বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

কেশবপুর অবৈধভাবে পরিচালিত দুটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
কেশবপুর অবৈধভাবে পরিচালিত দুটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ

কেশবপুর (পৌর) প্রতিনিধি: যশোরের কেশবপুর অবৈধভাবে পরিচালিত দুটি প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। বন্ধ ঘোষিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার দুটি হলো পৌর শহরের সরকারি পশু হাসপাতাল সংলগ্ন মাইকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ক্রিস্টাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

রবিবার দুপুরে যশোরের সিভিল সার্জন ডাক্তার মোঃ মাসুদ রানা, ও কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদের রেহনেওয়াজসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মাইকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ক্রিস্টাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লিনিক এর কোন ধরনের কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে যশোরের সিভিল সার্জন জানান।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ রেহনেওয়াজ বলেন, যে দুটি ক্লিনিক বন্ধ করা হয়েছে, ২০২৩ সাল এর পর থেকে তাদের কোন বৈধ কাগজপত্র নাই। সেই কারণে তাদেরকে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আরো বলেন অবৈধভাবে প্রচলিত সকল ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Ads small one

রাত পোহালেই ঈদুল আজহা: কোরবানি উপলক্ষে সাতক্ষীরায় চুইঝালের কদর বেড়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
রাত পোহালেই ঈদুল আজহা: কোরবানি উপলক্ষে সাতক্ষীরায় চুইঝালের কদর বেড়েছে

আসাদুজ্জামান সরদার: রাত পোহালেই মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আর কোরবানি ঈদকে সামনে রেখে সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাংসের স্বাদ বাড়াতে অপরিহার্য উপাদান ‘চুইঝাল’ কেনার ধুম পড়েছে।

ঈদুল আজহার পশু কোরবানির পর চুইঝাল ছাড়া মাংসের রান্নাই যেন অসম্পূর্ণ থেকে যায় এ অঞ্চলের ভোজনরসিকদের কাছে। ফলে কোরবানির ঈদকে কেন্দ্র করে সাতক্ষীরার বাজারগুলোতে এই বিশেষ মসলাজাতীয় উদ্ভিদের কদর ও চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে। চাহিদা বাড়ার এই সুযোগে খুচরা ও পাইকারি বাজারে চুইঝালের দামও বেশ চড়া।

খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে চুইঝালের ঐতিহাসিক জনপ্রিয়তা থাকলেও বর্তমানে দেশের অন্যান্য জেলাতেও ঝাল ও সুগন্ধি হিসেবে এর চাহিদা দিন দিন বাড়ছে।

ঈদের আগে সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী বড় বাজার ঘুরে দেখা গেছে, ছোট-বড় ও মাঝারি বিভিন্ন আকারের চুইঝালের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। কোরবানির মাংসের স্বাদ ও সুঘ্রাণ দ্বিগুণ করতে দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সাধারণ সময়ে বাজারে মানভেদে প্রতি কেজি চুইঝাল ৪০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হলেও, এখন আকার ও মান অনুযায়ী তা ৮০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

শহরের রাজার বাগান এলাকা থেকে বড় বাজারে আসা মেহেরুন্নেসা নামে এক ক্রেতা বলেন, আমার পরিবারের সবাই চুইঝাল খুবই পছন্দ করে। শুধু গরুর মাংসই না-সব ধরনের মাংস, বড় মাছ ও অন্যান্য মুখরোচক খাবারে আমরা চুইঝাল খাই। তবে কোরবানির ঈদে গরুর মাংসের সাথে চুইঝাল না হলে একদমই চলে না। আগামীকাল ঈদ, তাই চুইঝাল কিনতে এসেছি। ঈদ উপলক্ষে দাম কিছুটা বেশি হলেও মাংসের স্বাদ পেতে চুইঝাল আমাদের লাগবেই। কারণ ঈদের দিন অতিথিদের চুইঝাল দিয়ে রান্না করা মাংস পরিবেশন করা এ অঞ্চলের একটি রেওয়াজ।”

 

বাজার করতে আসা শহরের মুনজিতপুর এলাকার চাকরিজীবী শরিফুল ইসলাম বলেন, “বছরের অন্য সময়ের তুলনায় ঈদের আগে চুইঝালের দাম কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বেশি, তাই আমাদেরও বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে। দাম যতই বাড়ুক, কোরবানি ঈদের মাংসে চুইঝালের স্বাদ না থাকলে ঈদের রান্নার তৃপ্তিই আসে না।

বড় বাজার মসজিদের সামনের চুইঝাল বিক্রেতা সাইদুল ইসলাম বলেন, মাংসে চুইঝাল দিলে রান্নায় অন্যরকম একটা অতুলনীয় স্বাদ ও সুঘ্রাণ আসে। এ কারণে ঈদের আগের এই কয়েকদিন বেচা-বিক্রি অনেক ভালো হচ্ছে। আমরা সাতক্ষীরা সদর, তালা, দেবহাটা, কালিগঞ্জসহ জেলার বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে গাছ ও চুইঝাল সংগ্রহ করি। আবার অনেক সময় পাইকারি ব্যবসায়ীরাও বাজারে আমাদের দিয়ে যান। শহরের বেশ কয়েকটি হোটেল চুইঝালের মাংসের জন্য বিখ্যাত হওয়ায় সারা বছরই এর ভালো চাহিদা থাকে, তবে কোরবানির উৎসবে বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। এবার পাইকারি বাজারে চড়া দাম হওয়ায় আমাদেরও কিছুটা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

আসাদুল ইসলাম নামে অন্য এক চুইঝাল বিক্রেতা বলেন, কোরবানি উপলক্ষে বাজারে আকস্মিক চাহিদা বাড়ায় পাইকারি ব্যবসায়ীরা চুইঝালের দাম বাড়িয়ে দিয়েছেন। যে চিকন চুইঝাল আগে আমরা ৪০০ থেকে ৬০০ টাকায় এবং কিছুটা মোটা ও ভালো মানের চুইঝাল ৮০০ টাকা কেজিতে বিক্রি করতাম, তা এখন পাইকারি দরেই বেশি দামে কিনতে হচ্ছে। ফলে বর্তমানে চুইঝালের সাইজ ও পরিপক্বতা অনুযায়ী কেজি প্রতি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বিক্রি করতে হচ্ছে।”

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, প্রতিবছর কোরবানির ঈদ এলেই এ অঞ্চলে চুইঝালের কদর ও বাণিজ্যিক চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। চলতি মৌসুমে জেলায় মোট ২৩ হেক্টর জমিতে চুইঝালের আবাদ হয়েছে। বর্তমানে সাতক্ষীরা সদর, তালা এবং কলারোয়া উপজেলায় বাণিজ্যিকভাবে এর চাষ হচ্ছে। এছাড়া জেলার বাকি উপজেলাগুলোতে গ্রামীণ পর্যায়ে বাড়ির আনাচে-কানাচে ও বিভিন্ন গাছে গাছে চুইঝাল লাগানো হয়। এটি চাষে আলাদা কোনো জমির প্রয়োজন হয় না; যেকোনো বড় আম, মেহগনি বা জিওল গাছে এটি আরোহী লতা হিসেবে বেড়ে ওঠে। অনেকেই এখন বাণিজ্যিকভাবে ও শখের বশে চুইঝাল চাষ করে সংসারে বাড়তি আয় করছেন।

ঈদ উপহার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ঈদ উপহার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিন
নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাতক্ষীরা শহরের ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৭ মে) বিকাল ৪টা থেকে শহরের বিভিন্ন এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো. শাহিন ইসলামের উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ছিন্নমূল মানুষের হাতে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার তুলে দেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ, শহর কৃষক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী ইমরান, আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, শহর ছাত্রদলের আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম, নয়ন ইসলাম, আরিফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা মাহিসহ আরও অনেকে।
জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মঞ্জুরুল আলম বাপ্পী বলেন, ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝেও ছড়িয়ে দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এ আয়োজন।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
নেতৃবৃন্দ জানান, ঈদ উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় সচেষ্ট রয়েছে এবং আগামীতেও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে।

দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘পবিত্র ঈদুল আজহা’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আযহা। আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মুবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।’

প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমান পবিত্র ঈদুল আযহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।’ একইসঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

তারেক রহমান বলেন, ‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। আল্লাহ’র অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।’