যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা কোনো সাময়িক প্রাকৃতিক বিপর্যয় নয়; এটি কয়েক দশকের পুঞ্জীভূত সংকট, যা এখানকার মানুষের জীবন-জীবিকা, কৃষি ও বসতিকে প্রায় অচল করে তুলেছে। সাম্প্রতিক পর্যালোচনা সভায় সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের বক্তব্যে দ্রুততম সময়ে এই সমস্যার সমাধানের যে আশ্বাস দেওয়া হয়েছে, তা ভবদহবাসীর দীর্ঘদিনের বঞ্চনার প্রেক্ষাপটে নিঃসন্দেহে ইতিবাচক। তবে অতীতের নানা প্রকল্প ও আশ্বাসের অভিজ্ঞতায় সাধারণ মানুষ এখন কেবল কথার চেয়ে বাস্তব ও টেকসই পদক্ষেপ দেখতে চান।
স্বল্পমেয়াদি পরিকল্পনায় আগামী এক থেকে দুই বছরের মধ্যে পুরো অঞ্চলকে চাষাবাদের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভবদহের উর্বর মাটি দ্রুত কৃষিকাজে ফেরাতে পারলে স্থানীয় অর্থনীতিতে স্বস্তি ফিরবে, এটি বাস্তব। এ জন্য নদী ও খাল খনন এবং স্লুইসগেট ব্যবস্থাপনার যথাযথ সমন্বয় জরুরি। পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮১ কিলোমিটার নদী খননের কাজ শেষ পর্যায়ে থাকার এবং আমডাঙ্গা খাল খনন ও প্রশস্তকরণের অগ্রগতির কথা জানানো হয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোয়ারাধার বা টিআরএম চালুর বিষয়টি বিবেচনায় রাখার পাশাপাশি পদ্মা ব্যারাজের মতো বৃহৎ অবকাঠামোর সম্ভাবনার কথাও উঠে এসেছে।
কিন্তু ভবদহ সংকটের মূল জায়গা হলো পলি ব্যবস্থাপনা ও স্বাভাবিক জোয়ার-ভাটার প্রবাহ বজায় রাখা। অতীতে নানা সময় খননকাজ হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে অল্প দিনেই নদী ও খাল ভরাট হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। আবার টিআরএম বা অন্য কোনো উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় মানুষের আস্থা, ক্ষতিপূরণ ও বাস্তবসম্মত পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ এবং ভুক্তভোগী এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, মাঠপর্যায়ে তার প্রতিফলন থাকা আবশ্যক।
সরেজমিনে ভবদহের পরিস্থিতি পরিদর্শন এবং একাধিক মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের যে বার্তা দেওয়া হয়েছে, তা ধরে রাখতে হবে। জলাবদ্ধতা নিরসনে খাতওয়ারি দায়িত্ব বণ্টন, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে তবেই ভবদহবাসীর দুর্ভোগ লাঘব হবে। দ্রুততম সময়ের প্রতিশ্রুতি যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব পরিবর্তনের মাধ্যমে ভবদহের মানুষের স্বাভাবিক জীবন ও কৃষি ফিরিয়ে আনেÑএটাই সবার প্রত্যাশা।