দক্ষিণ কামার বায়সায় রাধা গোবিন্দ মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের দক্ষিণ কামার বায়সা এলাকায় সংসদ সদস্যের টিআর বরাদ্দের অর্থায়নে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে এ কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী, মন্দিরের সভাপতি সুকুমার মণ্ডল, সাধারণ সম্পাদকসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় মাওলানা রমজান আলী বলেন, জনগণের অধিকার যথাযথভাবে তাঁদের কাছে পৌঁছে দিতে কাজ করবেন। তিনি দুর্নীতিমুক্ত উন্নয়ন কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এলাকার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।






