গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণের সমাপনী
নিজস্ব প্রতিনিধি: গ্রামে শান্তি প্রতিষ্ঠা, স্থানীয় বিরোধ নিষ্পত্তি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে আরও সক্রিয় করার আহ্বান জানানো হয়েছে। সাতক্ষীরায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণের সমাপনী দিনে বক্তারা এ কথা বলেন। বৃহস্পতিবার (১১ জুন) দুই দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের সমাপ্তি ঘটে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৭৭টি ইউপি প্রশাসনিক কর্মকর্তার অংশগ্রহণে তিনটি ব্যাচে এই আবাসিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শেখ মঈনুল ইসলাম।
সভাপতির বক্তব্যে শেখ মঈনুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের বিচারিক কাজ পরিচালনায় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের আইন ও বিধি অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার, সমাজসেবা, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা তথ্য অফিসার। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের মামলা গ্রহণ, নথি ব্যবস্থাপনা এবং সংশোধিত গ্রাম আদালত আইনের বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।









