বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

ডিজিটাল সেবার আড়ালে সাধারণ মানুষের দুর্ভোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
ডিজিটাল সেবার আড়ালে সাধারণ মানুষের দুর্ভোগ
মিনাক্ষী শীল

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা অনলাইনে নিয়ে আসা হয়েছে। জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, জমির খতিয়ান, চাকরির আবেদন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ কাজ এখন অনলাইনে করা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, অনলাইনে সেবা চালু হলেও সাধারণ মানুষের ভোগান্তি কি সত্যিই কমেছে?

 

বাস্তবে দেখা যায়, অনেক ক্ষেত্রে অনলাইনে আবেদন করার পরও মানুষকে দিনের পর দিন অফিসে ঘুরতে হচ্ছে। কখনো সার্ভারের সমস্যা, কখনো তথ্যের ভুল, আবার কখনো প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় আটকে যাচ্ছে সেবা গ্রহণের প্রক্রিয়া। অনলাইনে আবেদন করেও সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বারবার যেতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।

 

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গ্রামের সাধারণ মানুষ, বয়স্ক ব্যক্তি, স্বল্পশিক্ষিত নাগরিক এবং প্রযুক্তি ব্যবহারে অনভিজ্ঞ ব্যক্তিরা। অনেকে অনলাইনে আবেদন করতে না পেরে কম্পিউটারের দোকানে অতিরিক্ত টাকা খরচ করছেন। এরপরও আবেদন সম্পন্ন হওয়ার নিশ্চয়তা থাকছে না।

 

ডিজিটাল সেবার মূল উদ্দেশ্য ছিল মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়া। অথচ অনলাইনে তথ্য জমা দেওয়ার পরও যদি অফলাইনে দীর্ঘ অপেক্ষা, দপ্তরে দপ্তরে ছোটাছুটি এবং অপ্রয়োজনীয় জটিলতার মুখোমুখি হতে হয়, তাহলে সেই ডিজিটাল ব্যবস্থার সুফল সাধারণ মানুষ কতটা পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

 

এ পরিস্থিতি পরিবর্তনে প্রয়োজন সহজ আবেদনপ্রক্রিয়া, নিরবচ্ছিন্ন সার্ভার, নির্ধারিত সময়ে সেবা প্রদান, অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা এবং প্রতিটি দপ্তরে তথ্যসহায়তা কেন্দ্র। পাশাপাশি অনলাইনে আবেদন করার পর সেবার অগ্রগতি জানার সুযোগ নিশ্চিত করতে হবে।

 

প্রযুক্তি মানুষের জীবন সহজ করার জন্য, ভোগান্তি বাড়ানোর জন্য নয়। তাই শুধু সেবা অনলাইনে চালু করলেই হবে না; সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে

 

তথ্য যদি অনলাইনে থাকে,তবে সেবা ও হতে হবে সহজলভ্য-মানুষের ভোগান্তি নয়,কমানেই হোক ডিজিটাল ব্যবস্হার মূল লক্ষ্য।

