বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান সাতক্ষীরার কৃষক-জেলেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান সাতক্ষীরার কৃষক-জেলেরা

সংবাদদাতা: জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন, কৃষকের অধিকার সুরক্ষা এবং জলবায়ু বাস্তুচ্যুত মানুষের স্থায়ী পুনর্বাসনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার গফুর সাহেবের ব্রিজসংলগ্ন স্থানে বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ এ কর্মসূচির আয়োজন করে। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) সামনে রেখে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ শীর্ষক প্রচারাভিযানের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

এতে কৃষক, নারী কৃষক, জেলে, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৭০ জন অংশ নেন। মানববন্ধন শেষে একটি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

নারী নেত্রী ফাতেমা বেগমের সভাপতিত্বে এবং স্বদেশের নির্বাহী পরিচালক ও মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন নদী ও বন পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নারী নেত্রী মলুদা বেগম, নারী কৃষক কেয়া ঢালী, মনিরা দাস, সোনিয়া খাতুন ও বাচ্চু।

এ সময় স্বদেশের প্যারালিগাল শরিফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মো. আজহারুল ইসলাম, কর্মসূচি সংগঠক তাহমিনাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশের কৃষক ও জেলেরা জলবায়ু সংকট সৃষ্টির জন্য দায়ী নন। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা ও জীবিকা সংকটের সবচেয়ে বড় বোঝা তাঁদের বহন করতে হচ্ছে। জলবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় বিবেচনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে শর্তযুক্ত ঋণ বা বিনিয়োগের পরিবর্তে ন্যায্য ক্ষতিপূরণ হিসেবে অনুদান দিতে হবে।

তাঁরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের স্থায়ী আবাসন ও পুনর্বাসন, নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি, কর্মসংস্থানের সুযোগ এবং সবার জন্য খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষি ও খাদ্যব্যবস্থাকে জলবায়ু সহনশীল করতে প্রান্তিক কৃষক, নারী কৃষক ও জেলেদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ত করাও জরুরি।

আয়োজকেরা কপ-৩১ সম্মেলনের প্রথম সপ্তাহের অগ্রগতিকে কৃষক ও জলবায়ু ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রত্যাশার তুলনায় হতাশাজনক বলে উল্লেখ করেন। তাঁদের দাবি, উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি ৭১ শতাংশ কমে গেছে। অন্যদিকে সম্মেলনে বাংলাদেশের জন্য ঘোষিত ৩ কোটি ডলার অনুদান দেশের বার্ষিক জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির আনুমানিক ১ হাজার ৫২০ কোটি ডলারের মাত্র ০.২ শতাংশ। ফলে জলবায়ু সংকটের বাস্তবতা বিবেচনায় এ অর্থায়ন অত্যন্ত অপ্রতুল।

কপ-৩১ সম্মেলনের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আয়োজকদের দাবির মধ্যে রয়েছে—স্বল্পোন্নত দেশগুলোর অভিযোজন অর্থায়ন সম্পূর্ণ অনুদানভিত্তিক করা, ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলেদের সরাসরি সহায়তা দেওয়া, কৃষি ও খাদ্য খাতে অন্তত পাঁচ বছরের স্থায়ী অর্থায়ন কর্মসূচি গ্রহণ এবং কার্বন বাজারের পরিবর্তে কৃষিপ্রতিবেশভিত্তিক ব্যবস্থাকে জলবায়ু সংকট মোকাবিলার কার্যকর সমাধান হিসেবে স্বীকৃতি দেওয়া। পাশাপাশি জলবায়ু দুর্যোগে বিপর্যস্ত দেশগুলোর অন্যায্য বিদেশি ঋণ বাতিল, নারী কৃষকের স্বীকৃতি এবং বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সরকারের প্রতিও সম্মেলনের বাকি দিনগুলোতে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান আয়োজকেরা। একই সঙ্গে ঘোষিত ৩ কোটি ডলার অনুদানের ব্যবহার ও বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করা, সার উৎপাদনে গ্যাস বরাদ্দে অগ্রাধিকার দেওয়া এবং কৃষক কার্ড ও শস্যবিমা কর্মসূচিতে বর্গাচাষি, নারী কৃষক, ভূমিহীন ও জেলেদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব তুলে ধরা হয়।

উল্লেখ্য, দেশের ৩০টি নাগরিক সংগঠনের যৌথ উদ্যোগে ‘জীবাশ্ম জ্বালানি নয়, ঋণও নয়; খাদ্যনিরাপত্তা ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত কর’ স্লোগান সামনে রেখে ১৫টি জেলায় এ প্রচারাভিযান পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় প্রান্তিক কৃষক, জেলে ও জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার ও দাবিগুলো তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

