আশাশুনির শীতলপুর প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ, হেলে পড়েছে পিলার
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ১৬ নম্বর শীতলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি সংস্কারের অভাবে অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের একটি পিলার বসে যাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দুর্ঘটনা আতঙ্ক তৈরি হয়েছে।
১৯৫২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিতে বর্তমানে ১১০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। দীর্ঘ ১২ বছর আগে তৈরি হওয়া তিনতলা ভবনটির দক্ষিণ-পশ্চিম পাশের একটি পিলার নিচে দেবে গেছে। ফলে দরজা-জানালা বেঁকে গিয়ে সঠিকভাবে লাগানো যাচ্ছে না। পাশাপাশি দেয়ালের পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ভবনটির দেয়ালে বড় ফাটল ধরেছে এবং আয়রন রডসহ স্টিলের অংশগুলোতে মরিচা ধরেছে। দ্রুত সংস্কার না করা হলে ঝুঁকি থেকেই যাচ্ছে।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ঝয়কার ঢালী জানান, বিদ্যালয়টি জরাজীর্ণ হিসেবে তালিকাভুক্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আগেই তথ্য পাঠানো হয়েছে। পিলার বসে যাওয়ার বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









