কালিগঞ্জে শিক্ষার্থী হত্যার ১৫ দিন পার, অধরা আসামিরা
সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জে শিশু ফারজানা সুলতানা হত্যা এবং পরবর্তীতে ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত সুমাইয়া সুলতানা হত্যাকা-ের ১৫ দিন পার হলেও মূল আসামিদের গ্রেপ্তার করা যায়নি।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই কালিগঞ্জের কাজলা-কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ফারজানা সুলতানাকে শ্বাসরোধে হত্যা করা হয়। ওই দিন সুমাইয়ার ঘরের দেয়াল আলমারি থেকে হাত-পা বাঁধা অবস্থায় ফারজানার লাশ উদ্ধার করা হয়। এর পরপরই উত্তেজিত পরিবেশের মধ্যে সুমাইয়াকে পিটিয়ে হত্যা করা হয়।
ফারজানা হত্যা মামলায় নামীয় আসামি গ্রেপ্তার হলেও সুমাইয়া হত্যাকা-ে মামলা দায়েরের ১৫ দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিহত সুমাইয়ার বাবা মো. আবদুল লতিফ শেখ আদালতে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার প্রধান আসামি ও তাঁর সহযোগীরা সাক্ষীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মল্লিক মনিরুজ্জামান জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। নিশ্চিত হয়েই আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, পোস্টমর্টেম প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, যেখানে শ্বাসরোধ ও মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে।