Ads small one

বাল্যবিবাহ বন্ধে আইন নয়, কার্যকর উদ্যোগ জরুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
বাল্যবিবাহ বন্ধে আইন নয়, কার্যকর উদ্যোগ জরুরি

সাকিবুর রহমান বাবলা

২০২৬ সালের ৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৮০/৩০৯ নম্বর প্রস্তাব গ্রহণ করে ২৭ নভেম্বরকে ‘বাল্যবিবাহ, অল্প বয়সে ও জোরপূর্বক বিবাহের অবসানে আন্তর্জাতিক দিবস’ ঘোষণা করে। দিবসটির লক্ষ্য সচেতনতা বৃদ্ধি, রাজনৈতিক অঙ্গীকার ও জবাবদিহি জোরদার এবং উত্তম অভিজ্ঞতা বিনিময়। জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী, বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ মানবাধিকার লঙ্ঘন। এসব বিবাহ নারী ও মেয়েশিশুর শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সুযোগ এবং স্বাধীনভাবে জীবন বেছে নেওয়ার অধিকার বাধাগ্রস্ত করে। অনানুষ্ঠানিক ও নিবন্ধনহীন বিবাহও প্রতিরোধের আওতায় আনা জরুরি।

বিশ্বে প্রতিবছর প্রায় ১ কোটি ২০ লাখ মেয়েশিশুর ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়। ২০২৬ সাল পর্যন্ত জীবিত প্রায় ৬৫ কোটি নারী ও মেয়েশিশুর শৈশবে বিয়ের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ কোটি ২০ লাখ মানুষ জোরপূর্বক বিবাহের শিকার, যাঁদের দুই-তৃতীয়াংশের বেশি নারী ও মেয়ে। এসব বিবাহ শিক্ষা ও অর্থনৈতিক সম্ভাবনা সংকুচিত করে, স্বাস্থ্যঝুঁকি এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়ায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫-এর ৫.৩ নম্বর লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহসহ ক্ষতিকর প্রথা নির্মূলের অঙ্গীকার রয়েছে। কিন্তু বর্তমান গতিতে বাল্যবিবাহ বন্ধ করতে প্রায় ৩০০ বছর লাগতে পারে বলে জাতিসংঘ সতর্ক করেছে। তাই সমন্বিত উদ্যোগের পাশাপাশি বিবাহিত মেয়েদের শিক্ষা অব্যাহত রাখা এবং পুনরায় শিক্ষায় ফেরার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

বিবাহের ন্যূনতম বয়স নির্ধারণের ইতিহাস প্রাচীন। রোমান আইনে মেয়েদের ১২ ও ছেলেদের ১৪ বছর বয়সকে বিবাহের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হতো। আধুনিক যুগে ব্রিটিশ ভারতের ১৮৭২ সালের নেটিভ ম্যারেজ অ্যাক্ট এবং ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইন বা সারদা আইন উল্লেখযোগ্য। ২৮ সেপ্টেম্বর পাস হওয়া আইনটি ১৯৩০ সালের ১ এপ্রিল কার্যকর হয়। এতে মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স ১৪ ও ছেলেদের ১৮ বছর নির্ধারণ করা হয়েছিল। একই বছর যুক্তরাজ্যে বিবাহের ন্যূনতম বয়স ১৬ বছর করা হয়। সুইডেন, নরওয়ে ও ডেনমার্কে শিক্ষা, নারীর স্বনির্ভরতা এবং কঠোর নিবন্ধনব্যবস্থা বাল্যবিবাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বাংলাদেশে ১৯২৯ সালের আইন কার্যকর ছিল। ১৯৮৪ সালের অধ্যাদেশে মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স ১৮ ও ছেলেদের ২১ বছর করা হয়। পরে পুরোনো আইন রহিত করে প্রণয়ন করা হয় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭। আগের আইনে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা এক হাজার টাকা জরিমানার বিধান থাকলেও নতুন আইনে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাসনদ ও পাসপোর্ট বয়স প্রমাণের দলিল হিসেবে বিবেচিত। এ ছাড়া স্থানীয় প্রতিরোধ কমিটি গঠন ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। ২০১৪ সালের লন্ডন গার্ল সামিটে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূলের অঙ্গীকার করে। তবে আইনের ১৯ ধারায় বিশেষ পরিস্থিতিতে আদালতের অনুমতি ও অভিভাবকের সম্মতিতে অপ্রাপ্তবয়স্কের বিয়ের সুযোগ রাখা হয়েছে। এই বিধানের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। তাই এর সংস্কার প্রয়োজন।