Ads small one

সবুজে সাজবে কলারোয়া, ৪০০ কাঠবাদাম গাছের চারা রোপণের উদ্যোগ তরুণ প্রকৌশলী চয়নের

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
সবুজে সাজবে কলারোয়া, ৪০০ কাঠবাদাম গাছের চারা রোপণের উদ্যোগ তরুণ প্রকৌশলী চয়নের
কলারোয়া প্রতিনিধি:  বজ্রপাত প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামীর প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য কলারোয়া গড়ে তোলার লক্ষ্যে ১০০ কিলোমিটার সড়কে তালবীজ রোপণের পর এবার ৪০০ কাঠবাদাম গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন তরুণ সিভিল প্রকৌশলী আসিফ ইকবাল চয়ন। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে স্থানীয় তরুণ ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় তিনি এ পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছেন।
বৃহস্পতিবার কলারোয়া উপজেলা পরিষদ চত্বর ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে ৫০টি কাঠবাদাম গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। উপজেলা পরিষদ চত্বরে নিজ হাতে কাঠবাদাম গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।
পরিকল্পনা অনুযায়ী, কলারোয়া উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলার ১ নম্বর জয়নগর, ২ নম্বর জালালাবাদ, ৩ নম্বর কয়লা, ১০ নম্বর কুশোডাঙ্গা, ১১ নম্বর দেয়াড়া ও ১২ নম্বর যুগিখালী ইউনিয়নের বিভিন্ন প্রধান বাজারে পর্যায়ক্রমে এসব কাঠবাদাম গাছের চারা রোপণ করা হবে। আগামী চার দিন এ কর্মসূচি চলার কথা রয়েছে।
রোপণ করা চারাগুলো যাতে গরু-ছাগলসহ গবাদিপশুর কারণে নষ্ট না হয়, সে জন্য প্রতিটি চারার চারপাশে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে চারাগুলোর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সেগুলোকে বেড়ে ওঠার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ ও ২০২৫ সালে কলারোয়া উপজেলার ১২ নম্বর যুগিখালী ইউনিয়নের প্রায় ১৪ কিলোমিটার সড়কের দুই পাশে তালবীজ রোপণ করেন আসিফ ইকবাল চয়ন। তাঁর রোপণ করা তালবীজের প্রায় ৭০ শতাংশ থেকে চারা গজিয়েছে। ওই উদ্যোগের ধারাবাহিকতায় আগামী ছয় বছরের মধ্যে উপজেলার বিভিন্ন প্রধান ও আঞ্চলিক সড়কের প্রায় ১০০ কিলোমিটারজুড়ে তালবীজ রোপণের পরিকল্পনাও রয়েছে তাঁর।
পরিবেশবান্ধব এসব উদ্যোগের মাধ্যমে সড়কের পাশে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-শ্যামল উপজেলা গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
আসিফ ইকবাল চয়ন বলেন, “একটি সবুজ ও সুন্দর কলারোয়া উপজেলা গড়ে তুলতে আসুন, আমরা সবাই একসঙ্গে হাত বাড়াই।”

আন্তর্জাতিক তুষার চিতাবাঘ দিবস

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক তুষার চিতাবাঘ দিবস

সাকিবুর রহমান বাবলা

২৩ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক তুষার চিতাবাঘ দিবস। এ দিবসের মূল উদ্দেশ্য হলো বিরল এই বন্যপ্রাণী সংরক্ষণ, এর প্রাকৃতিক আবাসস্থল রক্ষা এবং পাহাড়ি বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধি করা। তুষার চিতাবাঘ শুধু প্রকৃতির অপূর্ব সৃষ্টি নয়, এশিয়ার দুর্গম পাহাড়ি অঞ্চলের পরিবেশ সুস্থ রাখারও গুরুত্বপূর্ণ অংশ। এদের অস্তিত্ব বিপন্ন হওয়া মানে শুধু একটি প্রাণী হারিয়ে যাওয়া নয়, বরং প্রকৃতি ও জীববৈচিত্র্যের জন্যও বড় বিপদের সংকেত।

দিবসটির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশকেকের নাম। ২০১৩ সালের ২৩ অক্টোবর সেখানে প্রথম বৈশ্বিক তুষার চিতাবাঘ ফোরাম অনুষ্ঠিত হয়। তুষার চিতাবাঘের আবাসভুক্ত ১২টি দেশের প্রতিনিধিরা এ প্রাণী সংরক্ষণে ঐক্যবদ্ধ হয়ে বিশকেক ঘোষণা গ্রহণ করেন। এর প্রথম বার্ষিকী স্মরণে ২০১৪ সালের ২৩ অক্টোবর প্রথম আন্তর্জাতিক তুষার চিতাবাঘ দিবস পালিত হয়। পরে ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২৩ অক্টোবরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক তুষার চিতাবাঘ দিবস ঘোষণা করে।

