রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ভূমিহীন নেতৃবৃন্দের সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ভূমিহীন নেতৃবৃন্দের সাক্ষাৎ

সংবাদদাতা: সাতক্ষীরার ভূমিহীন নেতারা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় দেবহাটা-কালিগঞ্জের ভূমিহীন জনপদের নেতা মো. আলমগীর হোসেন, মো. বায়োজিদ হোসেন সবুর গাজী, জেলা ভূমিহীন পরিবারের সভাপতি মো. কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক স্বপন কুমার সানা এবং ভূমিহীন নেতা আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম বলেন, কালিগঞ্জের ভূমিহীনদের দীর্ঘদিনের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে বাবরবাদ ঘের ও জমির বিষয়টি গভীরভাবে জড়িত। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও পরে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই আন্দোলনের সময় ঐতিহাসিক সখিপুর কলেজ মাঠে এসে ভূমিহীনদের পাশে দাঁড়িয়েছিলেন। সে সময় তিনি ভূমিহীনদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকান্ডের বিচার করার আশ্বাস দিয়েছিলেন।

তিনি বলেন, পরবর্তী সময়ে সরকার গঠনের পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কালিগঞ্জের ভূমিহীনদের মধ্যে প্রথম পর্যায়ে ২৭ জনকে জমির দলিল প্রদান করেন। এরপর তাঁরা সেখানে ভূমিহীন হিসেবে বসবাস করে আসছেন।

মো. হাবিবুল ইসলাম বলেন, ঐতিহাসিক ওই আন্দোলন এবং ভূমিহীনদের স্মৃতি সংরক্ষণ করা প্রয়োজন। একই সঙ্গে ভূমিহীনদের অধিকার রক্ষার নামে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, প্রকৃত ভূমিহীনদের নাম ব্যবহার করে কেউ যাতে ব্যক্তিস্বার্থে কোনো অপতৎপরতা চালাতে না পারেন, সে বিষয়েও সতর্ক থাকা জরুরি। সাতক্ষীরায় এখনো অনেক প্রকৃত ভূমিহীন পরিবার রয়েছে। সরকারি খাসজমি থাকলে নিয়ম অনুযায়ী তাঁদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে দাবি জানানো হবে।

জেলা পরিষদের প্রশাসক বলেন, সরকারি জমি না থাকলে ইচ্ছা থাকা সত্ত্বেও পুনর্বাসন করা সম্ভব নয়। তবে প্রকৃত ভূমিহীন পরিবারগুলো যাতে দীর্ঘস্থায়ীভাবে সুন্দর জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত।

 

 

 

Ads small one

কয়রায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
কয়রায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থার (সাউস) আয়োজনে রোববার সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়। কয়রা উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী মুন্ডা রাজা গ্রিরেন্দ্রনাথ মুন্ডা। এতে স্বাগত বক্তব্য দেন সাউসের নির্বাহী পরিচালক বলাই কৃষ্ণ মুন্ডা।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত মুন্ডার পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, ইউপি সদস্য রেজাউল করিম, যুবদল নেতা আনারুল ডাবলু, আইসিডির মো. ফরহাদ হোসেন, আদিবাসী প্রতিনিধি অবিনাশ মুন্ডা, বিমল রাজবংশী, রতœা মুন্ডা, স্মৃতি মুন্ডা, সুশংকর মুন্ডা ও প্রদীপ মুন্ডা।
আলোচনা সভায় অংশগ্রহণকারী মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধিরা আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও জমি-জীবিকার অধিকার নিশ্চিত করার দাবি জানান।

বাঁশদহায় ইয়াবাসহ একজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
বাঁশদহায় ইয়াবাসহ একজন আটক

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের আইচপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ শফিকুল নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার দুপুরে আইচপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তল্লাশিকালে তাঁর বাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। উদ্ধার হওয়া ইয়াবার সুনির্দিষ্ট সংখ্যা জানানো না হলেও তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সাতক্ষীরায় চলছে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় চলছে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সংবাদদাতা: বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় শুরু হওয়া ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা জমে উঠেছে। জেলা সদরে আয়োজিত এ মেলা আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে।
মেলায় বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা নিয়ে প্রায় ৩৫টি স্টল অংশ নিয়েছে। তবে মেলায় দর্শনার্থী ও বেচাকেনা আশানুরূপ নয় বলে জানিয়েছেন নার্সারি মালিকেরা। ছুটির দিনগুলোতে বিক্রি বাড়বে বলে আশা করছেন তাঁরা।
এবারের মেলার অন্যতম আকর্ষণ ‘সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র, সাতক্ষীরা’-এর বিশেষ প্রদর্শনী স্টল। এতে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া ও লবণাক্ততা সহনশীল গাছের সামাজিক বনায়নের মডেল ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শনার্থীদের নজর কাড়ছে।