বিশ্বে বাল্যবিবাহের হার নাইজারে প্রায় ৭৬ শতাংশ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও চাদে ৬১ থেকে ৬৮ শতাংশ, মালিতে ৫৪ থেকে ৫৫ শতাংশ এবং দক্ষিণ সুদান ও বুরকিনা ফাসোতে প্রায় ৫২ শতাংশ। বাংলাদেশও বাল্যবিবাহের উচ্চহারের দেশ। মোট সংখ্যার হিসাবে ভারত প্রথম এবং বাংলাদেশ দ্বিতীয়। বাল্যবিবাহ প্রতিরোধে ভারতের পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প, শর্তসাপেক্ষ আর্থিক সহায়তা, বিনামূল্যে বই ও সাইকেল বিতরণ, নিরাপদ যাতায়াত এবং নেপাল ও ইথিওপিয়ায় ধর্মীয় ও স্থানীয় নেতাদের সম্পৃক্ততার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। সিয়েরা লিওন ও বলিভিয়ার আইন সংস্কারের উদ্যোগও উল্লেখযোগ্য। অন্যদিকে শিক্ষা, শিল্পায়ন, নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা ও কঠোর আইনগত ব্যবস্থার ফলে সুইডেন, নরওয়ে ও ডেনমার্কসহ নর্ডিক দেশগুলোতে বাল্যবিবাহ কার্যত বিলুপ্ত হয়েছে। সেখানে ১৮ বছরের নিচে বিবাহের ক্ষেত্রে ব্যতিক্রমের সুযোগও নেই।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথভাবে পরিচালিত সর্বশেষ ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫’ (প্রকাশ: জুন ২০২৬) অনুযায়ী, জাতীয় পর্যায়ে বাল্যবিবাহের হার ৪৭.২ শতাংশ এবং সাতক্ষীরা জেলায় ৬২.৩ শতাংশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, নদীভাঙন, দারিদ্র্য, নিরাপত্তাহীনতা, কুসংস্কার, পারিবারিক বিচ্ছেদ ও আইন প্রয়োগের দুর্বলতা উপকূলীয় এলাকায় বাল্যবিবাহের ঝুঁকি বাড়ায়।

আমি ২০১৩ সাল থেকে সাতক্ষীরায় বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছি। আমার উদ্যোগে প্রায় আড়াই হাজার বাল্যবিবাহ প্রতিরোধের তথ্য রয়েছে। গত নয় মাসে ৭০টি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে অন্তত ৭০০ ছাত্রীর বাল্যবিবাহের তথ্য পেয়েছি। তালার ইসলামকাটি বালিকা বিদ্যালয়ে ১৩ জন, সদর উপজেলার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসায় ১৬ জন এবং আশাশুনির গোয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসায় ৩২ ছাত্রীর বিয়ের তথ্য ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। এ ছাড়া সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর নবম ও দশম শ্রেণির ৪৪ জন মেয়েশিশু বাল্যবিবাহের শিকার হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। এসব তথ্য আমাদের সামনে ভয়াবহ বাস্তবতা তুলে ধরে।

বাল্যবিবাহ প্রতিরোধে জেলায় ৭৭টি ইউনিয়ন, তিনটি পৌরসভা ও সাতটি উপজেলায় ১ হাজার ৮০০-এর বেশি কমিটি-সদস্য থাকলেও কার্যক্রমে তেমন গতি নেই। ভোট হারানোর ভয়, তথ্যদাতার নিরাপত্তাহীনতা, জনবল সংকট, দ্রুত ভ্রাম্যমাণ আদালত না পৌঁছানো এবং শুধু মুচলেকা নিয়ে দায় শেষ করার প্রবণতা প্রতিরোধ কার্যক্রমকে দুর্বল করে দিচ্ছে। বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। ২০১৫ সালে ইউনিসেফের মনোনয়নে বাল্যবিবাহ প্রতিরোধে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার কালীগঞ্জের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে সম্মাননার জন্য মনোনীত হয়েছিলেন। এ ধরনের উদ্যোগ ও স্বীকৃতি প্রতিরোধ কার্যক্রমে অনুপ্রেরণা জোগাতে পারে।

বাল্যবিবাহের অবসান মানে শুধু একটি সামাজিক প্রথা বন্ধ করা নয়; বরং মেয়েদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, অর্থনৈতিক সুযোগ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিশ্চিত করা। ১০৯, ৩৩৩, ১০৯৮ ও ৯৯৯ হেল্পলাইন, উপবৃত্তি, কিশোর-কিশোরী ক্লাব, শক্তিশালী আইন এবং স্থানীয় উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। মেয়েদের অধিকারভোগী, নেতৃত্বদানকারী ও পরিবর্তনের অগ্রদূত হিসেবে স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে লিঙ্গবৈষম্য ও দারিদ্র্যের কাঠামোগত কারণ দূর করা জরুরি।

