খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘সংস্কৃতি ও নৈতিকতা’ শীর্ষক সেমিনার
খুলনা সংবাদদাতা: খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘সংস্কৃতি ও নৈতিকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে বইমেলার অষ্টম দিনে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বইমেলা শুধু বইয়ের বাজার তৈরি করে না, এটি একটি শহরের সংস্কৃতিকে সমৃদ্ধ করে এবং মানুষের মধ্যে নতুন সামাজিক বন্ধন তৈরি করে। মানুষের জীবনযাত্রা, প্রযুক্তি ও চিন্তাধারার পরিবর্তনের পাশাপাশি আমরা কতটা আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে মানবিক, সহনশীল ও মূল্যবোধসম্পন্ন মানুষ হয়ে উঠছি, সেটিও ভাবতে হবে। সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয় বহন করে। সংস্কৃতি ও নৈতিকতা পরস্পরের পরিপূরক। নৈতিকতা ছাড়া সংস্কৃতি মূল্যহীন। আর বই হচ্ছে সংস্কৃতি ও নৈতিকতার অন্যতম ধারক ও বাহক।
তিনি আরও বলেন, নতুন প্রজন্ম দিন দিন ডিজিটাল প্রযুক্তিতে আসক্ত হয়ে পড়ছে এবং তাদের মধ্যে নৈতিকতার সংকীর্ণতাও তৈরি হচ্ছে। একটি ভালো বই মানুষের জীবনের প্রেক্ষাপট বদলে দিতে পারে। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে দেশের সংস্কৃতি ও নৈতিকতাবোধ আরও সমৃদ্ধ হবে। নিজেদের বই পড়ার পাশাপাশি অন্যদেরও বই পড়তে উৎসাহিত করতে হবে। তাহলেই বইমেলার আয়োজন সার্থক হবে।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান এবং খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
প্রধান আলোচক ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মো. আব্দুস ছালাম। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। আলোচক ছিলেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলাম।








