দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী আটক
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৯ মে ২০২৬) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন ওসি (তদন্ত) রেজাউল ইসলাম, এসআই আকিজুর রহমান, এএসআই ইব্রাহীম খলিল, এএসআই হান্নান মিয়া, এএসআই ইমাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
অভিযান চলাকালে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ জন আসামীকে দেবহাটা থানার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- বসন্তপুর এলাকার আলামিন শেখ, পারুল খাতুন এবং বহেরা গ্রামের আলমগীর (৩৯), সালমা পারভীন (৩৩), আনোয়ারা খাতুন (৫৩) ও মোমেনা খাতুন (৩৬)।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরে শনিবার সকালে যথাযথ পুলিশ প্রহরায় তাদেরকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও জানান, অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় দেবহাটা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।









