শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

তালার খলিষখালীতে পান চুরির পর ২০ দিন অতিবাহিত, অভিযুক্তরা এখনো অধরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
তালার খলিষখালীতে পান চুরির পর ২০ দিন অতিবাহিত, অভিযুক্তরা এখনো অধরা

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: সাতক্ষীরা তালার খলিষখালী ইউনিয়ন এর পালপাড়া গ্রামে গত ২০ দিন আগে অসিত কুমার পাল এর ৩ বিঘা জমিতে পানের বরজ থেকে পান চুরি হয়। এ ঘটনায় বরজের মালিক অসিত কুমার পাল গত ১৫ এপ্রিল তারিখে দুধলী গ্রামের ইমদাদুল হক মিয়ার ছেলে সেলিম মিয়া ও একই গ্রামের আবুল সরদারের ছেলে হেলাল উদ্দিনকে আসামী করে খলিষখালী পুলিশ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সেলিম সরদারের বাড়ি থেকে চোরাই পান উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। উদ্ধারকৃত পানের আনুমানিক মুল্য ৪০ হাজার টাকা। পান উদ্ধার হলেও অভিযুক্তরা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।

পানের বরজের মালিক অসিত কুমার পাল জানান, গত ১৪ এপ্রিল ২৬ তারিখে রাতের আধারে আমার পানের বরজ থেকে সেলিম মিয়া ও হেলাল উদ্দিন পান চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য ৪০ হাজার টাকা। তিনি আরে জানান, এ ঘটনার প্রায় ২০ দিন অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্তদের আটক করতে পারেনি। উল্টো অভিযুক্তরা তাকে অভিযোগ তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছে। যার কারনে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন।

 

অসিত কুমার পাল এব্যাপারে জেলা পুলিশ সুপারের কাছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Ads small one

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে ইমান আলী মোড়ল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গজালিয়া গ্রামের জীবা মোড়লের ছেলে।

শনিবার বেলা ১১ টার দিকে কৈয়া সিটিবুনিয়ায় অবস্থিত ইকবাল কাগজীর ঘেরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
ঘের মালিক ইকবাল কাগজী জানান, ঘেরে জাল দিয়ে মাছ ধরার সময় পা পিচলে পড়ে যাওয়ার সময় একটি বাঁশের খুঁটি আকড়ে ধরে। বাঁশের সাথে বিদ্যুতের তার ঝুলানো ছিলো। ওই তার ছিড়ে গেলে তিনি পানিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

এসময় তাকে দ্রুত পাইকগাছা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান। পরিবারের লোকেরা লাশটি নিজ বাড়িতে নিয়ে গেছে।

থানা অফিসার ইনচার্জ (অপারেশন) জানান, বিষয়টি এখন জানতে পারিনি। তবে খোঁজ খবর নিয়ে তারপর আইনগতভাবে যা যা করা প্রয়োজন তা করা হবে।

 

 

কেশবপুরে এক গাঁজা সেবনের অভিযোগে যুবকের এক মাসের কারাদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
কেশবপুরে এক গাঁজা সেবনের অভিযোগে যুবকের এক মাসের কারাদন্ড

কেশবপুর পৌর প্রতিনিধি: যশোরের কেশবপুর প্রকাশ্য গাঁজা সেবন করার অপরাধে আনিছুর রহমান (৪৫) কে একমাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।

 

কারাদন্ডপ্রাপ্ত আনিছুর হলেন কেশবপুর উপজেলার হদ গ্রামের মৃত মতলেব বিশ্বাসের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের হদ গ্রামের একটি রাস্তার উপরে দাড়িয়ে প্রকাশ্য গাঁজা সেবন করার অপরাধে আনিছুর রহমান (৪৫) কে মাদকদ্রব্য নিয়ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় এক মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী আটক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৯ মে ২০২৬) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন ওসি (তদন্ত) রেজাউল ইসলাম, এসআই আকিজুর রহমান, এএসআই ইব্রাহীম খলিল, এএসআই হান্নান মিয়া, এএসআই ইমাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

অভিযান চলাকালে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ জন আসামীকে দেবহাটা থানার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- বসন্তপুর এলাকার আলামিন শেখ, পারুল খাতুন এবং বহেরা গ্রামের আলমগীর (৩৯), সালমা পারভীন (৩৩), আনোয়ারা খাতুন (৫৩) ও মোমেনা খাতুন (৩৬)।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরে শনিবার সকালে যথাযথ পুলিশ প্রহরায় তাদেরকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও জানান, অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় দেবহাটা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।