তালায় তরুণদের মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ
তালা প্রতিনিধি: তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জরুরি পরিস্থিতিতে মানসিকভাবে পাশে দাঁড়ানোর দক্ষতা বাড়াতে তালায় এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রীনম্যান’-এর প্রধান কার্যালয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইউনেস্কো এবং সেভেন্টিনের সহযোগিতায় গ্রীনম্যান ও মাইন্ডি যৌথভাবে “যতœ নিতে, সহায়তা করতে এবং সাড়া দিতে তরুণদের দক্ষতায় ক্ষমতায়ন” শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে। এতে স্থানীয় ২৫ জন তরুণ-তরুণী অংশ নেন।
প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষক মরিয়ম বিনতে হাসান ফারিন। তিনি অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, সহপাঠী ও সমাজের অন্য সদস্যদের প্রয়োজনে প্রাথমিক মানসিক সহায়তা প্রদান এবং যেকোনো সংকটময় পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার এবং মাইন্ডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেহানুজ জামান। রেহানুজ জামান বলেন, “সাতক্ষীরার তরুণদের মেধা ও দক্ষতা উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করছি। সবাই একসঙ্গে কাজ করলে তরুণদের হাত ধরে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন সম্ভব।” অনুষ্ঠানে দুই সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








