তালায় ইয়াবাসহ যুবক আটক, পাঠানো হলো কারাগারে
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার আগোলঝাড়া গ্রামে ৫০ পিস ইয়াবাসহ হাফিজুল গাজী (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক হাফিজুল আশাশুনি উপজেলার ফোকরাবাদ গ্রামের লতিফ গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তালা সদরের আগোলঝাড়া গ্রামে হাফিজুল গাজী নামের ওই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এতে স্থানীয় গ্রামবাসীদের মনে সন্দেহ হলে তাঁরা তাঁকে আটকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। খবর পেয়ে তালা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে নিজেদের হেফাজতে নেয়।
তালা থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৬, তারিখ-১১ জুন ২০২৬)। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।