বৈজ্ঞানিকভাবে তুষার চিতাবাঘের নাম প্যানথেরা আনসিয়া। সহজে দেখা যায় না বলে একে ‘পাহাড়ের ভূত’ বলা হয়। এরা মধ্য ও দক্ষিণ এশিয়ার উচ্চ পার্বত্য অঞ্চলের খাড়া, পাথুরে ও দুর্গম পরিবেশে বসবাস করে। সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজার মিটার উচ্চতার এলাকায় এদের বিচরণ দেখা যায়। আফগানিস্তান, ভুটান, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, নেপাল, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান-এই ১২টি দেশে এদের প্রাকৃতিক আবাসস্থল বিস্তৃত। এর মধ্যে চীনে এদের আবাসস্থলের উল্লেখযোগ্য অংশ রয়েছে।

বিশ্বে বন্য পরিবেশে তুষার চিতাবাঘের সংখ্যা আনুমানিক ৪ হাজার থেকে ৭ হাজারের মধ্যে বলে বিভিন্ন সংস্থা ধারণা করে। তবে দুর্গম আবাসস্থল, বিচরণক্ষেত্রের বিশালতা এবং সঠিক গণনার সীমাবদ্ধতার কারণে প্রকৃত সংখ্যা নির্ধারণ কঠিন। এ প্রজাতির কোনো স্বীকৃত পৃথক উপপ্রজাতি বর্তমানে প্রতিষ্ঠিত নয়। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইইউসিএনের লাল তালিকায় তুষার চিতাবাঘ ‘সংবেদনশীল’ শ্রেণিতে রয়েছে। অর্থাৎ প্রজাতিটি বন্য পরিবেশে বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে রয়েছে। ১৯৭৫ সাল থেকে এটি বন্য প্রাণী ও উদ্ভিদের বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কনভেনশন-সাইটিসের পরিশিষ্ট-১ এবং ১৯৮৬ সাল থেকে পরিযায়ী বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক কনভেনশনের পরিশিষ্ট-১-এ অন্তর্ভুক্ত।

তুষার চিতাবাঘ পাহাড়ি খাদ্যশৃঙ্খলের শীর্ষ শিকারি প্রাণী। এরা মূলত আইবেক্স, নীল ভেড়া ও অন্যান্য বুনো তৃণভোজী প্রাণী শিকার করে। এর মাধ্যমে শিকারযোগ্য প্রাণীর সংখ্যা ও চারণের চাপ নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। তুষার চিতাবাঘকে আমব্রেলা স্পিসিস বা ছাতাপ্রজাতি বলা হয়, কারণ এদের সংরক্ষণের জন্য বিস্তৃত প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করতে হয়। ফলে একই সঙ্গে অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর বাসস্থানও সুরক্ষিত হয়। এরা কীস্টোন স্পিসিস হিসেবেও গুরুত্বপূর্ণ। তবে এদের উপস্থিতি একাই কোনো অঞ্চলের পানির উৎস বা পরিবেশের সুস্থতার নিশ্চয়তা দেয় না; বরং অন্যান্য পরিবেশগত তথ্যের সঙ্গে মিলিয়ে এদের অবস্থা মূল্যায়ন করা হয়।

তুষার চিতাবাঘের অস্তিত্ব আজ নানা সংকটে বিপন্ন। জলবায়ু পরিবর্তনের ফলে হিমালয় ও আলতাইসহ বিভিন্ন পর্বতাঞ্চলের তাপমাত্রা বাড়ছে এবং প্রাকৃতিক আবাসস্থল বদলে যাচ্ছে। বনসীমা উঁচুতে উঠে যাওয়া, মানুষের বসতি বৃদ্ধি, খনি খনন ও সড়ক নির্মাণের কারণে তাদের বিচরণক্ষেত্র সংকুচিত ও খন্ডিত হচ্ছে। অতিরিক্ত পশুচারণ এবং বন্য প্রাণী শিকারের ফলে আইবেক্স ও নীল ভেড়ার মতো প্রধান খাদ্যের প্রাপ্যতাও কমছে। পাশাপাশি চামড়া, হাড় ও অন্যান্য অঙ্গের অবৈধ বাণিজ্যের জন্য চোরাশিকার এদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।

