রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

তালা শিক্ষক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী সজীবুদ্দৌলার বিরামহীন গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
তালা শিক্ষক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী সজীবুদ্দৌলার বিরামহীন গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী আমেজ। শিক্ষক সমাজের অন্যতম এই সংগঠনের নেতৃত্ব নির্বাচন ঘিরে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলছে ব্যাপক আলোচনা, মতবিনিময় ও প্রচার-প্রচারণা। আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমেছেন। শিক্ষক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চাইছেন তারা।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ তিনটি পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে দু’জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে উপজেলার প্রায় ৮০০ জন শিক্ষক প্রতিনিধি ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। আগামী ১৬ মে তালা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম এবং কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার। সাধারণ সম্পাদক পদে রয়েছেন কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদায়ী সাধারণ সম্পাদক সজীবুদ্দৌলা এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খলিশখালী মাগুরা কে এম এস সি কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার দাশ এবং ফলেয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ কবির। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন তারা। ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শিক্ষকদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার করছেন প্রার্থীরা।

সাধারণ সম্পাদক প্রার্থী সজীবুদ্দৌলা বলেন, গত মেয়াদে শিক্ষকদের স্বার্থ রক্ষায় কাজ করেছি। অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে এবং শিক্ষক সমাজের কল্যাণে ধারাবাহিকতা বজায় রাখতে আবারও সবার সমর্থন চাইছি।

নির্বাচিত হলে শিক্ষক সমাজের দাবি-দাওয়া বাস্তবায়ন এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষক সমাজের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি। এদিকে নির্বাচনকে ঘিরে সাধারণ শিক্ষকদের মাঝেও নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

বিদ্যালয়ের শিক্ষক কক্ষ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই নির্বাচন। এখন দেখার বিষয়, আগামী ১৬ মে শিক্ষক সমাজের নেতৃত্ব কার হাতে তুলে দেন ভোটাররা।

 

 

Ads small one

ব্লাড ক্যান্সারে আক্রান্ত কয়রার শাহিন গাজী, টাকার অভাবে থমকে গেছে চিকিৎসা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
ব্লাড ক্যান্সারে আক্রান্ত কয়রার শাহিন গাজী, টাকার অভাবে থমকে গেছে চিকিৎসা

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের দশবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. শাহিন গাজী (৩৫) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। অর্থাভাবে তার চিকিৎসা ব্যাহত হওয়ায় অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন গাজী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার পরিবারে রয়েছে সাত বছর বয়সী এক ছেলে ও তিন বছর বয়সী এক মেয়ে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত জুন মাসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন থাকলেও প্রয়োজনীয় অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

পরিবার সূত্রে জানা গেছে, শাহিনের নিজস্ব কোনো জমি বা বসতভিটা নেই। তিনি পরিবারের সদস্যদের নিয়ে নানার বাড়িতে বসবাস করেন। সীমিত আয়ের এই পরিবারটি বর্তমানে চিকিৎসার ব্যয় বহন করতে সম্পূর্ণভাবে অক্ষম।

শাহিনের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কখনো ভাবিনি আমার ছেলের এমন মরণব্যাধি হবে। আমার কিছুই নেই, কীভাবে ছেলেকে বাঁচাব, কীভাবে চিকিৎসা করাব বুঝতে পারছি না। তার ছোট দুটি সন্তান রয়েছে, তাদের ভবিষ্যৎ নিয়েও খুব চিন্তায় আছি।”

স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা না হলে শাহিনের জীবন আরও ঝুঁকির মুখে পড়তে পারে। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শাহিন গাজী, বিকাশ/নগদ (পার্সোনাল): ০১৯৭১-৪১৯৮০৭

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালাল দুই ভারতীয়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালাল দুই ভারতীয়

ফাইল ছবি

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল চলাকালে দুই ভারতীয় চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে বাহিনীটি।

আজ রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সীমান্তের মেইন পিলার-১৩-সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখতে পান টহল সদস্যরা। তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণ করতে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করেন।

এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন এবং নিরাপত্তার স্বার্থে ও গতিরোধের উদ্দেশে গুলি ছোড়েন। পরে ওই দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করা যায়নি। বাহিনীটির দাবি, গুলির ঘটনায় কেউ আহত হননি।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান উক্ত তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
দেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামে সাহানারা বেগম (৩৮) নামের এক নারী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেবহাটা থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। মামলা নাম্বার ১৪।

নিহত ওই নারী সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রামের মৃত জাহিদ হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতের কোনো এক সময় ওই নারী নিজ বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সোমবার দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে তাঁর স্বামী মরহুম জাহিদ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সংসারের স্বচ্ছলতা ফেরাতে তিনি বিদেশে যান। সম্প্রতি দেশে ফিরে আসেন ওই নারী। তবে কী কারণে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কোনো কারণ জানাতে পারেননি।

এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”