ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা রাহা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় (৪৭) এবং একই গ্রামের সুবল সরকারের মেয়ে হান্না সরকার (৪৪)। আহত তরুণীর নাম তমা রাহা।
ঘটনাস্থল ও হাসপাতাল সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা বগুড়া-জ-১১-০০৩৮ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সাতক্ষীরা-হ-১৮-২৫০৩ নম্বরের একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হান্না সরকারকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তমা রাহাকে বাসটি ধাক্কা দিলে তিনি আহত হন।