মানুষ ও বন্যপ্রাণীর দ্বন্দ্বও একটি বড় সমস্যা। প্রাকৃতিক শিকার কমে গেলে তুষার চিতাবাঘ কখনো কখনো লোকালয়ে এসে ছাগল, ভেড়া কিংবা ইয়াক শিকার করে। এতে ক্ষতিগ্রস্ত খামারি ও রাখালেরা প্রতিশোধ নিতে এদের হত্যা করতে পারেন। এ সমস্যা কমাতে গৃহপালিত পশুর নিরাপদ খোঁয়াড় নির্মাণ, ক্ষতিপূরণব্যবস্থা, বিকল্প জীবিকার সুযোগ এবং স্থানীয় জনগোষ্ঠীকে সংরক্ষণ কার্যক্রমে যুক্ত করা জরুরি। শুধু আইন করে নয়, পাহাড়ের মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে তুষার চিতাবাঘ রক্ষার উদ্যোগ নিতে হবে।

তুষার চিতাবাঘের আবাসভুক্ত দেশগুলো প্রজনন কর্মসূচি, জাতীয় কর্মপরিকল্পনা এবং আন্তসীমান্ত সহযোগিতার মাধ্যমে এ প্রজাতি রক্ষায় কাজ করছে। উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে বৈশ্বিক তুষার চিতাবাঘ ও বাস্তুতন্ত্র সুরক্ষা কর্মসূচি, রাশিয়ার তুষার চিতাবাঘ সংরক্ষণ কৌশল, নেপালের ২০২৪-২০৩০ সালের সংরক্ষণ কর্মপরিকল্পনা, ভুটানের ২০২৪–২০৩৪ সালের কর্মপরিকল্পনা এবং পাকিস্তানের তুষার চিতাবাঘ ও বাস্তুতন্ত্র সুরক্ষা কর্মসূচি। পশ্চিম তিয়েন শান ও পামির-আলাই অঞ্চলে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের সমরখন্দ প্রস্তাব জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন ও সংরক্ষণ কার্যক্রমকে আরও জোরদার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্যোগ।

তুষার চিতাবাঘ সংরক্ষণ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গেও সম্পর্কিত। বিশেষ করে লক্ষ্যমাত্রা-৬ বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, লক্ষ্যমাত্রা-১৩ জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং লক্ষ্যমাত্রা-১৫ স্থলজ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সংরক্ষণ অর্জনে পাহাড়ি পরিবেশ রক্ষা গুরুত্বপূর্ণ। পাহাড়কে এশিয়ার বহু মানুষের পানির ভান্ডার বলা হয়। এসব অঞ্চলের বন, তৃণভূমি, হিমবাহ ও নদীর স্বাভাবিক কার্যক্রম টিকিয়ে রাখতে সুস্থ বাস্তুতন্ত্র অপরিহার্য।

আন্তর্জাতিক তুষার চিতাবাঘ দিবসে ডব্লিউডব্লিউএফ, স্নো লেপার্ড ট্রাস্টসহ বিভিন্ন সংস্থা সচেতনতামূলক প্রচার, গবেষণা, সংরক্ষণ তহবিল সংগ্রহ ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করেও সচেতনতা ছড়ানো যায়। তবে দিবসটি পালনের সার্থকতা শুধু প্রচারে সীমাবদ্ধ নয়; অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য বন্ধ, আবাসস্থল সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পাহাড়ের মানুষের সঙ্গে সহযোগিতা বাড়ানোর মধ্যেই এর প্রকৃত তাৎপর্য। তুষার চিতাবাঘ বাঁচলে পাহাড়ি প্রকৃতির অসংখ্য প্রাণ ও উদ্ভিদ রক্ষার সুযোগ বাড়বে। তাই আসুন, তুষার চিতাবাঘের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রকৃতির প্রতি দায়িত্বশীল হই।

 

 

 

 

দ্রুত বিচার, দুর্নীতিমুক্ত আদালত: সাতক্ষীরার মানুষের প্রত্যাশা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
দ্রুত বিচার, দুর্নীতিমুক্ত আদালত: সাতক্ষীরার মানুষের প্রত্যাশা

