তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ৮০টি বাইসাইকেল বিতরণ করেছে জেলা পরিষদ। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান হাবিবুল ইসলাম হাবিব। একই সঙ্গে তিনি মোবাইল ফোনের অপব্যবহার, অনলাইন জুয়া ও মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুধাংশ সরকার।
অনুষ্ঠানে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান খান এবং কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
বাইসাইকেল পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, জালালপুর মাধ্যমিক বিদ্যালয়, এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়, সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের এ উদ্যোগ শিক্ষার্থীদের যাতায়াত সহজ করার পাশাপাশি লেখাপড়ায় উৎসাহ জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।












