ষারযুক্ত সাবান এবং চলমান পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এতে ক্ষতস্থানে থাকা ভাইরাসের একটি বড় অংশ দূর হয়ে যায়। ধোয়ার পর ক্ষতস্থানে আয়োডিন বা টিংচার বেনজোইন-এর মতো অ্যান্টিসেপটিক লোশন বা ক্রিম লাগাতে হবে। কামড়ের স্থানটি সাধারণত ব্যান্ডেজ দিয়ে শক্ত করে বাঁধা উচিত নয়। ক্ষত উন্মুক্ত রাখা ভালো।

প্রাথমিক চিকিৎসার পরই যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। অ্যান্টি-রেবিস ভ্যাকসিন লক্ষণ প্রকাশের আগে পোস্ট-এক্সপোজার প্রোফাইল্যাক্সিস বা জলাতঙ্কের প্রতিষেধক টিকা নেওয়া শুরু করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকার সম্পূর্ণ ডোজ শেষ করা বাধ্যতামূলক। কুকুরের কামড়ে ব্যাকটেরিয়া বা টিটেনাসের ঝুঁকি থাকে, তাই প্রয়োজন হলে ডাক্তার টিটেনাস শট বা অ্যান্টিবায়োটিক দিতে হয়।

জলাতঙ্ক রোগের লক্ষণ একবার প্রকাশ পেয়ে গেলে এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই এবং এটি শতভাগ প্রাণঘাতী। তাই কামড় বা আঁচড় লাগার পর অবহেলা না করে দ্রুত টিকা নেওয়াই একমাত্র জীবন রক্ষাকারী উপায়। লক্ষণ শুরু হওয়ার পর এই ভাইরাস ধ্বংস করার মতো কোনো কার্যকর চিকিৎসা বা ওষুধ চিকিৎসা বিজ্ঞানে এখনও আবিষ্কার হয়নি। লক্ষণ প্রকাশের আগেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে জলাতঙ্কের ভ্যাকসিন ও ইমিউনোগ্লোবিন নিতে হবে। একবার লক্ষণ প্রকাশ পেলে টিকা বা চিকিৎসায় আর জীবন রক্ষা করা সম্ভব হয় না।

লেখক : সাংবাদিক ও কলামিস্ট

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

সংবাদদাতা: আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন অর্থোপেডিক বিশ্ব কংগ্রেসে অংশ নিতে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন ও অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান পলাশ।

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত জাপানের ঐতিহাসিক শহর কিয়োটোতে ৪৬তম এই কংগ্রেসে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক চিকিৎসা সংগঠন সিকোট -এর আয়োজনে এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য অর্থোপেডিক বিশেষজ্ঞ, গবেষক ও চিকিৎসকরা যোগ দিচ্ছেন।

পেশাগত তথ্য অনুযায়ী, ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন ও অর্থোপেডিক বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর চিকিৎসা শিক্ষায় রয়েছে এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (স্পাইন ও অর্থোপেডিক), এফএসিএস এবং দেশ-বিদেশে স্পাইন সার্জারির বিভিন্ন ফেলোশিপ ও উচ্চতর প্রশিক্ষণ।

পেশাগত জীবনে তিনি সিঙ্গাপুরে এও স্পাইন, দক্ষিণ কোরিয়ায় এন্ডোস্কোপিক মেরুদন্ড এবং সুইজারল্যান্ডে এও স্পাইন -সহ অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনে স্পাইন চিকিৎসার ওপর বিশেষ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর আগে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির ওপর ফেলোশিপ প্রশিক্ষণ শেষ করে দেশে ফিরে তিনি মেরুদন্ডের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ ঘটিয়ে ব্যাপক আলোচনায় আসেন।

সিকোট -এর অফিসিয়াল তথ্য অনুযায়ী, এবারের কংগ্রেসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-“ভবিষ্যতের পথে এক সেতু”। সম্মেলনে আধুনিক অর্থোপেডিক চিকিৎসা, রোবোটিকস, রিজেনারেটিভ মেডিসিন, এআই-ভিত্তিক ডায়াগনস্টিকস এবং সার্জারির নানা আধুনিক পদ্ধতি নিয়ে বৈজ্ঞানিক সেশন, সিম্পোজিয়াম ও কর্মশালা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টদের আশা, জাপানের এই আন্তর্জাতিক কংগ্রেসে অংশগ্রহণের মধ্য দিয়ে ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশের পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি, সম্মেলন শেষে দেশে ফিরে তিনি অর্জিত এই আধুনিক জ্ঞান ও প্রযুক্তি দেশের রোগীদের চিকিৎসাসেবায় আরও সফলভাবে কাজে লাগাতে পারবেন।