‎গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

‎সাতক্ষীরা জেলা জজ কোর্ট ও ম্যাজিস্ট্রেট আদালতের সাম্প্রতিক মামলার পরিসংখ্যান যেকোনো সচেতন নাগরিককে ভাবিয়ে তোলার জন্য যথেষ্ট। জেলাজুড়ে বর্তমানে মোট বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৭৫ হাজার থেকে ৭৭ হাজার। একটি সীমান্তবর্তী জেলায় মামলার এই বিশাল সংখ্যা শুধু বিচারব্যবস্থার ওপর অতিরিক্ত চাপই তৈরি করছে না, বরং হাজার হাজার সাধারণ মানুষের জীবনকে করে তুলছে স্থবির।

‎মামলার এই বিভাজন বিশ্লেষণ করলে পরিস্থিতি আরও স্পষ্ট হয়। জেলা জজের আওতাধীন আদালতে (দেওয়ানি ও ফৌজদারি) বিচারাধীন রয়েছে প্রায় ৬৩ হাজার-এর বেশি মামলা। এর মধ্যে দেওয়ানি মোকদ্দমার সংখ্যা সবচেয়ে বেশি-প্রায় ২৪ হাজার ৮৯৩টি। বছরের পর বছর ধরে চলা ভূমিসংক্রান্ত বিরোধ এবং পারিবারিক ও সম্পত্তিসংক্রান্ত জটিলতাও এ পরিস্থিতির অন্যতম কারণ। এর বাইরে ফৌজদারি মামলা রয়েছে ১৩ হাজার ২৮৭টি এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আটকে আছে ৭ হাজার ২৩৬টি মামলা। অন্যদিকে, ম্যাজিস্ট্রেট আদালতে (আমলি ও বিচারিক) মামলার সংখ্যা প্রায় ১৩ হাজার ৮১০টি।

‎এই পরিসংখ্যানের পেছনের গল্পটি বেশ বেদনাদায়ক। একটি মামলার পেছনে বছরের পর বছর ঘুরতে গিয়ে সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ আজ নিঃস্ব। জমিজমার বিরোধ কিংবা ফৌজদারি অপরাধের সুরাহা পেতে দিনের পর দিন আদালতের বারান্দায় জুতো ক্ষয় করছেন বিচারপ্রার্থীরা। মামলা পরিচালনার খরচ, যাতায়াত ব্যয় এবং বারবার আদালতে হাজির হওয়ার কারণে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ছে।

‎এর মধ্যে আদালতকেন্দ্রিক ঘুষ-বাণিজ্য ও অনিয়মের অভিযোগ বিচারপ্রার্থীদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। বিশেষ করে নিঃস্ব, দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের অনিয়ম ন্যায়বিচার পাওয়ার পথকে আরও কঠিন করে তুলেছে। ঘুষ-বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, স্বচ্ছতা নিশ্চিত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। ‎সময়মতো বিচার না পাওয়া বিচার বিভাগের প্রতি মানুষের আস্তা হারাচ্ছে।

‎এই পরিস্থিতি থেকে উত্তরণে মামলাজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। বিচারকের শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, আদালতের অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলাগুলো অগ্রাধিকারভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সাক্ষীদের সময়মতো হাজির করা, তদন্তে অযথা বিলম্ব কমানো এবং অপ্রয়োজনীয় মুলতবি এড়ানোর বিষয়ে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। দেওয়ানি বিরোধের ক্ষেত্রে আইনসম্মত মধ্যস্থতার সুযোগ কাজে লাগানো গেলে কিছু মামলার দ্রুত নিষ্পত্তিও সম্ভব।

‎সাতক্ষীরার মামলাজট শুধু আদালতের সমস্যা নয়; এটি হাজারো বিচারপ্রার্থীর জীবন, সময় ও অর্থের সঙ্গে জড়িত। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত, স্বচ্ছ ও ন্যায়সংগত বিচার নিশ্চিত করা। আদালতের দীর্ঘ বারান্দায় বছরের পর বছর অপেক্ষা করা মানুষের দীর্ঘশ্বাস যেন ন্যায়বিচার পাওয়ার স্বস্তিতে রূপ নেয় এটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
লেখক: গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সমাজকর্মী ও উদ্যোক্তা।