খুলনা মহানগর জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাহফুজুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ মাহফুজুর রহমান আমীর, অধ্যাপক নজিবুর রহমান নায়েবে আমীর এবং অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি পুনরায় সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
রোববার সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিমের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির সহকারী সেক্রেটারি হয়েছেন অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী। এ ছাড়া মহানগরী কর্মপরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো. আনিসুর রহমান ও মুশাররফ আনসারী।
এর আগে মহানগরীর রুকনদের প্রত্যক্ষ ভোটে আমীর ও শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ মাহফুজুর রহমান সর্বোচ্চ ভোট পেয়ে আমীর নির্বাচিত হন। শূরার সদস্য নির্বাচিত হয়েছেন ৩৯ জন পুরুষ ও ১৬ জন নারী।
নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে মাওলানা আবুল কালাম আজাদ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসব বিষয় জাতীয় সংসদে তুলে ধরা হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। খুলনাকে চাঁদাবাজদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সভায় তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে মানুষের পাশে থাকার কথা উল্লেখ করে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রেসবিজ্ঞপ্তি











