খুলনায় বিভাগীয় বইমেলায় ‘মানবতাবাদ ও বিশ্বশান্তি’ শীর্ষক সেমিনার
পত্রদূত ডেস্ক: খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার ষষ্ঠ দিনে ‘মানবতাবাদ ও বিশ্বশান্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, চাকরির প্রস্তুতি নিতে গিয়ে প্রতিযোগিতার চাপে শিক্ষার্থীরা দিন দিন মানবিক শিক্ষার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যায়, বৈষম্য ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।
বক্তারা বলেন, বইমেলার উদ্দেশ্য শুধু বই কেনা নয়, বরং বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলা। নিয়মিত বই পড়ার অভ্যাস জ্ঞান ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়তা করে।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ শাহ ও খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. আনিস-আর-রেজা। প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি বিএল কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আমেনা খানম। আলোচক ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল ইসলাম।











