খুলনায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন সম্পন্ন
খুলনার রূপসায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন-২০২৬ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার্স সোসাইটির উদ্যোগে এবং সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং সেন্টারের আয়োজনে গত ১২ নভেম্বর সি.এস.এস. আভা সেন্টারে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে বৈদিক জ্যোতিষ, হস্তরেখাবিদ্যা, জন্মকুণ্ডলী বিশ্লেষণ ও সংখ্যাতত্ত্বসহ জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। এতে বক্তব্য দেন ড. কে. সি. পাল, স্বপন চক্রবর্তী, মেধস চক্রবর্তী, জে. কে. দেব, বিপ্লব ধর ও নিরোজ কান্তিসহ অনেকে।
সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের সনদ, গোল্ড মেডেল ও সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। জ্যোতিষশাস্ত্রের চর্চা ও বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বর্ণমুকুট পুরস্কার’ প্রদান করা হয়। দুই ব্যাচের ১০ শিক্ষার্থীকে বৃত্তিও দেওয়া হয়।
আয়োজকেরা জানান, সম্মেলনের মাধ্যমে জ্যোতিষশাস্ত্রের চর্চা, অভিজ্ঞতা বিনিময় ও সাংগঠনিক সম্পর্ক জোরদারের পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার্স সোসাইটির মহাসচিব ড. কে. সি. পাল অংশগ্রহণকারী অতিথি, আলোচক, শিক্ষার্থী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসও সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি









