তালা প্রেসক্লাবের উদ্যোগে বিনামূল্যে চারা বিতরণ
তালা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সাতক্ষীরার তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বন বিভাগের সার্বিক সহযোগিতায় গত ২৪ জুন দুপুরে প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে তালা প্রেসক্লাবের সদস্য এবং স্থানীয় সাধারণ পথচারীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী রেখে যেতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এই পরিবেশবান্ধব উদ্যোগকে সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে গাছ লাগানোর আহ্বান জানান তাঁরা।
চারা বিতরণকালে তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহিন, সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েলসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক, সিনিয়র সহসভাপতি গাজী জাহিদুর রহমানসহ কার্যনির্বাহী ও সাধারণ কমিটির সদস্যরা এই সবুজায়ন কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।








