মহিষকুড়-শীতলপুর সড়ক পাকাকরণের দাবি স্থানীয়দের
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ওয়াপদা থেকে শীতলপুর হয়ে ইউনিয়ন পরিষদগামী চার কিলোমিটার কাঁচা সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদা ও পানি জমে থাকায় রোগী পরিবহন ও কৃষিপণ্য বাজারজাতকরণে চরম ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা জানান, সড়কটিতে একাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদ রয়েছে। দীর্ঘদিনের জনভোগান্তি নিরসনে দ্রুত সড়কটি পাকা করার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।