দিবসটির সার্থকতা আনুষ্ঠানিক আয়োজন কিংবা বক্তৃতায় নয়, বাস্তব পদক্ষেপে। বাল্যবিবাহ প্রতিরোধে আইন আছে, কমিটি আছে, হেল্পলাইন আছে—কিন্তু সেগুলো কতটা কার্যকর, সেটিই এখন বড় প্রশ্ন। প্রতিটি মেয়েশিশুর নিজের ভবিষ্যৎ নিজে বেছে নেওয়ার অধিকার রয়েছে। ২০৩০ সালের অঙ্গীকার পূরণ করতে রাষ্ট্র, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে সেই অধিকার নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ বন্ধে আর বিলম্ব নয়; প্রয়োজন কার্যকর উদ্যোগ, দায়িত্বশীলতা ও দৃঢ় অঙ্গীকার।

ভালোবাসার মিষ্টি উপহার কেক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
ভালোবাসার মিষ্টি উপহার কেক

প্রকাশ ঘোষ বিধান

প্রতিবছর ২৬ নভেম্বর বিশ্বজুড়ে কেক দিবস উদ্‌যাপন করা হয়। আনন্দ, সৃজনশীলতা ও ভালোবাসা ভাগ করে নেওয়ার এই দিনটি কেকপ্রেমীদের কাছে বিশেষ উপলক্ষ। কেক শুধু সুস্বাদু খাবার নয়, এটি উৎসব, আবেগ ও সম্পর্কেরও প্রতীক।

কেকের ইতিহাস বেশ প্রাচীন। মিসর ও গ্রিসে মধু, বাদাম, দুধ ও ডিম দিয়ে মিষ্টি রুটি তৈরি হতো, যা আধুনিক কেকের আদি রূপ বলে ধারণা করা হয়। প্রাচীন কেক ছিল ভারী ও সমতল। পরে রোমানদের হাত ধরে কেকের স্বাদ ও গঠনে পরিবর্তন আসে। ইউরোপে ময়দা, চিনি, মাখন ও ওভেনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে কেক হয়ে ওঠে নরম, সুস্বাদু ও আকর্ষণীয়। উনিশ শতকে জন্মদিনের কেক ও মোমবাতির প্রচলন জনপ্রিয়তা পায়, যা ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

সময়ের সঙ্গে কেক তৈরিতে এসেছে নানা বৈচিত্র্য। চকোলেট, ভ্যানিলা, ব্ল্যাক ফরেস্ট, রেড ভেলভেট, চিজকেক ও ফ্রুট কেক—স্বাদ ও সাজসজ্জায় প্রতিটি কেকের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। চকোলেট কেকের সমৃদ্ধ স্বাদ, ভ্যানিলা কেকের মিষ্টি সুবাস, ব্ল্যাক ফরেস্টের চেরি ও ক্রিমের সমন্বয় কিংবা রেড ভেলভেটের আকর্ষণীয় রং—সবই কেকপ্রেমীদের কাছে বিশেষ জনপ্রিয়।

জন্মদিন, বিয়ে, বিবাহবার্ষিকী, চাকরিতে পদোন্নতি কিংবা যেকোনো সাফল্য উদ্‌যাপনে কেক এখন অপরিহার্য অনুষঙ্গ। কেক কাটার মধ্য দিয়ে শুভেচ্ছা, আনন্দ ও ভালোবাসা ভাগ করে নেওয়ার একটি সুন্দর রীতি গড়ে উঠেছে। জন্মদিনের কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে মনের ইচ্ছা প্রকাশও অনেকের কাছে আনন্দের ঐতিহ্য।

বিকেলের চায়ের সঙ্গে এক টুকরো কেক কিংবা প্রিয়জনের জন্য নিজের হাতে তৈরি কেক মুহূর্তকে করে তোলে আরও সুন্দর। বিশ্ব কেক দিবস আমাদের মনে করিয়ে দেয়, জীবনের ছোট ছোট আনন্দও উদ্‌যাপন করা প্রয়োজন। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে পছন্দের কেক ভাগ করে নেওয়ার মধ্যেই এই দিনের আনন্দ ও সার্থকতা নিহিত।

এক টুকরো কেক কখনো কখনো হয়ে উঠতে পারে ভালোবাসার মিষ্টি উপহার, আন্তরিকতার প্রকাশ এবং সম্পর্কের উষ্ণতা বাড়ানোর ছোট্ট উপলক্ষ।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় ৪ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় ৪ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও ঘোনা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল মুফতি মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের টাওয়ার আইসি, চার্জিং পিন ও মাউথ স্পিকার জব্দ করে। অন্যদিকে, ঘোনা বিওপির দল সীমান্ত পিলার-৭ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের সিম গার্ড ও চার্জিং পিন জব্দ করে।

দুটি অভিযানে মোট ৩ লাখ ৯২ হাজার ৬০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য অবৈধভাবে আনা হচ্ছিল বলে বিজিবি জানায়।