তালায় মেয়ের মৃত্যুর তদন্ত ও ন্যায়বিচার দাবি বাবার, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
সংবাদদাতা: সাতক্ষীরার তালায় কলেজছাত্রী মেয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন বাবা মো. লিটন শেখ। একই সঙ্গে মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও অভিযোগ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন লিটন শেখ।
সোমবার (১৬ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন উপজেলার ধুলান্ডা গ্রামের বাসিন্দা ও ক্ষুদ্র হোটেল ব্যবসায়ী লিটন শেখ।
লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর মেয়ে নীলা আক্তার তালার মাগুরা আইডিয়াল মহিলা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। গত ২ অক্টোবর প্রতিবেশী আমজাদ শেখ, রকি শেখ, ইমরান শেখ, আকবর শেখ ও আব্দুল শেখসহ কয়েকজনের সঙ্গে তাঁদের বিরোধের ঘটনা ঘটে। এ সময় তাঁকে, তাঁর স্ত্রী ও মেয়েকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও মামলা রেকর্ড করা হয়নি বলে দাবি তাঁর।
লিটন শেখ জানান, ঘটনার তিন দিন পর ৫ অক্টোবর বিকেলে তাঁর স্ত্রী বাড়ি ফিরে ঘরের মধ্যে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
লিটনের অভিযোগ, মেয়েকে জীবিত থাকাকালে কয়েকজন অভিযুক্ত বিভিন্ন সময় অশালীন মন্তব্য ও কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। এর প্রতিবাদ করায় তাঁকেও পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হতো। মেয়ের মৃত্যুর সঙ্গে আগের বিরোধ, নির্যাতন ও হুমকির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে আসার পর গত প্রায় এক সপ্তাহ ধরে তাঁদের বাড়ির পাশ দিয়ে ঘেরে যাওয়ার সময় হাতে দা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
মেয়ের ময়নাতদন্ত প্রতিবেদন নিয়েও প্রশ্ন তোলেন লিটন শেখ। তাঁর দাবি, মৃত্যুর আগে মেয়েকে মারধর করা হয়েছিল এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্ত প্রতিবেদনে এসব বিষয় যথাযথভাবে উঠে এসেছে কি না, তা পুনরায় পর্যালোচনার দাবি জানান তিনি। এ ছাড়া মামলার কয়েকজন আসামি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বলেও আশঙ্কা প্রকাশ করেন।
লিটন শেখ বলেন, ‘আমি আমার মেয়েকে আর ফিরে পাব না। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার আমার রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে তালা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান বলেন, ঘটনাটি সঠিকভাবে তদন্ত করা হবে। পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগটিও তদন্ত করে দেখা হবে।












